রাজধানীর রায়েরবাজারে এক স্কুলছাত্রীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ বিষয়ে বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি জানান, গতকাল বুধবার রাত ১০টার দিকে রায়েরবাজার এলাকায় শাহরিয়ার শারমিন বিন্তি নামে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে নিজ বাসার সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ড দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সামাজিক নিরাপত্তাহীনতার বহিঃপ্রকাশ। এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড কোনোভাবেই সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। আমি এই হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরও বলেন, একটি পরিবারের আদরের সন্তানকে এভাবে হারানোর বেদনা ভাষায় প্রকাশের মতো নয়। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং মহান আল্লাহর কাছে নিহত শিক্ষার্থীর রূহের মাগফিরাত কামনা করছি।
এ্যাডভোকেট জুবায়ের অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
তিনি বলেন, দেশের শিক্ষার্থী ও নারীদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সমাজে অরাজকতা তৈরি হবে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে। তাই অপরাধ দমনে সরকারকে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।