জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ‘একুশে পদক ২০২৬’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের পদকপ্রাপ্তদের হাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা তুলে দেওয়া হয়।
এ বছর সংগীতে বিশেষ অবদানের জন্য প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুকে মরণোত্তর একুশে পদকে ভূষিত করা হয়। তার হয়ে মর্যাদাপূর্ণ পদক ও সম্মাননা গ্রহণ করেন স্ত্রী ফেরদৌস আখতার চন্দনা।
পদক গ্রহণের পর আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এটা শুধু আইয়ুব বাচ্চুর শিল্পী হিসেবে সম্মাননা নয়, এটা বাংলা ব্যান্ড সংগীতের ও সঙ্গীতের রাষ্ট্রীয় স্বীকৃতি।’
অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে আইয়ুব বাচ্চু (মরণোত্তর), নৃত্যে অর্থী আহমেদ এবং পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই সম্মাননা পদক দেওয়া হয়।
এছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার জস এবং সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মনিরুল আলম টিপু এই পুরস্কার গ্রহণ করেন।