Image description

সারোয়ার তুষার রাজনীতিবিদ, লেখক ও সংগঠক। তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ, ভারতের ভূমিকা এবং গণঅভ্যুত্থান-পরবর্তী আওয়ামী লীগের রাজনীতি বিষয়ে ঢাকা স্ট্রিমের সঙ্গে কথা বলেছেন তিনি।

স্ট্রিম: সারোয়ার তুষার, কেমন আছেন?

সারোয়ার তুষার: জি, ভালো আছি।

 

স্ট্রিম: গতকাল প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের চার সদস্যের প্রতিনিধির একটি বৈঠক হলো। বৈঠকটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন?

সারোয়ার তুষার: আপনাকে ধন্যবাদ। বৈঠকটাকে আমি অবশ্যই ইতিবাচকভাবে দেখি। ফ্যাসিবাদের সময়ে শেখ হাসিনার সাথে আমরা একধরনের ‘পয়েন্ট অব নো রিটার্নে’ ছিলাম। জুলাইয়ের ম্যাসাকারের সময় তিনি ছাত্র সমন্বয়কদের সাথে বসতে চেয়েছিলেন, কিন্তু তারা রাজি হয়নি, এবং হওয়াটা উচিতও ছিল না। কিন্তু এখন একটি নতুন সরকার এসেছে। বিভিন্ন বিষয়ে আমাদের দ্বিমত থাকবে, সেগুলো নিয়ে কথা বলাটা খুবই ডেমোক্রেটিক চর্চা। কথা বলার পরিবেশ না থাকলে দেশ খারাপ দিকে যায়, মানুষ হতাশ হয়। বিবদমান দলগুলোর একসাথে বসার চর্চা থাকলে, সবগুলোতে আশানুরূপ ফলাফল না এলেও মানুষের কাছে একটি পজিটিভ বার্তা যায়।

দেশের ভবিষ্যৎ যেহেতু অনেকাংশেই রাজনীতিবিদদের ওপর নির্ভর করে, মানুষ চায় রাজনীতিবিদরা দেশকে সঠিক ডিরেকশনে নিয়ে যাক। বর্তমানে বাংলাদেশ একটি ভয়ংকর সংকটের মধ্যে পড়েছে। ক্রস-বর্ডার যে হুমকি বা হুংকারগুলো দেওয়া হচ্ছে, তারা যদি সফল হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠবে। ফলে রাজনৈতিক দলগুলো কী ভাবছে, তা নিয়ে মানুষের উদ্বেগ থাকাটা স্বাভাবিক।

 

স্ট্রিম: তাদের পরিকল্পনা বলতে আপনি কি আওয়ামী লীগকে বোঝাচ্ছেন? আওয়ামী লীগের কী পরিকল্পনা বলে আপনার মনে হয়?

সারোয়ার তুষার: হ্যাঁ, সে কারণেই এই বৈঠকটা ইম্পর্টেন্ট। গতকাল বৈঠকে আমরা সরকারকে আমাদের বক্তব্যগুলো বলেছি, সরকারের বক্তব্যও শুনেছি। কিছু জায়গায় মনে হয়েছে আমরা একমত, আর কিছু জায়গায় মনে হয়েছে দূরত্বটা আগের জায়গাতেই আছে। স্পেশালি সংস্কারের ব্যাপারটাতে সরকার তার জায়গাতেই আছে, আর আমরা গণভোটের রায়ের বাস্তবায়ন চাচ্ছি। ফলে এই বিষয়ে এখনো ঐক্যমত্যে আসা যায়নি। তবুও আমি মনে করি এই বৈঠকটার গুরুত্ব আছে।

আর আওয়ামী লীগের পরিকল্পনার কথা যেটা বললেন, এটা শুধু আওয়ামী লীগের পরিকল্পনা মনে করার কোনো কারণ নেই। আওয়ামী লীগকে আমরা ৫ আগস্ট পরাজিত করেছি। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা ভারতেরই ইন্ধন। ভারত এখানে দুই ধরনের নীতি অবলম্বন করছে। ফরমাল চ্যানেলে তারা ডিপ্লোম্যাটিক ভাবে বলছে— আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক রিস্টোর করতে চাই, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টি আইনি প্রক্রিয়ায় হবে। তখন মনে হয় ইন্ডিয়া নতুন পরিস্থিতি মেনে নিয়েছে। কিন্তু অন্যদিকে, তারা প্রেস ক্লাবে আওয়ামী লীগকে দিয়ে সংবাদ সম্মেলন করাচ্ছে। আবার গত পরশুদিন যশোর সীমান্তে তাদের চারজন পলাতক নেতা পরিদর্শন করতে এসেছেন। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারা এই পর্যন্ত আসতে পারে না। দ্বিতীয়ত, তাদের একজন বিধায়ক একটি হিন্দুত্ববাদী সংগঠনকে নিয়ে সমাবেশ করে অত্যন্ত অ্যালার্মিং বক্তব্য দিয়েছেন। বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হচ্ছে— এমন মিথ্যা কথার ওপর ভিত্তি করে তারা কন্টিনিউয়াসলি প্রোপাগান্ডা ছড়াচ্ছে। ভারতের পত্রপত্রিকায় এমনকি ‘হিন্দু জেনোসাইড’ কথাটাও ব্যবহার করা হয়েছে। একটি মিথ্যা ক্লেইমের ওপর ভিত্তি করে তারা মবিলাইজেশন করছে, যেখানে যুক্তি বা ফ্যাক্টের কোনো জায়গা নেই।

 

স্ট্রিম: গণঅভ্যুত্থানের পক্ষশক্তি হিসেবে এগুলোকে আপনারা কতখানি নাকচ করতে পেরেছেন বলে মনে করেন?

সারোয়ার তুষার: তাদের এই প্রোপাগান্ডাটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলের। তারা হয়তো এতে মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে। আর আমাদের তরফ থেকে কাউন্টার দেওয়াটা খুবই দুর্বল। ব্যক্তি হিসেবে কেউ কিছু বললে বা কলাম লিখলে এটা ডিল করা যাবে না। এটা সরকারি পর্যায় থেকে সুসংগঠিতভাবে হতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু খুঁজতে হবে, ভালো মিডিয়াগুলোতে আমাদের বক্তব্য পৌঁছাতে হবে। এখানে আমাদের বড় ধরণের ঘাটতি আছে।

তবে ইন্টেরিম সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওয়ার্ল্ড এক্সপোজারের কারণে এবং তিনি ইন্টারন্যাশনাল মিডিয়ার প্রতি ওপেন থাকায় কিছু সুবিধা হয়েছে। তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ মিডিয়ায় কথা বলেছেন, খোলামেলা ইন্টারভিউ দিয়েছেন, যার কারণে তারা একটি সঠিক ধারণা পেয়েছিল।

 

স্ট্রিম: তিনি কি এখনও ভূমিকা রাখতে পারেন না? তার প্রতিষ্ঠান তো আক্রান্ত।

সারোয়ার তুষার: পারেন, কিন্তু এখন তিনি এমন একটা অবস্থায় পড়েছেন যে তাকেই ওয়ার্ল্ড কমিউনিটির শরণাপন্ন হতে হচ্ছে। গ্রামীণ ব্যাংকে হামলার পর তিনি বিশ্ব সম্প্রদায়কে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এটা বাংলাদেশের জন্য একদিক থেকে পজিটিভ। কারণ, ড. ইউনূস নিজে একজন নোবেল বিজয়ী এবং আক্রান্ত প্রতিষ্ঠানটিও বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী প্রতিষ্ঠান। এর ৯৭% সেবাগ্রহীতা নারী। তিনি যখন এই স্টেটমেন্টটা দিয়েছেন, তখন আওয়ামী লীগ কী ধরনের সন্ত্রাস করছে এবং কারা তাদের টার্গেট, সেটা বৈশ্বিক পর্যায়ে পরিষ্কার হয়ে গেল। কিন্তু তবুও আমি মনে করি, প্রোপাগান্ডা মোকাবেলায় সরকারি পর্যায় থেকে আরও শক্ত পদক্ষেপ থাকা উচিত।

ডিসেম্বরকে কেন্দ্র করে তাদের পরিকল্পনা হচ্ছে, বাংলাদেশে অশান্তি সৃষ্টি করা। নাশকতা করে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা, আগুন-সন্ত্রাস করা এবং আমাদের অগ্রযাত্রা বা বিনিয়োগের পরিবেশ নষ্ট করা।

 

স্ট্রিম: বাজারে একটা থিওরি ছড়িয়েছে যে, আওয়ামী লীগ কোনো পক্ষকে ইনভাইট করতে চায়, বা মিলিটারি ক্যু করাতে চায়?

সারোয়ার তুষার: অফকোর্স চায়। তারা তো প্রকাশ্যেই বলছে মিলিটারি ক্যু করাতে চায়। আওয়ামী লীগের এই চিন্তার প্যাটার্নটা খুব অদ্ভুত। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই সো-কলড বাঙালি জাতীয়তাবাদীদের একটা অংশ বলতো, বাংলাদেশের স্থায়ী সেনাবাহিনী দরকার নেই। এ কারণেই তারা রক্ষীবাহিনীর মতো প্যারালাল ফোর্স গড়ে তুলেছিল।

আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা। তাদের শুরুর ইতিহাসের মধ্যে একটা বিদ্রোহ আছে এবং তারা ইতিহাসের সঠিক দিকে, জনগণের পক্ষে থাকতে পেরেছিল। তৎকালীন রাজনৈতিক নেতৃত্ব যদি পাকিস্তানের সাথে নেগোসিয়েশন করে ফেলত, তাহলে এই বাঙালি মেজরদের কোর্ট মার্শাল দিয়ে মেরে ফেলা হতো। ব্রিটিশ আর্মি যেভাবে ভাগ হয়ে ইন্ডিয়ান বা পাকিস্তান আর্মি হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস তেমন নয়। এর মধ্যে কর্নেল তাহের, জিয়াউর রহমান বা মতিউর রহমানের মতো বীরদের বিদ্রোহ আর রূপকথার মতো গল্প আছে।

এইরকম একটা সেনাবাহিনী সবসময় ভারতের জন্য অস্বস্তির। ভারত বাংলাদেশকে কাশ্মীর বা সিকিম বানাতে পারবে না, আবার সম্পূর্ণ স্বাধীন, আত্মমর্যাদাশীল, শক্তিশালী রাষ্ট্র হিসেবেও দেখতে চায় না।

 

স্ট্রিম: বলা হয় গণঅভ্যুত্থানের পরে আঞ্চলিক ও পরাশক্তিগুলো বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গেছে। ভারত উদ্বিগ্ন হয়ে দ্রুত নির্বাচন চেয়েছিল, যাতে বিএনপি ক্ষমতায় আসে এবং তাদের সঙ্গে কাজ করা যায়। এটার জবাবে কী বলবেন?

সারোয়ার তুষার: ভারত কিন্তু আওয়ামী লীগ আমলে কোনো সুষ্ঠু নির্বাচন চায়নি, বরং ডামি নির্বাচন সমর্থন করেছে। তখন তাদের পত্রিকায় লেখা হতো, আওয়ামী লীগ না থাকলে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা ক্ষমতা নিয়ে নেবে, এবং বিএনপিও তাদের বিবেচনায় ফান্ডামেন্টালিজমের অংশ ছিল। কিন্তু গণঅভ্যুত্থানের পর ভারত হঠাৎ নির্বাচনের জন্য অস্থির হয়ে গেল।

সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে এটা মোটামুটি নিশ্চিত ছিল। কারণ, নেপালের মতো এখানে পুরোনো সব দলকে জনগণ সম্প্রতি ক্ষমতায় দেখেনি। দীর্ঘদিন বিএনপির শাসন না থাকায় মানুষ তাদের ওপর একটা আস্থা রেখেছে। গণঅভ্যুত্থানেও বিএনপির কর্মী-সমর্থকদের বিরাট অংশগ্রহণ ছিল। ফলে ভারত ভেবেছিল, নির্বাচন হলে বিএনপি এসে তাদের আওয়ামী লীগের মতোই সার্ভিস দেবে।

কিন্তু বিএনপির ঐতিহাসিক রাজনৈতিক অবস্থানটা ন্যাশনালিস্ট এবং আধিপত্যবাদ বিরোধী। এটাই তাদের কন্সটিটিউয়েন্সি। এখান থেকে তারা খুব বেশি সরে আসতে পারবে না। তাছাড়া গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতা এবং মানুষের বিপুল প্রত্যাশার চাপ আছে। মানুষ শুধু আওয়ামী লীগের ফ্যাসিজম দেখেনি, ভারতের ভূমিকাও দেখেছে। ফলে ভারত যখন দেখলো পরিস্থিতি তাদের কন্ট্রোলে আসছে না, তখন তারা বলতে শুরু করলো বাংলাদেশে পাকিস্তান বা তুরস্কের ইনফ্লুয়েন্স বেড়েছে।

আসল ঘটনা হলো, আগে আমাদের কোনো স্বাধীন পররাষ্ট্রনীতি ছিল না। এখন আমরা পররাষ্ট্রনীতিতে ডাইভারসিফিকেশন আনছি। সবার সাথেই সম্পর্ক করতে চাচ্ছি। কারণ আমাদের চারদিকে শুধু বন্ধু নেই। মিয়ানমার সীমান্তে আমরা থ্রেটের মধ্যে আছি। তাদের বিদ্রোহী গোষ্ঠীগুলো অনেক সময় আমাদের ট্রলার আটকে দিচ্ছে। ভারতের দিক থেকেও পুশ-ইন হচ্ছে।

ফলে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে আমাদের শক্তিশালী সামরিক প্রতিরক্ষা প্রয়োজন, যেটা ভারত চায় না। ভারত চায় আমাদের কাঁটাতার দিয়ে ঘেরাও করে স্যাটেলাইটের মাধ্যমে নজরদারিতে রাখতে। যখন আমাদের সমাজ ও প্রশাসন থেকে এর বিরুদ্ধে রেজিস্ট্যান্স আসছে, ভারত দেখছে সম্পর্কটা তাদের ইচ্ছামতো হচ্ছে না। আর এ কারণেই তারা নানামাত্রিক স্যাবোটাজ করছে। যখনই আমরা চীনে সফরে যাচ্ছি, তখন পুশ-ইনের মাত্রা বেড়ে যাচ্ছে। আবার যখন গঙ্গা চুক্তির সময় এসেছে এবং আমরা গ্যারান্টি ক্লজসহ হিস্যা চাচ্ছি, তখন তারা আমাদের চাপে রাখার চেষ্টা করছে।

 

স্ট্রিম: আপনার কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের তৎপরতাটা বেড়েছে ইন্ডিয়ান ইনফ্লুয়েন্সে বা তাদের প্রজেক্ট হিসেবে?

সারোয়ার তুষার: এটা শতভাগ। আওয়ামী লীগ এখন নিজের সিদ্ধান্তে কোনো কিছু করছে না। এটা পুরোটাই ভারতের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধনে হচ্ছে। তারা ফরমাল চ্যানেলে একধরনের আচরণ করছে আর ইনফরমালি আওয়ামী লীগকে লেলিয়ে দিয়ে ক্রস-বর্ডার টেরোরিজমের মতো অ্যাক্টিভিটিজগুলো করাচ্ছে।

একটা মজার বিষয় হলো, ভারতের অফিশিয়াল মুখপাত্র জয়সোয়াল সাহেব কয়েকদিন আগে বললেন— ঢাকায় অবস্থিত কয়েকজন চীনা ব্লগার ভিডিও ব্লগিং করে ঢাকার রাস্তাঘাটকে দিল্লির রাস্তাঘাট হিসেবে প্রচার করছেন! এটা নিয়ে ভারত অত্যন্ত ক্ষিপ্ত এবং শাস্তির দাবি করছে। অথচ আপনি আমাদের এখানকার পলাতক আসামিদের আশ্রয় দিচ্ছেন। সেখান থেকে তারা কর্মসূচি ঘোষণা করছে, দেশের ভেতর নাশকতা হচ্ছে, থানা ও সংসদ সদস্যদের বাড়ি আক্রমণ করা হচ্ছে— এগুলো কি আমরা মেনে নেব?

 

স্ট্রিম: অনেকে বলেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতকে এড়িয়ে বিভিন্ন সফর করলেন এবং ভারতের আহ্বানে সাড়া দিলেন না। এই কারণেই কি জটিলতাটা বেড়েছে?

সারোয়ার তুষার: হ্যাঁ, এই দাবির ভিত্তি আছে। ভারত তাদের পত্রপত্রিকায় প্রায় তারিখও ঘোষণা করে দিয়েছিল যে তিনি নভেম্বরে বা ডিসেম্বরে ভারতে আসছেন। তারা এমন একটা আবহাওয়া তৈরি করেছিল যে— চীনে যখন গেছেন, ভারতে আসতেই হবে। বিমসটেকের সম্মেলনেও তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সংগত কারণেই আমরা তা ডিক্লাইন করেছি। কারণ, ভারতের সাথে আমাদের প্রথম অফিশিয়াল স্টেট ভিজিট হতে হবে দ্বিপাক্ষিক। মাল্টিল্যাটারাল সম্মেলনে গিয়ে সাইডলাইনে পাঁচ মিনিটের বৈঠক আমাদের জন্য সম্মানজনক নয়।

ভারত এখন আনকন্ডিশনালি যাওয়ার কথা বলছে। শ্রী রাধা দত্তের মতো বিশ্লেষকরা বলছেন, ‘কেইস বাই কেইস’ সমাধান করা হোক, আগে তিনি আসুন। কিন্তু এটার সাথে ওটাকে না মিলিয়ে তো পারা যায় না। শেখ হাসিনার এক্সট্রাডিশন হয়তো অনেক লং প্রসেস, কিন্তু আমাদের অন্যান্য আসামিদের ভারত ফেরত দিচ্ছে না কেন? এতটুকু গুডউইল যদি প্রতিবেশী রাষ্ট্র না দেখায়, তবে আমরা কীভাবে সেখানে যাব? একটি রাষ্ট্র হিসেবে আমাদের তো আত্মমর্যাদা আছে।

গতকাল মিটিংয়েও এটা আলোচনার বিষয় ছিল। প্রধানমন্ত্রী খুব দৃঢ়তার সাথে বলেছেন, এসব বিষয় সেটেল না হলে তিনি ভারত সফরে যেতে পারেন না। ভারতের অবস্থা হলো সেই প্রবাদের মতো— ‘খুকু বলতে পারে, কইতে পারে, কিন্তু সইতে পারে না।’ আপনি চাইবেন আমি আপনার কাছে যাই, কিন্তু বিনিময়ে প্রতিবেশীসুলভ কোনো গুড জেসচার দেখাতে আপনি প্রস্তুত নন!

 

স্ট্রিম: প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গে ফিরে আসি। আপনারা বলছিলেন কিছু প্রশ্নে মতপার্থক্য আছে, মেইনলি রাষ্ট্র সংস্কার প্রশ্নে। ঐক্যমত্যের জায়গা কি শুধু আওয়ামী লীগ মোকাবিলা বা ভারত প্রশ্ন? এর বাইরে কী আছে?

সারোয়ার তুষার: আমরা বলেছি, শুধু আওয়ামী লীগ ঠেকানোর জন্য ঐক্য দীর্ঘস্থায়ী হবে না। এটা যান্ত্রিক হয়ে যাবে। প্রধানমন্ত্রী বলেছেন, জুলাইয়ের প্রশ্নে যেন আমরা এক থাকি। আমরা বলেছি, জুলাইয়ের প্রশ্নে এক থাকা মানেই হচ্ছে বিচার ও সংস্কার নিশ্চিত করা, কারণ এগুলো জুলাইয়ের অবিচ্ছেদ্য অংশ। এগুলোর অগ্রগতি না হলে আমরা এক থাকতে পারব না।

আমাদের মনে হয়েছে, এই সরকার ক্ষমতায় আসার পর ট্রাইব্যুনালটি অনেক উইক হয়ে গতি হারিয়েছে। আমরা বলেছি, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট সংগঠন হিসেবে তাত্ত্বিক ও আইনগতভাবে প্রতিষ্ঠা করতে হবে, যা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে। জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং ডকুমেন্টের মতো একটি ইন্টারন্যাশনাল ক্রেডিবল ডকুমেন্ট আমাদের থাকা দরকার। আন্তর্জাতিক রীতি অনুযায়ী কোনো গণতান্ত্রিক দেশ ফ্যাসিস্ট সংগঠনকে অপারেট করতে দেয় না। এটা আমাদের জন্য একটা বড় ইনস্ট্রুমেন্ট হতে পারে।

সরকার যদি শুধু আওয়ামী লীগ ও ভারত প্রশ্নে ঐক্য চায় আর সংস্কারকে আলাদা রাখতে চায়, তবে সেটা সম্ভব নয়। বিষয়গুলো একটার সাথে আরেকটা জড়িত। পুরো ব্যাপারটাকে নিয়েই সার্বিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে। আলোচনা যেহেতু ওপেন আছে, হয়তো আমরা একটা মধ্যবর্তী সমাধানে পৌঁছাতে পারব।

 

স্ট্রিম: রিফর্ম প্রশ্নে তো আপনি বৈঠকে ছিলেন না। কিন্তু যারা ছিলেন, তাদের সঙ্গে কথা বলে প্রধানমন্ত্রীর মনোভাব কেমন দেখলেন?

সারোয়ার তুষার: আকাঙ্ক্ষার দিক থেকে তিনি যে আমাদের চেয়ে খুব ভিন্ন জায়গায় আছেন, তা মনে হয়নি। তবে তাদের দলের ভেতরের বা অন্যান্য স্টেকহোল্ডারদের অনেকগুলো বিষয় হয়তো এখানে সামনে চলে আসে। যারা বৈঠকে ছিলেন তাদের কাছে শুনলাম, পুরো আলোচনার পরিবেশ হৃদ্যতাপূর্ণ হলেও রিফর্ম প্রশ্নে প্রধানমন্ত্রীকে একটু অস্বস্তিতে মনে হয়েছে।

হয়তো নির্বাচনের আগে তাদের ৩১ দফায় একধরনের কথা ছিল, আর এখন অনেক ক্ষেত্রেই অবস্থান বিপরীত। প্রধানমন্ত্রীকে তো এসব প্রশ্ন ফেস করতে হচ্ছে। তিনি তো একসময় গণভোটে ক্যাটাগরিক্যালি ‘হ্যাঁ’ ভোট দিতে বলেছিলেন, কিন্তু এখন সেই রায় বাস্তবায়ন করছেন না। তার দলের পক্ষ থেকে নানা আইনি তর্ক তোলা হচ্ছে। তখন তো সিম্পল ইনটেনশন বোঝা যায় যে তারা এটি বাস্তবায়ন করতে চান না। স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে, নির্বাচন না দিলে বাধ্য হয়েই তারা এটা মেনে নিয়েছিলেন। ফলে এসব প্রশ্ন সামনে এলে তিনি একটু অস্বস্তিতে থাকেন।

 

স্ট্রিম: একটা প্রশ্ন আসে যে, সরকার কি পুলিশসহ প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি? আপনার অবজারভেশন কী?

সারোয়ার তুষার: তারা কিন্তু এটা গোপন করছেন না। এমপি-মন্ত্রী এবং খোদ প্রধানমন্ত্রীর লেভেল থেকেও বলা হচ্ছে যে প্রশাসনের একটা অংশ আগের রেজিমির প্রতি লয়াল। এটা আমরা বুঝতে পারি, কিন্তু কথা হলো, আপনি কী পদক্ষেপ নিচ্ছেন? রাতারাতি সবাইকে ফায়ার করা সম্ভব নয়, কিন্তু এক বছর পর যাতে একটি প্রফেশনাল প্রশাসন ও পুলিশ বাহিনী পাওয়া যায়, সেটার জন্য আজ কী করছেন?

সরকার যখন সংস্কারের বিরোধিতা করেছিল, তখন তাদের প্রধান যুক্তি ছিল— শক্তিশালী প্রশাসন ও পুলিশ বাহিনী লাগবে। পুলিশ কমিশন করলে সরকার উইক হয়ে যাবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, আগের সেই তথাকথিত শক্তিশালী প্রশাসন ও পুলিশের কারণেই সরকার উইক। এই প্রশাসন দিয়ে পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব নয় বলেই তারা এখন রাজনৈতিক দলগুলোর কাছে ঐক্য চাচ্ছে।

জনগণ তখনই সমর্থন দেবে, যখন দেখবে রাজনৈতিক দলগুলো আনডিভাইডেড। অন্তর্বর্তী সরকারের মতো একটা দুর্বল সরকারও শুধু সর্বদলীয় ঐক্যের ছবি দেখিয়ে মানুষের ভরসা অর্জন করে ষড়যন্ত্র মোকাবিলা করতে পেরেছিল। গতকালের সর্বদলীয় বৈঠকের ইমেজটাও মানুষের কাছে ভালো বার্তা দিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলো যদি সরকারের বিরোধিতা করে, তবে মানুষও ডিভাইডেড হয়ে যাবে।

প্রশাসনিকভাবে পুরোটা ডিল করতে না পারায় রাজনৈতিক দলগুলোকে সরকারের লাগবেই। আর বিরোধী দলগুলো তো তাদের ইস্যু নিয়ে কথা বলবেই। তারা তো নিজেদের দলীয় কোনো সুবিধা বা বরাদ্দ চাচ্ছে না; তারা জনস্বার্থ সংশ্লিষ্ট দাবি তুলছে। উদাহরণস্বরূপ, এলপি গ্যাসের সরকার নির্ধারিত মূল্য কলকাতার দ্বিগুণ, তা-ও মানুষ ২৫০০-২৬০০ টাকা দিয়ে কিনছে। ঢাকা শহরের গরিব মানুষ লাকড়ি দিয়ে রান্না শুরু করেছে। সরকার যদি সিন্ডিকেট ভাঙতে না পারে, তবে নিয়ন্ত্রণ কীভাবে প্রতিষ্ঠা করবে? মন্ত্রীদের জবাব হলো, ‘আমরা আমদানি করি না, দামও ঠিক করি না।’ কিন্তু সরকার তো রেফারি; আপনি খেলেন না ঠিক আছে, কিন্তু ফাউল হলে কার্ড দেখানোর কাজটা তো আপনাকেই করতে হবে।

দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা বা এলপি গ্যাসের বাজার নিয়ন্ত্রণের দাবিগুলো বিরোধী দল তুলবেই। এগুলো জনস্বার্থ সংশ্লিষ্ট এবং সরকারকে এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে— আমরা গতকাল এই বক্তব্যগুলোই দিয়েছি।

 

স্ট্রিম: অনেকে বলছেন যে, গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ভুল, মানবাধিকার লঙ্ঘন বা নিরীহ আওয়ামী লীগারদের ওপর ঢালাও ব্যবস্থার কারণে আওয়ামী লীগ সহানুভূতি পাচ্ছে এবং শক্তি সঞ্চয় করে প্রত্যাঘাত করছে। এই সমালোচনাগুলোকে আপনি কীভাবে দেখেন?

সারোয়ার তুষার: আওয়ামী লীগ যে কনফিডেন্স গেইন করেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো, তারা এটা কেন করতে পারল? ইন্টেরিম সরকারের শুরুর দিকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং শেখ হাসিনার নামে মামলা হলো, তখন কিন্তু তারা টু শব্দ করতে পারেনি। কারণ তাদের মনে হয়েছিল, ভায়োলেন্স করলে ধরা পড়তে হবে।

কিন্তু পরবর্তীতে এই সরকার যখন তাদের জামিন দিয়ে স্পেস দিল, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের ধরলে বিএনপির লোকজন গিয়ে তদবির করল, তাদের নিজেদের বাসায় আশ্রয় দিল—তখন তারা স্বাভাবিকভাবেই শক্তি সঞ্চয় করে সংঘবদ্ধ হতে পেরেছে।

সরকারের ভেতরের একটি অংশ প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন যে, জামায়াত-এনসিপিকে ঠেকাতে হলে আওয়ামী লীগকে স্পেস দিতে হবে। এই যে জামায়াত-এনসিপিকে প্রধান প্রতিপক্ষ মনে করা এবং আওয়ামী লীগকে পাশে চাওয়া—এটা ছিল সরকারের সবচেয়ে বড় ভুল। সরকার প্রথমে মনে করেছিল নাশকতা তাদের নিয়ন্ত্রণেই থাকবে। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণেও এটা পরিষ্কার ছিল যে, ‘দুই-চারটা ককটেল ফুটালে কিছু হয় না।’ কিন্তু এরপরই আপনারা দেখলেন কীভাবে দাবানলের মতো ১০০টি সেন্টার টার্গেট করা হলো। এটা খুবই সিস্টেমেটিক ভায়োলেন্স। একটি দল সরকারে আছে, আর তাদের মিছিলেই হামলা করে মানুষ মেরে ফেলা হচ্ছে। পরিস্থিতি এখন আর তাদের নিয়ন্ত্রণে নেই।

 

স্ট্রিম: আপনি তো অন্যদের সীমাবদ্ধতার কথা বললেন। আপনাদের কোনো আত্মসমালোচনা আছে কি? গণঅভ্যুত্থানের অগ্রভাগে থেকে দল গঠনের পর আপনাদের নিয়েও তো সমালোচনা আছে।

সারোয়ার তুষার: আমাদের অন্যান্য বিষয়ে সমালোচনা থাকতেই পারে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আমাদের বোঝাপড়ায় কোনো কনফিউশন বা ইনডিসিশন ছিল না। আমরা বুঝতে পেরেছিলাম যে, আওয়ামী লীগ এখন বাংলাদেশের সার্বভৌমত্ব ও সিকিউরিটির বিরুদ্ধে কাজ করবে। আমরা এটাকে শুধু একটা নরমাল রাজনৈতিক দল হিসেবে দেখিনি, এর সাথে ভারত প্রশ্নও জড়িত ছিল।

এই কারণে আওয়ামী লীগ প্রশ্নে আমরা যে হার্ডলাইনে ছিলাম, সেটাই এখন সঠিক প্রমাণিত হচ্ছে। আমরা বারবার বলেছি, আওয়ামী লীগকে স্পেস দিলে সেটা লং টার্ম স্ট্যাবিলিটির জন্য কতটা ক্ষতিকর হতে পারে। তখন অনেকে ভেবেছেন আমরা বেশি অ্যাগ্রেসিভ পজিশন নিয়েছি। কিন্তু এমন একটি সন্ত্রাসবাদী সংগঠনের বিরুদ্ধে অ্যাগ্রেসিভ না হলে তা বুমেরাং হবে, সেটাই এখন হচ্ছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে, আওয়ামী লীগ অন্য নামে রাজনীতিতে আসতে পারবে। এই সামান্য কথার ওপর ভিত্তি করে তারা যে তাণ্ডব দেখালো, ফুল ফোর্সে আসতে পারলে তারা কী করত? তাদের সাথে আপনি কোনো ডেমোক্রেটিক ডায়ালগ করতে পারবেন না। তারা আপনাকে মেরে ফেলার জন্য প্রস্তুত। প্রবাদে আছে না, তরবারির সাথে গর্দানের কোনো সংলাপ হয় না—বাস্তবতা অনেকটা সেরকমই। অন্য বিষয়ে আমাদের সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে আমাদের পজিশন যে সঠিক ছিল, তা সময় যত গড়াবে তত পরিষ্কার হবে।

 

স্ট্রিম: আওয়ামী লীগের তো এখনো ১০ বা ২০ শতাংশ যাই হোক, একটা বড় সমর্থন আছে। এই ১৮ কোটি মানুষের দেশে এই বিশাল জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার বা নাগরিক হিসেবে তাদের বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি কী?

সারোয়ার তুষার: বিষয়টি আমি একটু ব্যাখ্যা করি। ধরুন মাদকের ব্যবসা। অর্থনৈতিক দিক থেকে এটি অত্যন্ত লাভজনক হলেও আমরা কি এটি করতে দিই? দিই না, কারণ এটি সমাজ ও তরুণদের জন্য ক্ষতিকর। আমরা মাদকাসক্তদের রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠাই। আওয়ামী লীগের বিষয়টিও সেরকম। অনেক দেশেই ফ্যাসিস্ট বা নিও-নাৎসিবাদের প্রতি একটা অংশের সমর্থন থাকে, কিন্তু তাই বলে সেই দেশগুলো কি নাৎসিবাদকে ফিরে আসতে দেয়? দেয় না।

দ্বিতীয় কথা হলো, তাদের সমর্থকদের নিয়ে আমরা কী করব? তাদের রাজনৈতিক, নাগরিক, সামাজিক বা অর্থনৈতিক অধিকারের বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান নেই। যদি তাদের বিরুদ্ধে ক্রিমিনাল রেকর্ড না থাকে, তবে তারা সমাজে থাকবে, ব্যবসাবাণিজ্য করবে, এমনকি অন্য যেকোনো রাজনৈতিক দলেও (যেমন বিএনপি, জামায়াত, এনসিপি) যোগ দিতে পারবে। আমরা ওয়েলকাম জানাব। কিন্তু গণঅভ্যুত্থানের পর গণতান্ত্রিক স্পেসের সুবিধা নিয়ে তারা যদি আওয়ামী লীগকে পুনর্গঠন করতে চায়, সেটা হতে দেওয়া সম্ভব না।

এখানে সাউথ আফ্রিকার উদাহরণ টানা হয়, যা বাংলাদেশের সাথে মেলে না। সাউথ আফ্রিকায় সাদা বনাম কালো—দুটো আলাদা জনগোষ্ঠীর মধ্যে এথনিক কনফ্লিক্ট ছিল, তাই সেখানে রিকনসিলিয়েশনের প্রয়োজন ছিল। শ্রীলঙ্কাতেও সিংহলি ও তামিলদের মধ্যে দ্বন্দ্ব ছিল। কিন্তু বাংলাদেশে তো দুটো আলাদা জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব নেই। এখানে দ্বন্দ্ব ফ্যাসিজমের বিরুদ্ধে, একটা পুরো জাতির বিরুদ্ধে একটা দলের। সেই দল বা সংগঠন অপারেট করতে পারবে না, আমরা সেটাই বলছি।

 

স্ট্রিম: অনেকেই সমাজে সংঘাত এড়াতে রিকনসিলিয়েশন-এর কথা বলছেন…

সারোয়ার তুষার: আওয়ামী লীগের সমর্থকরা যদি জুলাই গণঅভ্যুত্থান এবং মুক্তিযুদ্ধের ইতিহাস ও অর্জন মেনে নেয়, তবে তারা বহাল তবিয়তেই সমাজে থাকবে। ওবায়দুল কাদের বলেছিলেন, ‘আমাদের ক্ষমতা গেলে পাঁচ লাখ লোক মারা পড়বে।’ এমন কিছু কি বাংলাদেশে হয়েছে? দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও আমাদের সমাজের ‘সেন্স অব জাস্টিস’ অনেক প্রখর, মানুষ সেগুলোর প্রতিবাদ করেছে।

সমর্থকদের আমরা সমাজ থেকে আলাদা করে কোনো ঘেটোতে রাখছি না। তারা এই সমাজেই থাকবে। শুধু তারা ফ্যাসিস্ট বা সন্ত্রাসবাদী সংগঠনের পক্ষে কাজ করতে পারবে না, ফান্ডিং করতে পারবে না বা সংঘবদ্ধ হতে পারবে না।

রিকনসিলিয়েশনের নামে এখানে যা বলা হচ্ছে, সেটা আসলে রিহ্যাবিলিটেশন (পুনর্বাসন)। বিচার ও অ্যাকাউন্টেবিলিটি ছাড়া পৃথিবীর কোথাও রিকনসিলিয়েশন হয় না। যারা গুমের শিকার হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তারা এখনো ট্রমাটাইজড। তাদের কথা বাদ দিয়ে অপরাধীদের পুনর্বাসন সম্ভব নয়। পুরো আলোচনাটাই হতে হবে ভিকটিম-সেন্ট্রিক।

সবশেষে বলি, আওয়ামী লীগের সমর্থকরা কি গত নির্বাচনে ভোট দেয়নি? কেউ কি বলেছে তাদের ভোটাধিকার থাকবে না? বিষয়টা হলো বাজারের চারটা সাবানের মতো। একটা সাবান মেয়াদোত্তীর্ণ এবং ক্ষতিকর হওয়ায় আপনি বাজার থেকে তুলে নিয়েছেন। কিন্তু বাকি সাবানগুলো তো আছে। মানুষ সেখান থেকে ভালোটা বেছে নেবে। কিন্তু ওই ক্ষতিকর সাবানটাকে বাজারে ফিরিয়ে আনার ওকালতি করাটা কোনোভাবেই ঠিক হবে না।

 

স্ট্রিম: ঢাকা স্ট্রিমকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

সারোয়ার তুষার: আপনাকেও ধন্যবাদ।