Image description

বাংলাদেশের বর্তমান ইসলামী রাজনৈতিক দলগুলোর মাধ্যমে ইসলামী শাসন প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মনে করেন বিশিষ্ট আলেম ও মুফাসসির মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। তার মতে, এসব দলের অনেকগুলোর আকিদা ও আমল-আখলাক বিশুদ্ধ নয়। পাশাপাশি দলগুলোর পারস্পরিক অনৈক্যের কারণে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনও কঠিন। এ পরিস্থিতিতে বিশুদ্ধ আকিদা ও আমল-আখলাকের অধিকারী দলগুলোর সমন্বয়ে একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার প্রয়োজন বলে মনে করেন তিনি।

সম্প্রতি মাওলানা মামুনুল হকের মুরুব্বিদের পক্ষ থেকে বৈঠকে বসার আহ্বান জানানো হয়েছিল বলে যে দাবি করা হয়েছে, সেটিকেও সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন ওলীপুরী। এ ছাড়া ওয়াজ-মাহফিলে বক্তাদের পারিশ্রমিক, ডা. জাকির নায়েকের চিন্তাধারা, সমসাময়িক কয়েকজন আলেমের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন, চিঠি দেওয়া এবং ধর্মীয় অঙ্গনের বিভিন্ন বিভক্তি নিয়েও কথা বলেছেন তিনি। কালবেলার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী। সাক্ষাৎকার নিয়েছেন আবু তালহা রায়হান।

কালবেলা: অতীতে ডা. জাকির নায়েকের কিছু বক্তব্যের কঠোর সমালোচনা করেছিলেন। তিনি পূর্বের কিছু অবস্থান থেকে সরে এসেছেন বলেও শোনা যায়। বর্তমানে তার কার্যক্রম ও চিন্তাধারা সম্পর্কে আপনার অবস্থান কী?

ওলীপুরী: ডাক্তার জাকির নায়েক অতীতে সারা বিশ্বের সিংহভাগ মুসলমানের অনুসৃত চার মাজহাবের প্রতি যেসব তিরস্কারের ভাষায় বিষোদগার করেছেন, বর্তমানে তিনি তা প্রত্যাহার করেছেন বলে আমার জানা নেই। আর এটা না জানা পর্যন্ত তার ব্যাপারে আমার নতুনভাবে কোনো মন্তব্য করার সুযোগ নেই।

কালবেলা: সমসাময়িক কয়েকজন জনপ্রিয় আলেমের সঙ্গে আপনার সম্পর্কের টানাপোড়েন ও তাদের বয়কটের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। বিশেষ করে প্রয়াত মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জি (রহ.), মাওলানা জোবায়ের আহমদ আনসারি (রহ.), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকি এবং সাম্প্রতিক সময়ে মাওলানা মামুনুল হককে কেন্দ্র করে আপনার ‘বয়কটের’ বিষয়টি আলোচিত হয়। এসব ক্ষেত্রে আপনার মূল দৃষ্টিভঙ্গি কী এবং কোন কারণে আপনারা এসব অবস্থান নেন?

ওলীপুরী: প্রথম কথা হলো, হাদিস শরিফে রাসুল (সা.) বলেছেন, তোমাদের মৃতদের শুধু ভালো দিকটা আলোচনা করো, তাই কোনো মৃতের ব্যাপারে আমার কী অভিযোগ ছিল, তা আমার আর বলার ইচ্ছা নেই।

দ্বিতীয় কথা হলো, আমার জানামতে যারা ওয়াজ মাহফিলের আয়োজন করেন, তারা সচরাচর ধর্মপ্রাণ গরিব লোকদের কষ্টার্জিত টাকা থেকে প্রদত্ত চাঁদার দ্বারা ওয়াজ মাহফিলের খরচ বহন করে থাকেন। এমতাবস্থায় যেসব বক্তা মোটা অঙ্কের টাকার প্রত্যক্ষ অথবা পরোক্ষ চুক্তিতে ওয়াজ মাহফিলে যান, তাদের ওয়াজের উদ্দেশ্য কি মানুষের হেদায়েত, না নিজের পকেট গরম করা— এটা আমি বুঝি না। তাই অমুক আর তমুক নির্বিশেষে এমন বিশেষণে বিশেষায়িত যেকোনো বক্তা যে মাহফিলে যান, তাতে আমি যেতে ইচ্ছুক নই। এটা তাদের প্রতি আমার ব্যক্তিগত হিংসার কারণে নয়, বরং গরিব জনতার প্রতি হৃদয় নিংড়ানো দরদের কারণে।

তৃতীয় কথা হলো, মাওলানা মামুনুল হকের বলিষ্ঠ কণ্ঠস্বর যতদিন হকের পক্ষে ছিল, ততদিন আমি রীতিমতো তার ভক্ত ছিলাম; কিন্তু এই কণ্ঠ যখন হকের বিরুদ্ধে ও বাতিলের পক্ষে উচ্চারিত হতে লাগল, তখন আমি আর তার অন্ধভক্ত হয়ে থাকতে পারিনি। যার বিস্তারিত বিবরণ আমার খোলা চিঠিতে লেখা আছে।

কালবেলা: মামুনুল হকের মুরুব্বিদের উদ্দেশে দেওয়া আপনার চিঠিগুলো আলোচনায় আসার পর সম্প্রতি এক পোস্টে তারা দাবি করেছেন, চিঠিগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য মুফতি দ্বীন মুহাম্মদের মাধ্যমে আপনাকে সরাসরি বসার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু আপনি তাদের ডাকে সাড়া না দিয়ে একটি খোলা চিঠির মাধ্যমে বিষয়টি জনসমক্ষে নিয়ে এসেছেন। এ বিষয়ে আপনার বক্তব্য কী? আপনি তাদের আহ্বানে সাড়া দেননি কেন?

ওলীপুরী: তাদের পোস্টটি ছিল সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন, যা আমার প্রতিবাদী পোস্টে উল্লেখ আছে। সেখানে দেখে নিতে পারেন।

কালবেলা: একসময় আপনাকে ঘিরে রাবেতা সিন্ডিকেট হাফিজুর রহমান কুয়াকাটাকে বয়কটের ঘোষণা দিয়েছিল। সেই রাবেতা কি এখন আপনার সঙ্গে আছে, নাকি আপনার বিরুদ্ধে? যদি বিরুদ্ধে থাকে, তাহলে আপনার কি দুঃখবোধ হচ্ছে?

ওলীপুরী: রাবেতা একটা সিন্ডিকেট, তা বুঝতে আমার অনেক দেরি হয়েছে। কারণ আমি খুব সহজেই কাউকে সন্দেহ করতে পারি না। আবার খুব সহজেই কাউকে বিশ্বাস করতে পারি না। তাই অভিজ্ঞতা অর্জনের পর তারা আমার সঙ্গে নয়, বরং আমি তাদের সঙ্গে নেই। এটা আমার দুঃখ নয়, বরং স্বস্তির ব্যাপার।

কালবেলা: আপনার ছেলেকে নিয়ে বিভিন্ন কথা ওঠে। আপনার ভাষায়, ‘আহলে হাদিসের’ সম্প্রতি একটি প্রোগ্রামের পোস্টারেও তার নাম ছিল। পাশাপাশি ‘আহলে হাদিসদের’ ভাষায় বিভিন্ন বক্তব্যও পাওয়া যায়। তার বিরুদ্ধে নারীঘটিত একটি বিষয় আছে বলেও শোনা যায়। এসব বিষয়ে আপনার স্পষ্ট বক্তব্য কী এবং সমালোচকদের উদ্দেশে আপনি কী বলতে চান?

ওলীপুরী: আমার ছেলের আকিদাগত ব্যাপারে লাইভে তার এবং আমার সুস্পষ্ট বক্তব্য আছে। এর পরে আর নতুনভাবে কিছু বলার দরকার আছে বলে আমি মনে করি না। আর কারো পারিবারিক ও চারিত্রিক ব্যাপারে আমি ঘরের কথা বাইরে আওড়াতে পছন্দ করি না।

কালবেলা: মুফতি মিজানুর রহমান সাঈদ ও আপনার নেতৃত্বে আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ গঠিত হলেও পরবর্তীতে সংগঠনটির কার্যক্রমে স্থবিরতা নেমে আসে এবং এটি বন্ধ হয়ে যায় বলে প্রচার রয়েছে। আপনাদের দুজনের মধ্যে মূলত কী নিয়ে মতপার্থক্য তৈরি হয়েছিল? সেটি কেন সমাধান করা যায়নি? এ বিষয়েও কি কোনো চিঠি লিখেছেন?

ওলীপুরী: সব ব্যাপারই এমন নয় যে, সবার কাছে চিঠি লিখতে হয় বা লেখা যায়। মুফতি মিজানুর রহমানের প্রতি আমার আন্তরিক ভক্তি-শ্রদ্ধা আগের মতোই বহাল আছে। শুধুমাত্র একজন চুক্তিবাদী বক্তাকে আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদে আমন্ত্রণের ব্যাপারে তার সঙ্গে আমি একমত হতে না পেরে উক্ত পরিষদ থেকে বেরিয়ে এসেছি।

কালবেলা: অনেক আগে বর্তমান খেলাফত মজলিসের মহাসচিবকে নিয়ে জনসম্মুখে বিভিন্ন কথা বলেছিলেন। তাকে ‘বিচ্ছু’ বলেছিলেন। সেটি কেন? যে কারণে তখন বলেছিলেন, সেই বিষয় কি এখনো বিদ্যমান? নাকি সময়ের সঙ্গে আপনাদের দূরত্ব ঘুচে গেছে?

ওলীপুরী: কোনো চাপা পড়া বিতর্ককে নতুনভাবে জিইয়ে তোলা আমি পছন্দ করি না। তবে কোনো ব্যক্তি বিশেষের নাম ছাড়া আমি আমার নীতি ও আদর্শের অবস্থান থেকে বলতে চাই যে, সমস্ত হক্কানি ওলামায়ে কেরামের সঙ্গে একমত পোষণ করে আমিও মওদুদীবাদ, মওদুদীবাদী সংগঠন ও তার অঙ্গসংগঠনকে বাতিল বলে জানি। তাই অতীতে যারা এসব বাতিল দলের কর্মী-সদস্য ছিলেন, তাদেরকে শুধুমাত্র তখনই হকপন্থি বলে গণ্য করা যায়, যখন তারা পূর্বের বাতিলকে বাতিল বলে প্রকাশ্য ঘোষণা দিয়ে হকের পথে ফিরে আসবেন।

কালবেলা: দ্বীনি অঙ্গনের ভুলত্রুটি সংশোধনের জন্য আপনি বিভিন্ন সময় দেশের শীর্ষস্থানীয় মুরুব্বিদের কাছে চিঠি লিখেছেন। এ পর্যন্ত ঠিক কতটি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি এ ধরনের চিঠি দিয়েছেন এবং সেগুলোর মূল বিষয়বস্তু কী ছিল?

ওলীপুরী: এগুলির কোনো হিসাব আমি রাখি না। তবে এ মর্মে লিখিত পত্রের মর্ম একটাই। আর তা হচ্ছে আহলে হককে সর্বপ্রকার বাতিলের মিশ্রণ থেকে সংরক্ষণ করা।

কালবেলা: আপনি বিভিন্ন সময়ে উম্মত ও আলেমসমাজের মাঝে ঐক্যের ওপর জোর দিয়ে নানা ফর্মুলা বা দিকনির্দেশনা দিয়ে থাকেন। কিন্তু হবিগঞ্জের ইসলামী সংগ্রাম পরিষদ এবং জেলা শিক্ষা বোর্ডে বিভিন্ন সময়ে যে বিভক্তি বা দ্বন্দ্বের অভিযোগ শোনা যায়, সেগুলোতে আপনার ভূমিকা ছিল বলে সমালোচকেরা দাবি করেন। এসব অভিযোগের বাস্তব সত্যতা কতটুকু এবং স্থানীয় ঐক্য রক্ষায় আপনার নিজের অবস্থান কী?

ওলীপুরী: হবিগঞ্জ ইসলামী সংগ্রাম পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধ রাখার জন্য আমি যাদের মাধ্যমে চূড়ান্ত চেষ্টা করেছি, তারা কোথায় ব্যর্থ হলেন, তা তাদের সাক্ষাতে আলোচনা সাপেক্ষ ব্যাপার। আর তাদের জীবদ্দশায় যদি কেউ এর উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে তো এ চাপা পড়া ইতিহাস চাপা পড়েই থাকবে চিরকাল।

আর হবিগঞ্জ জেলার কওমি মাদ্রাসার যে বোর্ড ছিল, এর সভাপতি ছিলেন তৎকালীন হবিগঞ্জ জেলার সবচেয়ে প্রবীণ বুজুর্গ আলেম ও মুরুব্বি হজরত আল্লামা আব্দুল মুমিন (রহ.)। তখন বোর্ডের কিছু অনিয়ম দূর করার চেষ্টা করে ব্যর্থ হয়ে তিনি সভাপতির পদ থেকে পদত্যাগ করেন। এর সঙ্গে সঙ্গে বোর্ডের অধিকাংশ মাদ্রাসা বোর্ড থেকে বের হয়ে পদত্যাগকারী সাবেক সভাপতির কাছে চলমান পরিস্থিতির সমাধান চায়। তখন তিনি তাদেরকে নতুন বোর্ড গঠনের নির্দেশ দেন। তারই নির্দেশে কওমি মাদ্রাসা বোর্ড গঠন হয়। এ বোর্ডের তিনিই ছিলেন প্রধান উপদেষ্টা। আর তারই নির্দেশে আমাকে নতুন বোর্ডের সভাপতি নিযুক্ত করা হয়।

তাই আমার বুঝে আসে না যে, বোর্ডের এ বিভক্তিতে আমার কী ভূমিকা ছিল। বরং এ বিষয়ে সেই মুরুব্বির জীবদ্দশায় প্রশ্ন করা দরকার ছিল। এখন তো তার সেই ভূমিকা সম্পর্কে উত্তর দেওয়ার মতো কেউ নেই। আমি তো শুধু সেই মুরুব্বির নির্দেশ মেনেই চলেছি।

কালবেলা: ওয়াজ-মাহফিলের মৌসুম শুরু হয়েছে। বর্তমান সময়ে বক্তাদের পারিশ্রমিক বা চুক্তি নিয়ে নানা রকম আলোচনা-সমালোচনা শোনা যায়। একজন প্রবীণ ও জ্যেষ্ঠ মুফাসসির হিসেবে বর্তমান সময়ের বক্তাদের প্রতি আপনার সুনির্দিষ্ট পরামর্শ কী থাকবে?

ওলীপুরী: ওয়াজ করা মানে মানুষকে আল্লাহর দ্বীনের পথে দাওয়াত দেওয়া। এটা মূলত নবীগণের কাজ ছিল। আর নবীগণের অবর্তমানে আলেমগণ এ দায়িত্ব পালন করে যাচ্ছেন। তাই আলেমগণের দায়িত্ব পালনটাও নবীগণের আদর্শের ওপর হওয়া উচিত। আর নবীগণের আদর্শ বর্ণনা করে আল্লাহ কোরআনে বলেন, ‘যারা নিজেরা হেদায়েতের পথে থাকবেন এবং এর জন্য কোনো বিনিময়ের প্রত্যাশী হবেন না’। তাই এ দুটি বিশেষণ বিবর্জিত বক্তার ওয়াজে মানুষের হেদায়েত হবে না বলে তাফসিরের কিতাবে উল্লেখ আছে।

কালবেলা: আপনার দৃষ্টিতে রাজনীতি বলতে আসলে কী বোঝায় এবং ইসলামের দৃষ্টিতে রাজনীতির পরিধি ও গণ্ডি কতটুকু?

ওলীপুরী: রাজনীতি মানে রাজ্য বা দেশ শাসনের নীতি। এটা প্রথমত দু’প্রকার। একটা হলো প্রচলিত আইনে দেশ শাসন, আরেকটা হলো ধর্মীয় আইনে দেশ শাসন। এতদুভয়েরই আবার বিভিন্ন প্রকার আছে। তন্মধ্যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মে যেহেতু মানবজীবনের সব সমস্যার সমাধান নেই, তাই সেসব ধর্মাবলম্বীরা ধর্মকে ব্যক্তিজীবনে সীমাবদ্ধ করে দেশ শাসনের দায়িত্ব প্রচলিত রাজনীতির হাতে ছেড়ে দিয়েছে। কিন্তু একমাত্র সত্যধর্ম ইসলাম যেহেতু মানবজীবনের সব সমস্যার সমাধানসমৃদ্ধ, তাই ইসলামী রাজনীতিই একমাত্র সফল রাজনীতি। এখানে সরকার এবং জনগণের পারস্পরিক দায়িত্ব ও অধিকারসমূহ সুস্পষ্টভাবে চিহ্নিত। এগুলো লঙ্ঘন করলে সরকার এবং জনগণ উভয় পক্ষকেই শেষ বিচারের দিন আল্লাহর আদালতে জবাবদিহিতার কঠিন সতর্কবাণী রয়েছে। তাই এখানে কোনো পক্ষই দুর্নীতি ও জালিয়াতির আশ্রয় নেওয়ার সুযোগ নেই।

পক্ষান্তরে অন্যান্য রাজনীতিতে যেহেতু শেষ বিচারের দিন জবাবদিহিতার ভয় নেই, তাই ধর্মহীন রাজনীতিই সকল প্রকার দুর্নীতি ও জুলুম-শাসনের হাতিয়ার। তাই ইসলামী রাজনীতি অপরিহার্য। তবে এটা সফল হওয়ার জন্য মুসলমানদের ঈমান-আকিদা, ইবাদত-বন্দেগি ও স্বভাব-চরিত্র বিশুদ্ধ হওয়া পূর্বশর্ত। এসব গুণের অভাবে ইসলামী রাজনীতিরও সেই পরিণতি হতে বাধ্য, যা অন্যান্য রাজনীতিতে হচ্ছে।

কালবেলা: কারা মূলত ইসলামী রাজনীতি করবেন বলে আপনি মনে করেন?

ওলীপুরী: যাদের মধ্যে ইসলামী রাজনীতির উল্লিখিত গুণাবলি বিদ্যমান, তারা যদি সরকার ও জনগণের পারস্পরিক দায়িত্ব ও অধিকারের ব্যাপারে পূর্ণ সচেতন থাকেন, তবে তারাই ইসলামী রাজনীতি করার যোগ্য বলে বিবেচিত হবেন।

কালবেলা: বর্তমানে বাংলাদেশে সক্রিয় ইসলামী রাজনৈতিক দলগুলো দিয়ে কি কখনো প্রকৃত ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা সম্ভব? যদি সম্ভব না হয়, তবে এ ক্ষেত্রে উম্মত ও ওলামায়ে কেরামের প্রকৃত করণীয় কী হওয়া উচিত?

ওলীপুরী: বর্তমান বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার রাজনীতি বিদ্যমান। অর্থাৎ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারলে ইসলামী শাসন প্রতিষ্ঠার সুযোগ আসবে। অথচ এখানকার ইসলামী নামধারী অনেক রাজনৈতিক দলের ঈমান-আকিদা, আমল-আখলাক কিছুই শুদ্ধ নেই। আর বাকিগুলোর পারস্পরিক অনৈক্যের যে অবস্থা, এমতাবস্থায় এদের দ্বারা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করে সরকার গঠন করে বাংলাদেশে কখনো ইসলামী শাসন (হুকুমত) কায়েম সম্ভব নয়। কারণ এদের অনৈক্যের কারণে এদের ভোটগুলো অনেক ভাগে বিভক্ত হয়ে যায়। যার ফলে ‘না নৌ মন তেল হোগা, না রাধা নাচেগি’ (নয় মণ তেলও পুড়বে না, রাধাও নাচবে না। আরও সহজ কথায়, কোনো কাজ না করার ইচ্ছা থাকলে এমন অসম্ভব শর্ত জুড়ে দেওয়া হয়, যা পূরণ করা যায় না। ফলে শর্তও পূর্ণ হয় না, আর কাজটিও হয় না।)।

এ ক্ষেত্রে সাফল্যের পথে অগ্রসর হওয়ার একমাত্র ব্যবস্থা হলো বিশুদ্ধ ঈমান-আকিদা ও আমল-আখলাকের অধিকারী দলগুলোর ঐক্যের একটা শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করা। আর এর প্রক্রিয়া আমি একটা সেমিনারে বলে দিয়েছি। যা মিডিয়াতে উল্লেখ আছে।

কালবেলা: সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

ওলীপুরী: আপনাকেও ধন্যবাদ।

কালবেলা/এটিআর
[ নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। দৈনিক কালবেলার সম্পাদকীয় নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, দৈনিক কালবেলা কর্তৃপক্ষের নয়। ]