Image description

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ওসান বিমান ঘাঁটি থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যে নেওয়ার জল্পনা তৈরি হয়েছে। এর ফলে ইরান ও মধ্যপ্রাচ্য অঞ্চলে আরও বড় ধরনের যুদ্ধের শঙ্কা বাড়ছে।

 

ইয়নহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক পরিবহন বিমানের আগমন এবং প্রস্থান দেখা গেছে। এর ফলে জল্পনা তৈরি হয়েছে যে, ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাতের মধ্যে আমেরিকান সেনাবাহিনী কোরিয়া থেকে কিছু সামরিক সরঞ্জাম (যেমন—প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র) মধ্যপ্রাচ্যে নিয়ে যাচ্ছে।

 

এসব সমরাস্ত্র তারা মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে পারে। কারণ, এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যখন বড় ধরনের সামরিক অভিযান চালায়, তখন দুটি প্যাট্রিয়ট ব্যাটারি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল।

 

রিয়েল-টাইম ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার:২৪-এর তথ্যানুসারে, গত মাসের শেষের দিক থেকে সি-৫ ও সি-১৭ মার্কিন পরিবহন বিমান সিউলের দক্ষিণে পিয়ংতায়েকের ওসান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে এবং বুধবার ও শনিবারের মধ্যে ওই এলাকা ছেড়ে গেছে।

 

ফেব্রুয়ারির শেষের দিকে কমপক্ষে দুটি সি-৫ বিমান ওই মার্কিন বিমান ঘাঁটিতে এসেছিল। গত শনিবার এবং সোমবার বিমানগুলো ঘাঁটি ছেড়ে গেছে। এছাড়া সি-১৭ মডেলের বিমানগুলো মঙ্গলবার এবং শনিবারের মধ্যে ওসান বিমানঘাঁটি ছেড়ে গেছে।

 

এসব কারণে এ জল্পনা তৈরি হয়েছে যে, দক্ষিণ কোরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনারা প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্থানান্তরের প্রস্তুতি নিচ্ছে। কারণ সম্প্রতি তারা অন্যান্য মার্কিন ঘাঁটি থেকে কিছু প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ওসান বিমান ঘাঁটিতে স্থানান্তর করেছে বলে জানা গেছে। এর আগে গত বছরের জুনে ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে যুক্তরাষ্ট্র যখন বড় ধরনের সামরিক অভিযান চালায়, তখন দুটি প্যাট্রিয়ট ব্যাটারি মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হয়েছিল। এরপর অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় ফেরত পাঠানো হয়েছিল।