Image description

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি হেলিকপ্টার ‘কারিগরি ত্রুটির’ কারণে সোমবার বিধ্বস্ত হওয়ায় দেশটির দুজন সামরিক সদস্য নিহত হয়েছেন।

এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘দেশে দায়িত্ব পালনকালে কারিগরি ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ায় সশস্ত্র বাহিনীর দুই সদস্য শহীদ হয়েছেন।’

সংযুক্ত আরব আমিরাত রবিবার জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে এক সপ্তাহের বেশি সময় ধরে দেশটি ও অঞ্চলটির অন্যান্য দেশের ওপর চালানো ‘নৃশংস ও অযৌক্তিক আগ্রাসনের’ বিরুদ্ধে তারা আত্মরক্ষামূলক পদক্ষেপ নিচ্ছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর হামলা চালায়, এতে ইরানের সর্বোচ্চ নেতা নিহত হন এবং এর ফলে অঞ্চলজুড়ে যুদ্ধ শুরু হয়।

এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে এমন প্রতিবেশী দেশগুলোও রয়েছে যারা বলছে তারা সংঘাতে জড়িত নয় এবং তাদের ভূখণ্ড থেকেও কোনো পক্ষকে হামলা চালানোর অনুমতি দেয়নি।

 

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ শনিবার বলেন, আমিরাত এখন ‘যুদ্ধের সময়ের’ মধ্যে রয়েছে এবং এ পরিস্থিতি থেকে তারা ‘আরো শক্তিশালী হয়ে’ বেরিয়ে আসবে।