যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন,ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার বিষয়ে তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন।
সোমবার (৯ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।
ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি মনে করি এটি পারস্পরিক বিষয়। ইরান যুদ্ধ বন্ধের ক্ষেত্রে আমি সঠিক সময়ে সিদ্ধান্ত নেব। তখন সবকিছু বিবেচনায় নিয়ে এ বিষয়টির মীমাংসা করা হবে।
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েল যুদ্ধ শেষ করার বিষয়ে নেতানিয়াহুর কোনো ভূমিকা থাকবে কিনা, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ‘টাইমস অব ইসরায়েল’ পত্রিকাকে এসব কথা বলেন।
আমেরিকা ইরানে হামলা বন্ধ করার পরে ইসরায়েল তার আক্রমণ চালিয়ে যেতে পারবে কিনা? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প কোনো মতামত দিতে অস্বীকৃতি জানিয়ে বলেন, আমি মনে করি না যে এটার (আক্রমণের) কোনো প্রয়োজন হবে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। তবে গত সপ্তাহে সেই সময়সীমা দ্রুত পরিবর্তিত হয়েছে। ট্রাম্প বারবার ইরান যুদ্ধ সমাপ্তির বিষয়ে একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বড় আকারের হামলার পর থেকে আঞ্চলিক উত্তেজনা আরও বেড়েছে। এ আক্রমণে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এছাড়া ১৫০ জনেরও বেশি স্কুলছাত্রী এবং ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ ১,২০০ জনেরও বেশি মানুষ মারা যান।
ইরানও পাল্টা হামলা চালিয়ে প্রতিশোধ নিয়েছে। দেশটি মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি, কূটনৈতিক স্থাপনা এবং সামরিক কর্মীদের লক্ষ্য করে আক্রমণ করেছে। এছাড়া ইসরায়েলি শহরগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের হামলায় কমপক্ষে ছয় মার্কিন সেনা নিহত হয়েছেন।