লেবাননে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলা হলে তার জবাবে বিশ্বজুড়ে ইসরায়েলের দূতাবাসগুলোকে লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকার্চি।
দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার তিনি বৈরুতে ইরানের কূটনৈতিক মিশনের বিরুদ্ধে ইসরায়েলি হুমকির প্রসঙ্গে বক্তব্য দেন।
সেখানে শেখারচি বলেন, ‘ইসরায়েল বারবার আন্তর্জাতিক সীমানা ও রীতিনীতির তোয়াক্কা না করার প্রমাণ দিয়েছে।’
তিনি দাবি করে জানান, উল্লেখযোগ্য সামরিক সক্ষমতা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক বিবেচনা ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের প্রতি সম্মান দেখিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরান সংযম প্রদর্শন করেছে।
শেখারচি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ছাড়া অন্য কোনো দেশের সঙ্গে ইরানের শত্রুতা বা সংঘাত নেই।’
এদিকে ইসরায়েলের হুমকির সরাসরি জবাবে তিনি বলেন, ‘লেবাননে ইরানের দূতাবাসে কোনো হামলা হলে ইরান বিশ্বজুড়ে সব ইসরায়েলি দূতাবাসকে বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে।’
তিনি আরও বলেন, ‘যদি ইহুদিবাদী গোষ্ঠী এমন কোনও আগ্রাসন চালায়, তাহলে আমরা নিঃসন্দেহে এর পাল্টা জবাব দেব।’
এদিন চলমান সংঘাতে ইসরায়েল ও তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রকে পরাস্ত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র।