Image description

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কার্যালয় ও জাতীয় নিরাপত্তা পরিষদের কার্যালয়ে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (৩ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানায় তারা। এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

 

বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েলি বিমানবাহিনী তেহরানের কেন্দ্রস্থলে ইরানি সন্ত্রাসী শাসকগোষ্ঠীর নেতাদের কমপাউন্ডের স্থাপনাগুলোতে হামলা চালিয়ে সেগুলো ধ্বংস করেছে।’

 

এতে আরও বলা হয়েছে, কমপাউন্ডে হামলার সময় প্রেসিডেন্টের কার্যালয় এবং সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ভবনের ওপর বিপুল গোলাবারুদ ফেলা হয়েছে।’

 

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইরান কর্তৃপক্ষ।

 

এদিকে ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, ইসরায়েলের মধ্যাঞ্চলীয় শহর পেতাহ টিকভায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

 

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্রের টুকরো ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে। ফলে ক্ষয়ক্ষতি হয়েছে। কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

 

এর আগে, স্থানীয় সময় শনিবার সকালে ইরানে সমন্বিত হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরমাণু কর্মসূচি ইস্যুতে এই দুই দেশের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে ইরানের। যদিও তেহরান দাবি করছে, পরমাণু শক্তি অর্জন তাদের অধিকার এবং তারা তা শান্তিপূর্ণভাবে করছে। এ ছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিজেদের প্রতিরক্ষার জন্য।

 

কিন্তু ওয়াশিংটন ও তেলআবিবের দাবি, ইরান পরমাণু শক্তি অর্জন করলে ‘বিশ্ব মানবতার জন্য হুমকি’ হয়ে দাঁড়াবে। তাই দেশটিকে রুখতে তারা হামলা চালিয়েছে।

 

এদিকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির জন্য গত বছর থেকে কয়েক ধাপে পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। আলোচনার মধ্যে গত বছরের জুনে ইরানে আকস্মিক হামলায় চালায় ইসরায়েল। সঙ্গে যোগ দেয় যুক্তরাষ্ট্র। এবারও একই পথে হেঁটে তেহরানে হামলা চালিয়েছে মিত্র দুই দেশ।