ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়েছে। এরপর থেকে তেহরান একাই জবাব দিয়ে যাচ্ছে। ইসলামি প্রজাতন্ত্রে মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে বিভিন্ন দেশ। কোনো কোনো বিশ্ব নেতা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, আবার কেউ এতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছেন। এবার ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলাকে বেপরোয়া পদক্ষেপ আখ্যা দিয়েছে রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির নিরাপত্তা পরিষদের সঙ্গে ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। সেখান থেকে অন্য কোনো বার্তা না আসলেও, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেশ কিছু প্রতিক্রিয়া জানানো হয়েছে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে ফোন করেছিলেন এবং তারা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। লাভরভ বলেছেন, তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধিবেশন ডাকার জন্য আহ্বান জানাবেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতিও প্রকাশ করা হয়েছে, যেখানে বেশ কিছু আকর্ষণীয় বিষয় আছে।
মন্ত্রণালয় এই হামলাকে ‘বেপরোয়া’ বলে অভিহিত করেছে এবং বলেছে যে এতে কোনো সন্দেহ নেই যে এটি ছিল উস্কানিহীন এবং পূর্বপরিকল্পিত; একটি সার্বভৌম বিদেশি রাষ্ট্রের ওপর এই হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই সংঘাতের কারণে এ অঞ্চলে তেজস্ক্রিয়তার ঝুঁকি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
রাশিয়া ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রেক্ষাপটে এ মন্তব্য করেছে। ওই কেন্দ্রে হওয়া হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে এটি পরিচালনাকারী রুশ কোম্পানি সেখান থেকে প্রায় ১০০ কর্মীকে সরিয়ে নিয়েছে।
সূত্র: আলজাজিরা।