যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান ‘চূর্ণবিচূর্ণ করে দেওয়ার মতো’ পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময়ে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বক্তব্যে ওই ইরানি কর্মকর্তা বলেন, সাম্প্রতিক হামলার জবাব দিতে তেহরান প্রস্তুতি নিচ্ছে এবং এই প্রতিক্রিয়া হবে কঠোর ও বিধ্বংসী।
রয়টার্সকে দেওয়া পৃথক আরেক মন্তব্যে একই কর্মকর্তা জানান, শনিবার ইসরায়েল হামলা চালানোর পর ইরান প্রতিশোধমূলক পদক্ষেপের প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার জবাবে ইরানের পাল্টা আঘাত হবে ‘চূর্ণকারী’।
এর আগে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। দেশটির রাজধানী তেহরানে আকস্মিক মিসাইল হামলা চালানো হয়। এদিন সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ-এর ঘোষণার পর এ হামলা চালানো হয়।
সংবাদমাধ্যম আল জাজিরাকে এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের ওপর হামলাটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান হিসেবে পরিচালিত হয়েছে।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘পূর্বপ্রতিবন্ধক হামলা’ হিসেবে উল্লেখ করেন। সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলার আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে এমন সম্ভাবনার প্রেক্ষিতে পূর্বসতর্কতামূলক বার্তা দেওয়া হয়েছে।