দক্ষিণ গাজার শহর খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তাদের এক সৈন্য মারা গেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, খান ইউনিসে প্যারাট্রুপার্স রিকনাইস্যান্স ইউনিটের এক সৈন্য নিহত হয়েছেন। তবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ইসরায়েলের সরকারি গণমাধ্যম কেএএন জানিয়েছে, ভুলবশত ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ওই সেনা নিহত হয়েছেন। সেনাবাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।
এর ফলে ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর নিহত ইসরায়েলি সেনার সংখ্যা বেড়ে হলো ৯২৫ জন। তাদের মধ্যে স্থলযুদ্ধে মারা গেছেন ৪৭১ জন।
১০ অক্টোবর থেকে গাজায় মার্কিন-সমর্থিত একটি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর রয়েছে। এর ফলে দুই বছর ধরে চলা এ যুদ্ধ বন্ধ হয়েছে।
২০২৩ সালের অক্টোবর থেকে এই যুদ্ধে ৭২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া ১,৭১,০০০ জনেরও বেশি আহত হয়েছেন।