Image description

সাম্প্রতিক সময়গুলো স্বপ্নের মতো কেটেছে ন্যাশনাল ক্র্যাশ রাশমিকা মান্দানার। ২৬ ফেব্রুয়ারি বিজয় দেবরাকোন্ডাকে বিয়ে করেন অভিনেত্রী। বিয়ের ছবি দিয়ে অনলাইনে ভক্ত-অনুরাগীদের মাতিয়ে রাখেন। এবার একটি পুরোনো অডিও ক্লিপকে কেন্দ্র করে চরম রাগান্বিত রাশমিকা। দিলেন আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি।

 

বিয়ের আনুষ্ঠানিকতার মধ্যেই সেই অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হন নায়িকা। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া ওই অডিওটি তার মা সুমন মন্দানার সঙ্গে রাশমিকার সাবেক প্রেমিক অভিনেতা রক্ষিত শেট্টির কথোপকথনের।

 

অডিও ভাইরালের ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে রাশমিকা জানান, তার ও তার পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন করা হয়েছে। প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপও নিতে পারেন।

 

অডিওটি প্রায় আট বছর আগের। সেখানে রাশমিকার মাকে বলতে শোনা যায়, ‘ভালোই হয়েছে ওদের বিচ্ছেদ হয়ে গিয়েছে।’ ওই সময় জাঁকজমকপূর্ণ বাগদান সারেন রাশমিকা ও রক্ষিত। একবছরের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায়। যদিও এ নিয়ে কখনোই মুখ খোলেননি দুই তারকা। ওই সময়ের অডিওটি এখন প্রকাশ পায়।

 
 

 

ক্ষিপ্ত রাশমিকা স্পষ্ট জানান, এ ধরনের ঘটনা তিনি সহ্য করবেন না। যারা ইচ্ছাকৃতভাবে এই অডিও ছড়াচ্ছেন বা ব্যক্তিগত তথ্য প্রকাশ করছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নেটিজেনদের মতে, বিয়ের ঠিক পরই পরিকল্পিতভাবে ভিডিওটি ভাইরাল করা হয়েছে। নতুন জীবনে অশান্তি তৈরির জন্যই এমনটা করা হচ্ছে বলেও মনে করেন অনেকে। রাশমিকা প্রতিক্রিয়া জানানোর পর বিষয়টি নিয়ে আরও চর্চা শুরু হয়েছে।