Image description

সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশজুড়ে মুসলমানদের প্রতি আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহবান জানিয়েছেন। চাঁদ দেখার ওপর নির্ভর করে এবারের রমজান শুরু হতে পারে আগামী ১৮ অথবা ১৯ ফেব্রুয়ারি। আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছেম এক বিবৃতিতে আদালত জানিয়েছে, কেউ খালি চোখে বা দূরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে যেন নিকটবর্তী আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধন করেন। এছাড়া নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করে আদালতে পৌঁছাতে সহায়তা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।

রমজান ইসলামি চান্দ্র বর্ষবর্ষের নবম মাস এবং মুসলমানদের জন্য এটি সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত। এ মাসে মুসলমানরা ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজা পালন করেন। এ সময় তারা খাদ্য, পানীয়, ধূমপান এবং অন্যান্য শারীরিক চাহিদা থেকে বিরত থাকেন। 

সূর্যাস্তের পর ইফতারের মাধ্যমে রোজা ভাঙা হয়। আর ভোরের আগে সাহরি করেন। পবিত্র এ মাসে উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত (জিসিসি) দেশগুলোয় সরকারি এবং অনেক বেসরকারি প্রতিষ্ঠানের কর্মঘণ্টা সাধারণত কমিয়ে আনা হয়।