ইসরাইলের গাজা যুদ্ধের প্রেক্ষাপটে গণহত্যায় সহযোগিতার অভিযোগে দুই ইসরাইলি নারীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ফ্রান্সের কর্তৃপক্ষ।
ফরাসি সংবাদপত্র লে মদ সোমবার (২ ফেব্রুয়ারি) জানায়, ডানপন্থী কর্মী নিলি কুফার-নাউরি ও র্যাচেল তিউতুছ-এর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। দুজনই ইসরাইলি নাগরিকত্বের পাশাপাশি ফরাসি নাগরিকত্বও ধারণ করেন। অভিযোগ অনুযায়ী, তারা অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন। খবর ওয়াফা নিউজ এজেন্সির।
নিলি কুফার–নাউরি একজন ফরাসি–ইসরাইলি আইনজীবী এবং ‘ইসরাইল ইজ ফরএভার’ নামের একটি দাতব্য সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি। সংস্থাটি নিজেদের লক্ষ্য হিসেবে ফরাসিভাষী জায়নিস্ট শক্তিগুলোর সংগঠিতকরণকে উল্লেখ করে। অন্যদিকে র্যাচেল তিউতুছ ‘তসাভ ৯’ নামের একটি সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন। অভিযোগে বলা হয়, মানবিক সহায়তা বাধাগ্রস্ত করার ক্ষেত্রে দুজনই ভূমিকা রেখেছেন।
আরব ৪৮ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, কুফার–নাউরি গ্রেফতারি পরোয়ানার বিষয়টি নিশ্চিত করে জানান, এর ফলে তার ফ্রান্সে প্রবেশ করতে না পারার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, তার ফরাসি কারাগারে যাওয়ার কোনো ইচ্ছা নেই। একই সঙ্গে তিনি দাবি করেন, তসাভ ৯-এর আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধেও ফ্রান্সে তদন্ত চলছে।
ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এই আইনি প্রক্রিয়ায় কয়েকটি ফিলিস্তিনপন্থি সংগঠন অংশ নিচ্ছে। এর মধ্যে রয়েছে ফিলিস্তিনি মানবাধিকার সংস্থা আল-হাক, যাকে এর আগে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছিল।