Image description

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) ফ্রান্স কার্যালয়ে অভিযান চালিয়েছে প্যারিসের সরকারি কৌঁসুলির সাইবার ক্রাইম ইউনিট। একই সঙ্গে ইলন মাস্ক ও এক্সের সাবেক প্রধান নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে আগামী এপ্রিলে শুনানিতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।

কৌঁসুলির দপ্তর জানায়, ২০২৫ সালের জানুয়ারি থেকে চলমান একটি তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালিত হয়েছে। তদন্তে এক্স প্ল্যাটফর্মের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহ এবং শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ বা ছড়াতে সহায়তার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তের শুরুতে এক্স-এর অ্যালগরিদমের মাধ্যমে কোন ধরনের কনটেন্ট ব্যবহারকারীদের দেখানো হচ্ছে, তা পরীক্ষা করা হয়। পরে ২০২৫ সালের জুলাইয়ে তদন্তের পরিধি বাড়িয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট গ্রোককেও এতে অন্তর্ভুক্ত করা হয়।

এক্স এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে এর আগে প্রতিষ্ঠানটি অভিযোগগুলোকে ‘বাকস্বাধীনতার ওপর আক্রমণ’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছিল।

কৌঁসুলিরা আরও জানিয়েছেন, এক্স শিশুদের পর্নোগ্রাফিক কনটেন্ট সংরক্ষণ বা বিতরণে সহায়তা করেছে কি না, ডিপফেক পর্নোগ্রাফির মাধ্যমে ব্যক্তির সম্মানহানি হয়েছে কি না এবং সংঘবদ্ধভাবে প্রতারণামূলক তথ্য সংগ্রহে প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়েছে কি না—এসব বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে যুক্তরাজ্যের তথ্য কমিশনারের কার্যালয় (আইসিও) এক্সের এআই চ্যাটবট গ্রোকের বিরুদ্ধেও নতুন করে তদন্ত শুরু করেছে। ক্ষতিকর যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরির আশঙ্কার কারণেই এই তদন্ত শুরু করা হয়েছে।
শীর্ষনিউজ