জর্জিয়ায় ইসরায়েলি ক্লাব হাপোয়েল বিয়ার-শেভার বিপক্ষে উয়েফা ইউরোপা লিগের ম্যাচে ফিলিস্তিনপন্থি ব্যানার প্রদর্শনের জেরে জর্জিয়ান পুলিশের ব্যাপক নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন তুরস্কের ফুটবল ক্লাব বেসিকতাসের সমর্থকরা। দেশে ফিরে তারা ওই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, পুলিশের আচরণ দেখে তাদের মনে হয়েছিল তারা জর্জিয়ায় নয়, বরং ইসরায়েলে অবস্থান করছেন।
বেসিকতাসের ‘চারসি বিঙ্গোল’ ফ্যান গ্রুপের ওই সমর্থকরা জর্জিয়ার বাতুমি শহর থেকে সড়কপথে এরজুরুম হয়ে তুরস্কের বিঙ্গোল প্রদেশের কার্লিওভা জেলায় পৌঁছান। সেখানে স্থানীয় বাসিন্দারা আতশবাজি (ফ্লেয়ার) জ্বালিয়ে তাদের বীরোচিত সংবর্ধনা জানান। পরবর্তীতে বিঙ্গোল শহরের প্রবেশমুখেও স্থানীয়রা তাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
‘আমাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনের নিপীড়নের কথা বিশ্বকে জানানো’ ফ্যান গ্রুপটির সদস্য এরকান গুরসাচতি সাংবাদিকদের জানান, গ্যালারিতে দখলদারিত্ব প্রতিরোধ করো, ফিলিস্তিনের মুক্তি চাই- লেখা ব্যানার প্রদর্শনের পর জর্জিয়ান পুলিশ তাদের ওপর চরম শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তিনি বলেন, সীমান্ত পার হওয়ার পর থেকেই ম্যাচ শেষ হওয়া পর্যন্ত তারা আমাদের হয়রানি করেছে। পুলিশ সমর্থকদের ওপর এমন সহিংসতা চালিয়েছে, যা কোনোভাবেই কাম্য নয়। সব বাধা পেরিয়ে আমরা ব্যানারটি প্রদর্শন করতে পেরেছি। আমাদের লক্ষ্য ছিল ফিলিস্তিনের ওপর চলা নিপীড়নের কথা বিশ্বকে জানানো; আমরা সফল হয়েছি ভেবে আনন্দিত।
গ্রুপের সমন্বয়ক ইলিয়াস কিরচিচেক জানান, পুলিশের ছোড়া পিপার স্প্রে এবং মারধরের কারণে তাদের গলার স্বর বসে গেছে। তিনি বলেন, প্রতিপক্ষ ইসরায়েলি দল হওয়ায় তারা স্বাভাবিকের চেয়েও বেশি জোরালো কণ্ঠে স্লোগান দিয়েছেন। গাজা ও ফিলিস্তিনের পক্ষে সচেতনতা তৈরিতে যেকোনও ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার কথা জানিয়ে তিনি অভিযোগ করেন, জর্জিয়ায় প্রবেশের পর থেকেই তুরস্ক, ফিলিস্তিন বা বেসিকতাসের পতাকা দেখলেই পুলিশ আক্রমণাত্মক আচরণ করছিল। এ ঘটনায় বেশ কয়েকজন সমর্থক আহত এবং কয়েকজন আটক হন।
‘বন্ধুরা গুরুতর আঘাত পেয়েছে, কেউ কেউ জ্ঞান হারিয়েছে’
আরেক সমর্থক আব্দুলমুতালিপ কালকান জর্জিয়ান পুলিশের বিরুদ্ধে ইসরায়েলি পুলিশের মতো আচরণ করার অভিযোগ তুলে বলেন, আমাদের মনে হয়েছিল আমরা জর্জিয়ায় নই, ইসরায়েলে আছি। আমাদের বন্ধুদের ওপর প্রচণ্ড আঘাত করা হয়েছে এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলেন। তিনি জানান, ম্যাচের আগে পুলিশ ব্যানারটি সরিয়ে নিলেও সমর্থকরা পরে তা আবার টাঙাতে সক্ষম হন। পুলিশের এই নিষ্ঠুরতার কারণেই তাদের বার্তাটি বিশ্বজুড়ে আরও বেশি মানুষের কাছে পৌঁছে গেছে বলে মন্তব্য করেন তিনি।
‘দেশের শক্তি আমাদের পেছনে ছিল’
গ্রুপের অপর সদস্য ইউসুফ বেরি জানান, এই ঘটনার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জর্জিয়া কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা দেশের শক্তিশালী সমর্থন অনুভব করেন। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্যাতনের পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নেওয়া হয়েছে। তারা আমাদের একা ছেড়ে দেননি।
গ্যালারির ঘটনায় ৪০ মিনিট বন্ধ ছিল খেলা
গত বুধবার জর্জিয়ার বাতুমিতে বেসিকতাস ও হাপোয়েল বিয়ার-শেভার মধ্যকার ইউরোপা লিগের ম্যাচ চলাকালীন গ্যালারিতে সমর্থকদের ওপর পুলিশের এই ‘অসামঞ্জস্যপূর্ণ বলপ্রয়োগের’ ঘটনা ঘটে। ম্যাচের আগেও ফিলিস্তিনি পতাকা প্রদর্শন করায় সমর্থকদের ওপর পিপার স্প্রে ও লাঠিচার্জ করে পুলিশ।
গ্যালারিতে উত্তেজনা ছড়িয়ে পড়লে ড্যানিশ রেফারি মর্টেন ক্রগ ও দুই দলের খেলোয়াড়রা মাঠ ছেড়ে ড্রেসিংরুমে চলে যান এবং বেসিকতাসের খেলোয়াড়রা সমর্থকদের শান্ত করার চেষ্টা করেন। প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকার পর পুনরায় ম্যাচ শুরু হয়, যাতে হাপোয়েল বিয়ার-শেভাকে ২-১ গোলে পরাজিত করে বেসিকতাস।