গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের জোরপূর্বক ‘মানবঢাল’ হিসেবে ব্যবহারের কথা স্বীকার করেছেন ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সেনা ও কমান্ডাররা। বুধবার রাতে দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানে প্রচারিত একটি অনুসন্ধানী প্রামাণ্যচিত্রে তাদের এই স্বীকারোক্তি উঠে এসেছে।
বুধবার রাতে কানের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র সিরিজ ‘জমান এমেত’ (রিয়েল টাইম বা সত্যের সন্ধানে)-এর এক ঘণ্টার বিশেষ পর্বে মানবঢাল ব্যবহারের বিস্তারিত চিত্র তুলে ধরা হয়। এতে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের প্রকাশ্য সাক্ষ্যও প্রচার করা হয়।
প্রামাণ্যচিত্রে বলা হয়, গাজায় সামরিক অভিযান পরিচালনার সময় বিভিন্ন ইউনিট নিরীহ ফিলিস্তিনিদের জোরপূর্বক নিয়োগ করে গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঝুঁকিপূর্ণ স্থানে আগাম তল্লাশি চালানোর কাজে ব্যবহার করেছে। এর উদ্দেশ্য ছিল ইসরাইলি সেনাদের প্রাণহানির ঝুঁকি কমানো। এ কাজে কোনো কার্যকর তদারকি ছিল না। এমনকি ঊর্ধ্বতন কমান্ডাররাও বিষয়টি উপেক্ষা করেছেন। শেষ পর্যন্ত নিম্নপদস্থ সেনাদের উদ্যোগেই এ কাজ বন্ধ হয়।
সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে মানবঢাল হিসেবে ব্যবহৃত ব্যক্তিদের ভিন্ন ভিন্ন সাংকেতিক নামে ডাকা হতো। এসব নামের মধ্যে ছিল ‘হিউম্যান প্ল্যাটফর্ম’, ‘শাভিশ’—নিম্নপদস্থ সেনা বোঝাতে ব্যবহৃত একটি কথ্য শব্দ—এবং ‘মসকুইটো’ বা মশা।
সেনাদের স্বীকারোক্তি অনুযায়ী, সামরিক চেকপোস্ট থেকে আটক কিংবা যুদ্ধক্ষেত্র থেকে সরে যাওয়ার পথে পাওয়া নিরীহ ফিলিস্তিনিদের বেছে নিয়ে এসব কাজে ব্যবহার করা হতো। তাদের হাত বেঁধে, চোখ ঢেকে বিপজ্জনক ভবনে প্রবেশ করানো হতো। এমনকি তাদের মধ্যে একজনের বয়স ছিল প্রায় ১৬ বছর।
এক সেনা জানান, তাদের ইউনিটে দুই ফিলিস্তিনিকে দিয়ে এক দিনে চার থেকে ছয়টি ভবনে তল্লাশি চালানো হয়েছিল। আরেক কর্মকর্তা জানান, মোহাম্মদ নামের এক ফিলিস্তিনিকে প্রায় দুই সপ্তাহ ধরে এ কাজে ব্যবহার করা হয়। ওই ব্যক্তি বারবার তার মা-বাবার কাছে ফিরে যাওয়ার আকুতি জানাতেন।
প্রামাণ্যচিত্রের তথ্য অনুযায়ী, ফিলিস্তিনিদের মানবঢাল হিসেবে ব্যবহারের ঘটনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয়। তবে সুনির্দিষ্ট কোনো পরিসংখ্যান নেই। যুদ্ধ চলাকালে কতজন ফিলিস্তিনিকে এভাবে ব্যবহার করা হয়েছে, তা-ও অজানা। কারণ, এসব ঘটনার যথাযথ নথি সংরক্ষণ করা হয়নি। তবে কয়েকজন সেনাসদস্য দাবি করেছেন, কিছু ইউনিটের প্রতিটি কোম্পানিতেই একজন করে ‘মসকুইটো’ ছিল।
একাধিক ঘটনায় ইসরাইলি সেনাদের গুলিতে মানবঢাল হিসেবে ব্যবহৃত ফিলিস্তিনিরা নিহত হন। তাদের কেউ কেউ সেনাদের পোশাক পরা থাকলেও তাদের শরীরে কোনো সুরক্ষাসামগ্রী ছিল না।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় যুদ্ধ শুরুর দিকে আটক ফিলিস্তিনিদের নিয়মিতভাবে বিভিন্ন ভবন ও সুড়ঙ্গে প্রবেশ করে তল্লাশি চালাতে বাধ্য করা হতো বলে আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। অথচ ইসরাইলি সামরিক বাহিনীর নীতিমালায় এ ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ বলে দাবি করা হয়েছিল।
২০২৪ সালের আগস্টে ইসরাইলি দৈনিক হারেৎজ প্রথম গাজায় ইসরাইলি সেনাবাহিনীর মানবঢাল ব্যবহারের বিষয়টি প্রকাশ্যে আনে। এরপর এ ধরনের ঘটনায় অন্তত ১০টি ফৌজদারি তদন্ত শুরু করার কথা স্বীকার করে আইডিএফ।
প্রতিবেদনে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ উঠে এসেছে। যদিও ইসরাইল বরাবরই দাবি করে আসছে, হামাস গাজার বেসামরিক জনগণ ও আবাসিক স্থাপনাকে সামরিক কর্মকাণ্ডে ব্যবহার করে।
সূত্র: টাইমস অব ইসরাইল