Image description

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের ‘অসঙ্গত’ অংশগুলো মানবেন না বলে জানিয়েছেন মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। গাম্বিয়ার দায়ের করা মামলাকেও তিনি ‘একপাক্ষিক অভিযোগ’ আখ্যা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’-এর বরাতে এএফপি-জিজি এসব তথ্য জানিয়েছে।

মিন অং হ্লাইং বলেন, ‘দায়িত্বশীল দেশ হিসেবে উপযুক্ত পদক্ষেপই নেবে মিয়ানমার। তবে আমাদের কাছে অনুপযুক্ত শর্তগুলো মানব না।’

গাম্বিয়ার মামলাকে ‘একপাক্ষিক অভিযোগ’ আখ্যা দিয়ে মিন অং হ্লাইং দাবি করেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের সুনামকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।

গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের খবরে আরও বলা হয়, দেশের নেতা হিসেবে ঘটে যাওয়া সব বিষয়ের জন্য নিজেকেই প্রাথমিকভাবে দায়ী মনে করেন মিন অং হ্লাইং। পাশাপাশি তিনি জানান, জাতিকে হেয়প্রতিপন্ন করে এমন কোনো পদক্ষেপ তিনি নেবেন না।

এর আগে গত শুক্রবার মিয়ানমার সরকার আইসিজের রায়কে ‘অত্যন্ত হতাশাজনক’ ও ‘অন্যায়’ বলে বর্ণনা করেছিল।

২০১৭ সালে রাখাইনে রোহিঙ্গাদের ওপর সামরিক দমন-পীড়নের সময় সেনাবাহিনীর প্রধানের দায়িত্বে ছিলেন মিন অং হ্লাইং। পরে ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে দেশজুড়ে চলমান গৃহযুদ্ধের সূচনা করেন তিনি। চলতি বছর অত্যন্ত নিয়ন্ত্রিত নির্বাচনে বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসেন মিন অং হ্লাইং।

 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ঘুড়ি ওড়াচ্ছে রোহিঙ্গা শিশুরা। ছবি: রয়টার্স
কক্সবাজারের উখিয়ার কুতুপালং আশ্রয়শিবিরে ঘুড়ি ওড়াচ্ছে রোহিঙ্গা শিশুরা। ছবি: রয়টার্স

গত সপ্তাহে ৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার জন্য দায়ী করে রায় দেয় আইসিজে। আদালত প্রমাণ পেয়েছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে। নারীদের ওপর ‘ব্যাপক যৌন সহিংসতা’ ও শিশুদের ওপর ‘চরম নির্যাতন’ চালিয়েছে। লাখ লাখ রোহিঙ্গাকে প্রতিবেশী বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য করেছে।

রায়ে শরণার্থীদের নিরাপদে দেশে ফেরার সুযোগ দেওয়া ও ক্ষতিপূরণ প্রদানের জন্য মিয়ানমারকে নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি গণহত্যায় জড়িত সব ব্যক্তির তদন্ত ও শাস্তি নিশ্চিত করতেও বলা হয়েছে।

তথ্যসূত্র: দ্য জাপান টাইমস