Image description

ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল লন্ডন। গোটা সংগঠনসহ তাদের চার শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে ব্রিটিশ সরকার। মঙ্গলবার ব্রিটিশ পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের প্রকাশিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সরকারের অভিযোগ, ইয়েমেনে নতুন করে সংঘাত শুরু করেছে হুতিরা। সৌদি আরবের বেসামরিক অবকাঠামোয় তাদের হামলায় প্রাণহানিও ঘটেছে। পাশাপাশি বাব আল-মান্দেব প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলায় ব্যাহত হচ্ছে বিশ্বব্যাপী পণ্য সরবরাহ। এর ফলে ব্রিটিশ পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় বাড়ছে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেছেন, ‘আমাদের অংশীদার ও নিরপরাধ বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হুতিদের নতুন আগ্রাসন অগ্রহণযোগ্য। তাদের জবাবদিহির আওতায় আনতেই হবে।’

মিলিব্যান্ড আরও জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করার পাশাপাশি ব্রিটিশ জনগণের জীবনযাত্রার ব্যয় বাড়ায়, এমন কর্মকাণ্ডের মুখে তার সরকার নীরব থাকবে না। ব্রিটিশ মূল্যবোধ ও স্বার্থ রক্ষায় লন্ডন সবসময় পদক্ষেপ করবে।

 

‘আনসার আল্লাহ’ নামে পরিচিত সংগঠনটিত সম্পদ জব্দ করা হবে। ব্রিটেন-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালনায় অংশগ্রহণেও নিষেধাজ্ঞা থাকবে। চার কর্মকর্তার ক্ষেত্রে এর পাশাপাশি যুক্তরাজ্যে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

নিষেধাজ্ঞা পাওয়া ব্যক্তিরা হলেন হুতিদের স্বরাষ্ট্রমন্ত্রী আবদুলকরিম আমির আল-দিন হুসেইন আল-হুতি, নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগের প্রধান আবদুল হাকিম হাশেম আলি আল-খাইওয়ানি, বিচারক মোহাম্মদ মুফলেহ এবং জ্যেষ্ঠ সরকারি প্রসিকিউটর সারিম আল-দিন মুফাদ্দাল।

ব্রিটেনের অভিযোগ, আবদুলকরিমের নিয়ন্ত্রণাধীন বন্দিশালায় বৈদ্যুতিক শক, মারধর ও যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। নারী বন্দিদের ধর্ষণ ও নির্যাতনে মুফাদ্দালের প্রত্যক্ষ সংশ্লিষ্টতা কিংবা প্রশ্রয় দেওয়ার সন্দেহ রয়েছে। মুফলেহের বিরুদ্ধে ব্যক্তিস্বাধীনতা ও নিরাপত্তার অধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।

এর আগে ১২ নভেম্বর ব্রিটেনের নেতৃত্বে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ইয়েমেন-সংক্রান্ত নিষেধাজ্ঞা আরও এক বছরের জন্য নবায়ন করে।

২০১৪ সালের সেপ্টেম্বরে ইয়েমেনের রাজধানী সানা দখল করে হুতিরা। পরের বছর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে সামরিক হস্তক্ষেপ করে সৌদি নেতৃত্বাধীন জোট। ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির পর সংঘাতের তীব্রতা কমেছিল। তবে চলতি বছরের জুলাই থেকে পরিস্থিতির আবার অবনতি ঘটে।

নতুন সংঘাতে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ ইয়েমেনি। সেপ্টেম্বরে জাতিসংঘের জরুরি আবেদনে সাড়া দিয়ে এক কোটি পাউন্ড সহায়তার ঘোষণা দেয় ব্রিটেন। চলতি বছর ইয়েমেনের জন্য দেশটির মানবিক সহায়তার পরিমাণ ১০ কোটি ৪০ লাখ পাউন্ড।

লন্ডন জানিয়েছে, নিষেধাজ্ঞার কারণে মানবিক সহায়তা ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ যাতে ব্যাহত না হয়, সে জন্য বিশেষ অনুমতিও দেওয়া হয়েছে। সৌদি আরবের প্রতিরক্ষায় সহযোগিতা অব্যাহত রাখবে ব্রিটেন।

 

তবে নিষেধাজ্ঞার পাশাপাশি জাতিসংঘের মধ্যস্থতায় রাজনৈতিক সমাধান চায় লন্ডন।