গাজায় নারী ও মেয়েশিশুদের ওপর গত তিন বছর ধরে ইসরাইলি বাহিনী নির্যাতন ও ক্ষয়ক্ষতি চালিয়েছে। এসব সহিংসতাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলের চলমান গণহত্যার অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
‘নো কন্ডিশনস ফর লাইফ: উইমেন, গার্লস অ্যান্ড দ্য জেন্ডারড ডাইমেনশনস অব ইসরাইলস জেনোসাইড অ্যাগেইনস্ট প্যালেস্টিনিয়ানস ইন গাজা’ শীর্ষক এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছে সংস্থাটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ২০২৬ সালের ১ অক্টোবর পর্যন্ত ইসরাইলি সামরিক বাহিনী গাজায় নারী ও মেয়েশিশুদের হত্যা, আহত, জোরপূর্বক বাস্তুচ্যুত এবং বেআইনিভাবে আটক করেছে।
এছাড়া গাজার নারী ও মেয়েশিশুদের মৌলিক ও প্রজননস্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা হয়েছে। একই সঙ্গে তাদের খাদ্যসংকট ও অনাহারের মধ্যে রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে অ্যামনেস্টি।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘এই নতুন প্রতিবেদন ইসরাইলের গণহত্যার গভীর লিঙ্গভিত্তিক দিকগুলো সামনে এনেছে। এতে নারী ও মেয়েশিশুদের ওপর চালানো ভয়াবহ নিপীড়নের নতুন তথ্য উঠে এসেছে, যা তাদের জীবনকে বিপর্যস্ত করে চলেছে।
সেই সঙ্গে তথাকথিত যুদ্ধবিরতি সত্ত্বেও তাদের চরম যন্ত্রণার মধ্যে ঠেলে দিয়েছে। ’
তিনি আরো বলেন, আমাদের প্রতিবেদনটি প্রমাণ করে যে, হামাস ও ইসরাইলের মধ্যে ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরাইল গণহত্যা চালিয়ে যাচ্ছে। গাজার ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিতভাবে এমন জীবন পরিস্থিতি চাপিয়ে দিয়েছে ইসরাইল, যার উদ্দেশ্য তাদের বিনাশ ঘটানো এবং তাদের গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতিসাধন করা। ’ সূত্র: আলজাজিরা
শীর্ষনিউজ