দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার কার্তাহেনা শহরের একটি সুপারমার্কেটে ঢুকে প্রায় ৩০ জনকে জিম্মি করেছিল একদল সশস্ত্র ব্যক্তি। মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে রাত নাগাদ জিম্মিদের মধ্যে ১০ জনকে মুক্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে পাঁচজনই বয়স্ক নারী। এখনো প্রায় ২০ জন বন্দুকধারীদের হাতে জিম্মি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জিম্মিদের উদ্ধারে ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে নৌবাহিনী ও বিশেষ বাহিনীর সদস্যদের নিয়ে বড় ধরনের অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে। এ অভিযানের নেতৃত্ব দিতে কার্তাহেনায় যাওয়ার কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
প্রাথমিকভাবে প্রেসিডেন্ট বলেন, দেশটিতে দীর্ঘদিন ধরে চলা সশস্ত্র সংঘাত ও অপরাধী গোষ্ঠীগুলোর সহিংসতার প্রেক্ষাপট থাকলেও সুপারমার্কেটে জিম্মি করার ঘটনাটি সম্ভবত সাধারণ অপরাধীদের একটি ব্যর্থ ডাকাতির চেষ্টা থেকে ঘটেছে।
পুলিশের বরাতে জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে লা কাস্তেয়ানা এলাকার একটি সুপারমার্কেটে প্রবেশ করে বন্দুকধারীরা। তাদের পরিকল্পনা ছিল, দোকানের আগের দিনের বিক্রির টাকা সংগ্রহ করতে আসা একটি সাঁজোয়া অর্থবাহী গাড়ি লুট করা। নিরাপত্তা ক্যামেরায় সন্দেহজনক গতিবিধি দেখে কর্মীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সুপারমার্কেটটি ঘিরে ফেলে।
জিম্মিদের মধ্যে দোকানের কর্মী ও ক্রেতারাও রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এক কর্মীর বাবা বার্তা সংস্থা এএফপিকে জানান, তার ছেলে দোকানে কাজ করছিল। কিন্তু সে এখনো বাড়ি ফেরেনি এবং ফোনেও যোগাযোগ করা যাচ্ছে না।
এদিকে গত কয়েক দিন ধরে কলম্বিয়ায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। সোমবার রাতে মেতা বিভাগের সরকারি দপ্তরের বাইরে গাড়িবোমা বিস্ফোরণে একজন নিরাপত্তাকর্মী নিহত এবং ২০ জনের বেশি আহত হন। এ হামলার জন্য ফার্কের (কলম্বিয়ার বিপ্লবী সশস্ত্র বাহিনী) একটি বিদ্রোহী অংশকে দায়ী করেছেন প্রেসিডেন্ট।
এ ছাড়া দেশটির কুকুতা শহরে ড্রোন থেকে বোমা হামলার ঘটনায় তিনজন বেসামরিক নাগরিক আহত হন। আহতদের মধ্যে ১৮ মাস বয়সী একটি শিশুও রয়েছে। হামলাটি স্থানীয় পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে চালানো হলেও বোমা আবাসিক এলাকায় পড়ে।
কলম্বিয়ায় কয়েক দশক ধরে সশস্ত্র সংঘাত চলছে। ২০১৬ সালে সরকার ও ফার্কের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তি স্বাক্ষরিত হলেও বিদ্রোহী গোষ্ঠীগুলোর একটি অংশ সেই চুক্তি প্রত্যাখ্যান করে। ফলে দেশটিতে সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি।
সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি।