অস্ট্রেলিয়ার সিডনিতে নওরোজ রায়েদ আমিন নামে ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি বংশোদ্ভূতকে গ্রেপ্তার করেছে ফেডারেল পুলিশ। সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে গাড়িবোমা তৈরির নির্দেশনা সংগ্রহের অভিযোগে গত শুক্রবার (২০ নভেম্বর) সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ইনগেলবার্নের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযোগ, আমিন গাড়িবোমা তৈরির পদ্ধতি ও বিস্ফোরকসংক্রান্ত নির্দেশনা সংগ্রহ করেছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়ক নথি জেনেশুনে সংগ্রহ বা তৈরির পাশাপাশি যোগাযোগমাধ্যম ব্যবহার করে সহিংস উগ্রবাদী উপকরণ সংগ্রহের অভিযোগ আনা হয়েছে।
অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ ২০ বছর কারাদণ্ড হতে পারে।
একই দিন সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০টি উপশহরে সন্দেহভাজনদের বাসা ও বিভিন্ন স্থাপনায় তল্লাশি চালায় পুলিশ। এসব এলাকার মধ্যে ইনগেলবার্ন, লাকেম্বা, ক্যাম্পবেলটাউন, ব্যাংকসটাউন, রিভেসবাই ও অবার্ন উল্লেখযোগ্য। পরে আমিনকে ক্যাম্পবেলটাউন স্থানীয় আদালতে হাজির করা হলে তাকে জামিন না দিয়ে হেফাজতে পাঠানো হয়।
এদিকে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ’র এক প্রতিবেদনে আমিনের সেপারেশনে থাকা স্ত্রী সাদিয়ার অতীত উগ্রবাদী কর্মকাণ্ডের তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে বাংলাদেশে ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও-জেএমবির সদস্য সন্দেহে সাদিয়াকে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আদালতে সংগঠনটির সদস্যপদ স্বীকারের পর তিনি কারাভোগ করেন।
বাংলাদেশি পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইংরেজিতে দক্ষ সাদিয়া সংগঠনটির এক শীর্ষ নেতার জন্য বোমা ও বিস্ফোরক তৈরির নির্দেশনাসংবলিত নথি বাংলায় অনুবাদ করেছিলেন।নিউ-জেএমবি আইএস-সংশ্লিষ্ট একটি জঙ্গি সংগঠন। বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশেই সংগঠনটি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। অস্ট্রেলিয়ায় ২০১৮ সাল থেকে সংগঠনটির ওপর এ নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।
তবে সাদিয়ার অতীত উগ্রবাদী কর্মকাণ্ডের সঙ্গে আমিনের বিরুদ্ধে আনা বর্তমান অভিযোগের কোনো যোগসূত্র পাওয়া গেছে বলে অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানায়নি।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশের উপকমিশনার হিলডা সিরেক জানান, তদন্তকারীদের ধারণা, আমিন একাই কাজ করছিলেন। তার পরিকল্পনায় কোনো নির্দিষ্ট ব্যক্তি, উপাসনালয় বা জনগোষ্ঠীকে লক্ষ্য করার তথ্য পাওয়া যায়নি। একই সঙ্গে তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কাও ছিল না বলে পুলিশ জানিয়েছে।
এ অভিযানে গ্রেপ্তার হওয়া আরও দুজনের বিরুদ্ধে পৃথক অভিযোগ আনা হয়েছে। তবে তাদের সঙ্গে আমিনের সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগের কোনো যোগসূত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
শীর্ষনিউজ