এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাথে কথিত প্রেমের সম্পর্কে জড়ানো নারী চীনের শীর্ষ গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তার সাথে যোগাযোগ রাখতেন। জেনসেন হুয়াংয়ের সাথে সম্পর্কে থাকাকালীনই এই যোগাযোগ চলত। মার্কিন গোয়েন্দা তথ্যের সূত্রের বরাতে এ খবর দিয়েছে এবিসি নিউজ। সূত্রগুলো জানায়, অ্যালিস হুয়াং নামের ওই নারী ২০২৫ সালের বসন্ত থেকে চলতি বছরের শরৎকাল পর্যন্ত চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ রেখেছেন। এই সময়ের মধ্যেই জেনসেন হুয়াংয়ের সাথে তার সম্পর্ক ছিল। এই কথিত সম্পর্কের জেরেই এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে পদত্যাগ করেন জেনসেন। তবে অ্যালিস হুয়াং চীনা গোয়েন্দাদের কাছে কোনো গোপন তথ্য পাচার করেছেন কিনা, তা মার্কিন গোয়েন্দাদের সংগৃহীত প্রমাণে এখনো স্পষ্ট নয়।
অ্যালিস হুয়াংয়ের সাথে চীনা গোয়েন্দা সংস্থার যোগাযোগের বিষয়টি প্রথম প্রকাশ করে দ্য নিউ ইয়র্ক টাইমস। পত্রিকাটি আরও জানায়, অ্যালিস হুয়াংয়ের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েই—যাকে প্রায়ই তার স্বামী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হতো—তিনিও একই চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে মার্কিন গোয়েন্দাদের কাছে প্রমাণ রয়েছে। তবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর আগে এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের শরৎকালে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে মার্কিন গোয়েন্দারা অবহিত করেন যে জেনসেন হুয়াং এমন এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছেন যিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করেন বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ধারণা, অ্যালিস হুয়াং চীনের একজন গোয়েন্দা সম্পদ বা অ্যাসেট হতে পারেন। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প জানান, অ্যালিস হুয়াং ‘গুপ্তচর’ ছিলেন কিনা তা তার জানা নেই। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াংয়ের সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘মেগাস্পিড’ যখন এনভিডিয়ার চিপ সংগ্রহ করছিল, ঠিক সেই সময়েই চীনা গোয়েন্দা কর্মকর্তার সাথে তার যোগাযোগ ছিল। কোম্পানিটির দাবি, ২০২৫ সালে অ্যালিস মেগাস্পিড ছেড়ে দেন।
রপ্তানি নিয়ন্ত্রণ লঙ্ঘন এবং চীনে এনভিডিয়ার উন্নত এআই চিপ অবৈধভাবে পাচারের অভিযোগে ২০২৪ সাল থেকেই মেগাস্পিডের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে মার্কিন ফেডারেল তদন্তকারীরা। গত সপ্তাহে এক যৌথ বিবৃতিতে বাণিজ্য ও বিচার বিভাগ এই তদন্তের বিষয়টি নিশ্চিত করে। এদিকে, এই বিষয়টি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসেছে। মার্কিন এআই চিপ কেনার ক্ষেত্রে নিষিদ্ধ বিদেশি কোম্পানির তালিকায় মেগাস্পিডকে অন্তর্ভুক্ত করতে বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের দপ্তর গড়িমসি করেছে বলে সমালোচনা হচ্ছে। সম্প্রতি ফক্স বিজনেসকে দেয়া এক সাক্ষাৎকারে অর্থমন্ত্রী স্কট বেসেন্ট প্রকাশ্যেই লুটনিকের দিকে আঙুল তুলে জানান, অন্যান্য অনেক দপ্তরই এর জন্য চাপ দিচ্ছিল, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা ছিল বাণিজ্য দপ্তরের হাতে।