Image description

ইসরাইলের ‘ইয়াশার’ দলের প্রধান গাদি আইজেনকোট শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, সংখ্যাগরিষ্ঠ জোট গঠনের প্রচেষ্টা সফল না হলে তিনি একটি সংখ্যালঘু সরকার গঠনের পথে এগোবেন—যা সম্ভবত নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) দুটি আরব দলের সমর্থনের ওপর নির্ভরশীল হবে।

সরকার গঠনের প্রচেষ্টা সম্পর্কে জনগণকে অবহিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে আইজেনকোট তার সামনে থাকা বিকল্প পথগুলোর কথা তুলে ধরেন। এসবের মধ্যে অতি-রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলোর সাথে জোট এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সাথে একটি ঐক্য সরকার গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ রয়েছে।

তবে তিনি বলেন, 'একটি বৃহত্তর সরকার গঠনের জন্য আমি যে আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি তা যদি ফলপ্রসূ না হয়, তবে আমি একটি জাতীয় জরুরি সরকার গঠন করতে চাই—যা শপথ নেওয়ার আগে বা পরে সম্প্রসারণের চেষ্টা আমি চালিয়ে যাব।'

উল্লেখ্য, ইতোপূর্বে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছিল, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এই সাবেক প্রধান আগামী ৬ ডিসেম্বর সরকার গঠনের প্রাথমিক মেয়াদ শেষ হওয়ার আগেই নেসেটে নতুন সরকারের ওপর আস্থা ভোট আয়োজনের পরিকল্পনা করছেন—এমনকি এর অর্থ যদি আরব দলগুলোর সমর্থন বা ভোটদানে বিরত থাকার ওপর নির্ভরশীল সংখ্যালঘু সরকার উপস্থাপন করাও হয়।

আইজেনকোট তার পোস্টে আরব দলগুলোর নাম উল্লেখ করা থেকে বেশিরভাগ ক্ষেত্রেই বিরত ছিলেন। অন্যদিকে, নেতানিয়াহু ‘রা’আম’ এবং ‘জয়েন্ট লিস্ট’-এর নেসেট সদস্যদের পুরোপুরি 'সন্ত্রাসের সমর্থক' হিসেবে চিহ্নিত করতে বিরামহীন প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং দাবি করছেন যে তারা ইসরাইলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

আইজেনকোট বলেছেন, তার গঠিত যেকোনো সরকারের ভিত্তি হবে নেতানিয়াহু-বিরোধী চারটি ইহুদি-নেতৃত্বাধীন দল—ইয়াশার, বি’ইয়াচাদ, দ্য ডেমোক্র্যাটস এবং ইসরাইল বেইতেইনু। তবে শেষোক্ত দলটির চেয়ারম্যান আভিগদর লিবারম্যান আরব দলগুলোর ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার অঙ্গীকার করেছেন।

ইয়াশার চেয়ারম্যান ইঙ্গিত দিয়েছেন, তিনি সেই অঙ্গীকার পরীক্ষা করে দেখতে প্রস্তুত। তিনি লেখেন, 'নেসেটের প্রতিটি সদস্যকে তাদের বিবেক অনুসরণ করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে : একটি নতুন সরকার গঠিত হবে, নাকি তারা নেতানিয়াহুকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে রেখে ইসরাইল রাষ্ট্র ও এর নাগরিকদের আরো এক দফা নির্বাচনের দিকে ঠেলে দিতে প্রস্তুত?'

আইজেনকোট যে চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন তা স্পষ্ট করে ইসরাইল বেইতেইনু দলের নবনির্বাচিত এমকে শ্যারন শারাবি শুক্রবার এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে লেখেন, 'আমি আমার প্রতিশ্রুতিতে অটল আছি এবং তা রক্ষা করে যাবো : ভেতর থেকে হোক বা বাইরে থেকে, সন্ত্রাসের সমর্থকদের ওপর নির্ভরশীল কোনো জোটের অংশ আমি হবো না। কিছু নীতি নিয়ে কোনো আপস চলে না, এবং কিছু মূল্যবোধ বিসর্জন দেয়া যায় না।'

নেতানিয়াহু : ঐতিহাসিক সন্ধিক্ষণ
এদিকে, শুক্রবার নেতানিয়াহু আবারো ঐক্য সরকারের আহ্বান জানিয়ে সতর্ক করেছেন যে দেশ একটি 'ঐতিহাসিক সন্ধিক্ষণে' দাঁড়িয়ে আছে। নেতানিয়াহু উল্লেখ করেন, 'আমরা যে চ্যালেঞ্জিং নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হচ্ছি' সে বিষয়ে তিনি গত কয়েক দিনে আইজেনকোট, লিবারম্যান এবং বেনেটের সাথে ব্রিফিং করেছেন।

২০২১ সালে সরকার গঠনের চেষ্টায় নিজেই ‘রা’আম’ দলের সাথে আলোচনার নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু বলেন, 'এটি অকল্পনীয়। আমি যতটা স্পষ্ট ভাষায় সম্ভব বলছি : এটি অবিলম্বে বন্ধ হতে হবে। ইসরাইলের ভাগ্য এখন ঝুঁকির মুখে।'

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন জায়নবাদী জোট নেসেটের ১২০টি আসনের মধ্যে ৪৮টি আসন জিতেছে, আরব দলগুলো জিতেছে ১৯টি এবং নেতানিয়াহুর ক্ষমতাসীন জোট ৫৩টি আসন পেয়ে পার্লামেন্টারি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। সূত্র : টাইমস অব ইসরাইল