Image description

যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজ নিজ দলে ভেড়াতে চেষ্টা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে তারা দুজনই আলোচনায় রয়েছেন।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, শুক্রবার হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের সামনে প্রায় ৯০ মিনিট কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তার এক হাত দূরত্বের মধ্যে প্রায় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে ছিলেন রুবিও ও ভ্যান্স। দুজনের পরনেই ছিল প্রায় একই ধরনের পোশাক। রুবিও কখনো অস্থিরভাবে নড়াচড়া করছিলেন, কখনো দীর্ঘশ্বাস ফেলছিলেন। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কখনো হাসছিলেন, কখনো ভ্রু কুঁচকে তাকাচ্ছিলেন।

বিশ্লেষকরা বলছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের শেষ দুই বছর ঘনিয়ে আসছে। এর মধ্যেই সম্ভাব্য উত্তরসূরিদের নিয়ে প্রকাশ্যে একের পর এক যোগ্যতার পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করছেন তিনি। একসময় রিয়েলিটি টেলিভিশন অনুষ্ঠানের তারকা হিসেবে পরিচিত ট্রাম্প এসব আয়োজনে বেশ আনন্দ পাচ্ছেন বলেই মনে হচ্ছে। শুক্রবারের সংবাদ সম্মেলন ছিল তারই সবশেষ উদাহরণ।

কয়েক মাস আগেও হোয়াইট হাউসের একই কক্ষে সাময়িক সময়ের জন্য ট্রাম্পের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন রুবিও ও ভ্যান্স। তখন দুজনই ট্রাম্পের পক্ষে কথা বলেছিলেন এবং তার প্রশাসনের নীতি ও কর্মসূচির যৌক্তিকতা তুলে ধরেছিলেন। ট্রাম্পও বিভিন্ন সময় সরকারি অনুষ্ঠান ও ব্যক্তিগত আলোচনায় উপস্থিত ব্যক্তিদের কাছে রুবিও ও ভ্যান্স সম্পর্কে অন্যদের মতামত জানতে চেয়েছেন।

ভ্যান্স ও রুবিও অবশ্য বরাবরই নিজেদের ভালো বন্ধু বলে দাবি করে আসছেন। আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন কি না, সে প্রশ্নেও দুজনই সরাসরি উত্তর দেওয়া এড়িয়ে গেছেন। রুবিও জানিয়েছেন, ভ্যান্স নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলে তিনি প্রার্থীই হবেন না।

তা সত্ত্বেও রিপাবলিকান পার্টির পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ট্রাম্পের উত্তরসূরি হওয়ার প্রতিযোগিতা নীরবে জোরালো হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ভ্যান্স ও রুবিওকেই সবচেয়ে এগিয়ে থাকা ব্যক্তিদের অন্যতম হিসেবে দেখা হচ্ছে।

শুক্রবারের সংবাদ সম্মেলনে ট্রাম্প একে একে দুজনকেই বক্তৃতার মঞ্চে ডেকে নেন। তারা কথা বলার সময় ট্রাম্প কখনো তাদের দিকে, আবার কখনো উপস্থিত সাংবাদিকদের দিকে তাকাচ্ছিলেন। কক্ষে থাকা কয়েক ডজন সাংবাদিকের কাছে দুজনের বক্তব্য কেমন প্রতিক্রিয়া তৈরি করছে, তা যেন পর্যবেক্ষণ করছিলেন তিনি।

Trump-vance-rubio-2
মঞ্চে ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ হন ভ্যান্স। ছবি: এপি/ইউএনবি

 

দুজনের মধ্যে প্রথমে কথা বলেন ভ্যান্স।

তিনি জানান, ট্রাম্প, রুবিও এবং প্রশাসনের অন্য কর্মকর্তারা যখন ফিলিপাইন ও চীনে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলনে অংশ নিতে বিশ্বের অন্য প্রান্তে ছিলেন, তখন দায়িত্ব অনুযায়ী তাকে ওয়াশিংটনেই থাকতে হয়েছিল।

ভ্যান্স মজা করে বলেন, জনপ্রিয় চলচ্চিত্র ‘হোম অ্যালোন’-এর মতো তাকেও ওয়াশিংটনে থেকে সবকিছু সামলাতে হয়েছে। তিনি মজা করে বলেন, ‘তবে পার্থক্য হলো, হোয়াইট হাউসের খাবার আরও ভালো ছিল এবং সোনালি রঙের সাজসজ্জাও ছিল বেশি।’

এরপর ট্রাম্পের উদ্দেশে ভ্যান্স বলেন, ‘স্যার, আপনাকে এ কদিন খুব মনে পড়েছে।’ পরে তিনি ট্রাম্পের অর্থনৈতিক নেতৃত্বের প্রশংসা করেন।

 

ইরান যুদ্ধ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা এবং মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের জন্য ওই যুদ্ধকে দায়ী করে ভ্যান্সের দেওয়া বক্তব্য নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, ‘ভ্যান্সের ওই বক্তব্য ঠিক আছে এবং এটি সঠিক।’

তবে লক্ষণীয় বিষয়, ইরান যুদ্ধের কারণে রিপাবলিকানদের রাজনৈতিক ক্ষতি হলেও যুদ্ধটি যথার্থ এবং যুক্তরাষ্ট্রের বিজয় ছিল—এমন কথা বলার সুযোগ পেয়েও ভ্যান্স তা বলেননি।

 

এ বিষয়ে ভ্যান্স বলেন, ‘আমার মনে হয়, সিদ্ধান্ত (ফের যুদ্ধ শুরুর) নেওয়ার দায়িত্ব প্রেসিডেন্টের। আর প্রেসিডেন্ট বলেছেন, প্রয়োজন হলে তিনি আবারও একই সিদ্ধান্ত নেবেন।’

ট্রাম্প যখন কথা বলছিলেন, তখন তার রসিকতায় ভ্যান্সকে হাসতে দেখা যায়। তবে বেশির ভাগ সময় তিনি সামনের দিকে দুই হাত জড়ো করে গম্ভীর মুখে স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন।

অন্যদিকে রুবিওকে ট্রাম্পের পেছনে বেশ অস্থির দেখা যায়। তিনি কখনো এদিক-ওদিক ঘুরছিলেন, কখনো নিজের টাই ঠিক করছিলেন। একপর্যায়ে বুকপকেট থেকে একটি নোট বের করে সেটি পড়তেও দেখা যায় তাকে।

বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে রুবিও স্বভাবসুলভ দ্রুতগতিতে কথা বলতে শুরু করেন। তিনি ট্রাম্পের সাম্প্রতিক এশিয়া সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি চীন ও রাশিয়ার প্রেসিডেন্টদের সঙ্গে ট্রাম্পের বৈঠক করার সিদ্ধান্তের জোরালো পক্ষে কথা বলেন।

তাকে অনেকটাই বিরক্ত দেখা যায়। মনে হচ্ছিল যেন কেউ প্রশ্ন না করলেও তিনি জবাব দিতে যেন স্বাচ্ছন্দ্য বোধ করছেন না।

Trump-vance-rubio-1
বিরক্তিভাব নিয়ে বক্তব্য শেষ করেন রুবিও। ছবি: এপি/ইউএনবি

 

রুবিও বলেন, ‘এই নেতারা যদি নিজেদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে না পারেন, একে অন্যের সঙ্গে আলোচনা করতে না পারেন এবং ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে না পারেন, তাহলে দেশের জন্য কিংবা বিশ্বের নিরাপত্তার জন্য ভালো কিছু করা অসম্ভব।’

শুক্রবারের এই আয়োজন শুধু বক্তব্য দেওয়ার দক্ষতা প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। এটি ছিল দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার ধৈর্য ও শারীরিক সক্ষমতা দেখানোরও এক পরীক্ষা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতিবছর শীতকালে কংগ্রেসে জাতির উদ্দেশে বার্ষিক ভাষণ দেওয়ার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ও ভাইস প্রেসিডেন্ট তার দুই পাশে থাকেন। পুরো ভাষণের সময় তাদের মুখ ক্যামেরায় দেখা যায়। তবে সে সময় তারা অন্তত বসে থাকার সুযোগ পান।

শুক্রবার ভ্যান্স ও রুবিওকে সেই সুযোগও দেওয়া হয়নি। হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনকক্ষে ট্রাম্প যতক্ষণ ছিলেন, পুরো দেড় ঘণ্টাই দুজনকে তার পেছনে দাঁড়িয়ে থাকতে হয়েছে। এই সময় যুক্তরাষ্ট্রের ইতিহাসে দেওয়া প্রায় সব বার্ষিক রাষ্ট্রীয় ভাষণের স্থায়িত্বের চেয়েও দীর্ঘ ছিল।

পুরো সময় যে ক্যামেরায় তাদের দেখা যাওয়ায় তারা নিজেদের অঙ্গভঙ্গির বিষয়েও যথেষ্ট সচেতন ছিলেন।

পোশাকের দিক থেকেও দুজনের মধ্যে ছিল আশ্চর্য মিল। উভয়ের পরনে ছিল গাঢ় নীল স্যুট, সাদা শার্ট ও লাল টাই। ইচ্ছাকৃতভাবে হোক কিংবা কাকতালীয়ভাবে, তাদের পোশাক ট্রাম্পের পেছনে প্রায় নিখুঁত একটি ভারসাম্য তৈরি করেছিল। তবে শারীরিক উচ্চতার দিক থেকে ভ্যান্স কিছুটা এগিয়ে ছিলেন।

তাদের পোশাকের সবচেয়ে স্পষ্ট পার্থক্য ছিল স্যুটের বুকের কাছে লাগানো মার্কিন পতাকার প্রতীকে। রুবিওর প্রতীকটি ছিল আয়তাকার, যাতে শুধু মার্কিন পতাকার তারা ও ডোরাকাটা নকশা ছিল। অন্যদিকে ভ্যান্সের প্রতীকে উড়তে থাকা মার্কিন পতাকা দেখা যাচ্ছিল।

এদিকে মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির বড় পরাজয়ের পরও দলের সমর্থকদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা শক্ত অবস্থানে রয়েছে। ওই নির্বাচনের ফলকে অনেকেই ট্রাম্পের নেতৃত্ব ও নীতির প্রতি ভোটারদের প্রত্যাখ্যান হিসেবে দেখেছেন। তা সত্ত্বেও রিপাবলিকান পার্টির মূল সমর্থকগোষ্ঠীর মধ্যে ট্রাম্পের প্রতি গভীর সমর্থন রয়েছে। ফলে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে তার সমর্থন বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্রাম্প অবশ্য ভ্যান্স ও রুবিও দুজনেরই প্রশংসা করেছেন। এমনকি ভবিষ্যতে তারা প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে একসঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তবে দুজনের কাউকে অন্যজনের চেয়ে এগিয়ে রাখতে চাননি তিনি।

শুক্রবারও একই অবস্থান বজায় রাখেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, ভ্যান্স ও রুবিওর মধ্যে কাকে তিনি বেশি ভালো প্রেসিডেন্ট মনে করেন।

জবাবে ট্রাম্প গম্ভীর ভঙ্গিতে রসিকতা করে বলেন, ‘ওহ, এই প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিচ্ছি।’

তবে শেষ পর্যন্ত তিনি কোনো উত্তর দেননি। ওই সাংবাদিকও উত্তর না পেয়ে পরবর্তী প্রশ্নে চলে যান।

সংবাদ সম্মেলনের শেষ দিকে ট্রাম্প তার নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলারকে মঞ্চে ডাকেন। মিলার বক্তব্য দিতে এসে ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি তার প্রশাসনের অর্জনের একটি দীর্ঘ তালিকা তুলে ধরেন। মিলারের বক্তব্য শেষে ভ্যান্স ও রুবিওকে উদ্দেশ করে রসিকতা করেন ট্রাম্প।

তিনি বলেন, ‘আমাদের কাছে এইমাত্র একটি বড় খবর এসেছে—এই দুজনের চেয়ে তিনি (স্টিফেন মিলার) ভালো করেছেন।’

এরপর মিলারের দিকে ফিরে ট্রাম্প মজা করে প্রশ্ন করেন, ‘তুমি কি প্রেসিডেন্ট পদে নির্বাচন করতে চাও?’