সাংবাদিকদের সঙ্গে একটি অনানুষ্ঠানিক ফুটবল ম্যাচ খেলতে গিয়ে অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে গেছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির। এ চোটের কারণে আগামী ছয় থেকে আট সপ্তাহ তাঁকে মেডিক্যাল বুট পরে থাকতে হবে। পুরোপুরি সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে প্রায় নয় মাস সময় লাগতে পারে।
শুক্রবার (২০ নভেম্বর) নিজেই এ তথ্য জানিয়েছেন ৩৫ বছর বয়সী মামদানি।
এদিন ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে সংবাদ সম্মেলনে আসেন তিনি।
এক সাংবাদিক তাঁর আঘাতের বিষয়ে জানতে চাইলে মামদানি জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে ফুটবল খেলার সময় তিনি চোট পান। খেলার আগে ওয়ার্মআপ না করাকেই আঘাত পাওয়ার কারণ হিসেবে উল্লেখ করেন তিনি।
মামদানি বলেন, ‘আমি স্ট্রেচিং করিনি।
’ তবে ফুটবলের প্রতি নিজের ভালোবাসার কথা জানিয়ে তিনি বলেন, মাঠে নামার পরপরই একটি গোল করেছিলেন। রসিকতা করে তিনি আরও বলেন, ‘আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বয়স ৩৫। ’
মামদানি জানান, শেষ পর্যন্ত তাঁর দল সাংবাদিকদের দলকে হারিয়ে জয় পেয়েছে।
ম্যাচটি অনুষ্ঠিত হয় ম্যানহাটনের ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টের একটি ইনডোর ফুটবল মাঠে।
এতে মেয়রের দপ্তরের কর্মী ও প্রায় ২৪ জন সাংবাদিক অংশ নেন। সন্ধ্যা ৭টায় খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর সেখানে পৌঁছে মাঠে নামেন মামদানি।
অ্যাকিলিস টেন্ডন হলো গোড়ালির পেছনে থাকা মোটা ও শক্তিশালী রগ, যা হাঁটা, দৌড়ানো ও লাফানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শীর্ষনিউজ