ভারত সফরে এসে তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে তার সেই ইচ্ছায় বাধা হয়ে দাঁড়িয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। তাজমহল পরিদর্শনের বিষয়টি নিরাপত্তা ছাড়পত্রের ওপর নির্ভর করলেও নিজামুদ্দিন দরগাহে যাওয়ার অনুমতি পাননি তিনি। ভারতের পক্ষ থেকে জানিয়ে দেয়া হয়েছে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) বৈঠক ছাড়া অন্য কোনো কর্মসূচিতে অংশ নেয়ার অনুমতি নেই তার। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।
ভারতের রাজধানী দিল্লিতে এ সপ্তাহে হচ্ছে এসসিওর প্রথম ‘সভ্যতাবিষয়ক সংলাপ ফোরাম’। ২০ থেকে ২২ নভেম্বর ঐতিহাসিক পুরানা কিল্লায় এই সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে দিল্লিতে অবস্থান করছেন পাকিস্তানের জলবায়ুবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক। এ সফরের সময় আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছেন তিনি। কিন্তু এসসিওর বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচির অনুমতি দেয়নি ভারত সরকার। সূত্র জানিয়েছে, মালিককে স্পষ্টভাবে জানিয়ে দেয়া হয়েছে, ভারত সফরে তিনি শুধু এসসিওর অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এর বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই তার।
২০২৩ সালে গোয়ায় এসসিওর বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এই প্রথম পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী ভারত সফর করছেন। একই সঙ্গে ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম পাকিস্তানের কোনো নেতা ভারত সফরে এলেন। গত ২৮ অক্টোবর ভারত সরকার জানায়, প্রতিষ্ঠিত রীতি অনুসরণ করে পাকিস্তানসহ এসসিওর সব সদস্য দেশকে সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদ্দিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।
এদিকে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতের কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলো। পেহেলগাম হামলার পর পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে কী এমন পরিবর্তন এসেছে, যার কারণে এখন দেশটির মন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে, সেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্ত নিয়ে মুসাদ্দিক মালিকের আগ্রাসী মন্তব্যের বিষয়টিও সামনে এনেছে তারা। উল্লেখ্য, ২০০১ সালে সাংহাইয়ে এক সম্মেলনের মধ্য দিয়ে সাংহাই সহযোগিতা সংস্থা প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্য হয়। ২০২৩ সালে সদস্যপদ পায় ইরান। ২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিওর সরকারপ্রধানদের কাউন্সিলের বৈঠক হয়েছিল। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।