রাষ্ট্রের প্রধান দায়িত্ব নাগরিকের জীবন, নিরাপত্তা ও অধিকার রক্ষা করা। কিন্তু ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে, যেখানে রাষ্ট্রই নিজের জনগোষ্ঠীর বিরুদ্ধে সংগঠিত সহিংসতার শক্তিতে পরিণত হয়েছে। তখন আইন, প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনী ও প্রচারযন্ত্র নাগরিকের সুরক্ষার বদলে নিপীড়নের হাতিয়ার হয়ে ওঠে।
এ বাস্তবতা আইনের শাসনকে একটি কঠিন প্রশ্নের মুখে দাঁড় করায়। যে রাষ্ট্রের দায়িত্ব মানুষকে রক্ষা করা, সেই রাষ্ট্রই যখন একটি জনগোষ্ঠীকে ধ্বংস করতে চায়, তখন সার্বভৌমত্ব, আইন ও আন্তর্জাতিক ন্যায়বিচারের অর্থ কী থাকে?
একটি রাষ্ট্রের বিরুদ্ধে অন্য রাষ্ট্রের মামলা এবং সেই মামলায় গণহত্যার দায় প্রতিষ্ঠা আন্তর্জাতিক আইনের ইতিহাসে বিরল ঘটনা। গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলার চূড়ান্ত রায় দেন। আদালত রায়ে বলেছেন, ২০১৭ সালে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর অভিযান গণহত্যার অপরাধে পরিণত হয়েছিল। উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যেই এসব কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল বলে আদালত সিদ্ধান্তে পৌঁছেছেন।
এটি আন্তর্জাতিক বিচার আদালতের প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যা সংঘটনের জন্য দায়ী করার রায়। এই রায়কে শুধু রোহিঙ্গাদের দীর্ঘদিনের দুর্ভোগের স্বীকৃতি হিসেবে দেখলে এর তাৎপর্য বোঝা যাবে না। এর মধ্য দিয়ে একটি মৌলিক প্রশ্ন সামনে এসেছে: রাষ্ট্র যখন নিজের জনগোষ্ঠীর অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠে, তখন তাকে কীভাবে জবাবদিহির আওতায় আনা যায়? রাষ্ট্রের সার্বভৌমত্ব কি নিজের জনগণের বিরুদ্ধে অপরাধ করার অধিকার দেয়? আন্তর্জাতিক আইনের উত্তর স্পষ্ট—দেয় না।
গণহত্যা শুধু ব্যাপক হত্যাকাণ্ডের নাম নয়। এটি একটি জনগোষ্ঠীর অস্তিত্ব, পরিচয় ও ভবিষ্যৎ নিশ্চিহ্ন করার উদ্দেশ্য প্রণোদিত অপরাধ। ১৯৪৮ সালের জাতিসংঘের গণহত্যা সনদের দ্বিতীয় অনুচ্ছেদে এর সংজ্ঞা দেওয়া হয়েছে। কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ উদ্দেশ্যে পাঁচ ধরনের কাজের যেকোনোটি করা হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে। কাজগুলো হলো: গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতি করা, তাদের ধ্বংসের উপযোগী জীবনযাপনের পরিস্থিতি তৈরি করা, জন্ম প্রতিরোধের ব্যবস্থা নেওয়া এবং শিশুদের জোর করে অন্য গোষ্ঠীতে স্থানান্তর করা।
এখানে একটি গুরুত্বপূর্ণ আইনি পার্থক্য রয়েছে। ব্যাপক হত্যাকাণ্ড, নির্যাতন বা জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটলেই তা স্বয়ংক্রিয়ভাবে গণহত্যা হয় না। এর জন্য নির্দিষ্ট জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার বিশেষ অভিপ্রায় বা specific intent প্রমাণ করতে হয়। এ কারণেই গণহত্যার বিচার আন্তর্জাতিক আইনে জটিল।
রোহিঙ্গা মামলায় আদালত শুধু হত্যাকাণ্ডের সংখ্যা বিবেচনা করেননি। হত্যার ধরন, যৌন সহিংসতা, শিশুদের ওপর নির্যাতন, গ্রাম ধ্বংস, পালিয়ে যাওয়া বেসামরিক মানুষের ওপর হামলা এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণাসহ সামগ্রিক পরিস্থিতি পরীক্ষা করেছেন। এসব কর্মকাণ্ডের পেছনে রোহিঙ্গা জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল বলে আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
রাষ্ট্র যখন নিজের জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, তখন পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। রাষ্ট্রের হাতে আইন, প্রশাসন, পুলিশ, সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা ও যোগাযোগব্যবস্থার মতো শক্তিশালী প্রতিষ্ঠান থাকে। স্বাভাবিক অবস্থায় এসব প্রতিষ্ঠানের কাজ নাগরিকের নিরাপত্তা ও অধিকার রক্ষা করা। কিন্তু কর্তৃত্ববাদী শাসনে এসব প্রতিষ্ঠান কোনো জনগোষ্ঠীকে শত্রু হিসেবে চিহ্নিত করলে পরিস্থিতি বদলে যায়। তাদের নাগরিকত্ব অস্বীকার করা হয়, চলাচল ও জীবিকার অধিকার সংকুচিত করা হয়। একপর্যায়ে তাদের বিরুদ্ধে সামরিক শক্তিও প্রয়োগ করা হয়। এভাবে রাষ্ট্রীয় ক্ষমতা নিপীড়নের কাঠামোয় পরিণত হয়।
রোহিঙ্গাদের ক্ষেত্রে এই প্রক্রিয়া একদিনে তৈরি হয়নি। কয়েক দশক ধরে তাদের নাগরিকত্ব অস্বীকার, জাতিগত পরিচয়কে অস্বীকৃতি, চলাচলে বিধিনিষেধ এবং শিক্ষা ও কর্মসংস্থানে বাধার মাধ্যমে প্রান্তিক করা হয়েছে। সামাজিকভাবেও তাদের বিচ্ছিন্ন রাখা হয়েছে। ২০১৭ সালের সামরিক অভিযান ছিল দীর্ঘদিনের এই বৈষম্য ও নিপীড়নের ভয়াবহ পরিণতি।
এখানে রাজনৈতিক সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ধারণা প্রাসঙ্গিক: Institutionalised Exclusion বা প্রাতিষ্ঠানিক বর্জন। কোনো জনগোষ্ঠীকে দীর্ঘদিন রাষ্ট্রের পূর্ণ নাগরিক হিসেবে স্বীকৃতি না দিলে তাদের অধিকার কেড়ে নেওয়া সহজ হয়। একসময় তারা রাষ্ট্রের সুরক্ষার বাইরে চলে যায়। বরং রাষ্ট্রীয় ক্ষমতার লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
রোহিঙ্গাদের অভিজ্ঞতা দেখিয়েছে, নাগরিকত্ব শুধু পরিচয়পত্র বা প্রশাসনিক স্বীকৃতির বিষয় নয়। এর সঙ্গে জীবন, নিরাপত্তা, চলাচল, সম্পত্তি, শিক্ষা ও রাজনৈতিক অস্তিত্বের সম্পর্ক রয়েছে। নাগরিকত্ব থেকে বঞ্চিত করলেই গণহত্যা প্রমাণিত হয় না। তবে এই বর্জন যখন পরিকল্পিত নিপীড়ন ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, তখন তা গণহত্যার প্রেক্ষাপট বুঝতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
গাম্বিয়ার মামলা আন্তর্জাতিক ন্যায়বিচারে ছোট রাষ্ট্রের ভূমিকার একটি উল্লেখযোগ্য উদাহরণ। ২০১৯ সালের নভেম্বরে গাম্বিয়া আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে। গাম্বিয়া সরাসরি ভুক্তভোগী রাষ্ট্র ছিল না। কিন্তু গণহত্যা সনদের সদস্য হিসেবে দেশটি যুক্তি দেয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তির দায়িত্ব শুধু আক্রান্ত রাষ্ট্রের নয়; সনদের সব সদস্য রাষ্ট্রেরই এ বিষয়ে দায়িত্ব রয়েছে।
ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনও এই উদ্যোগের পেছনে ছিল। পরবর্তী সময়ে ১১টি রাষ্ট্র মামলার কার্যক্রমে হস্তক্ষেপ করে। ফলে বিষয়টি শুধু গাম্বিয়া ও মিয়ানমারের দ্বিপক্ষীয় বিরোধে সীমাবদ্ধ থাকেনি। এটি আন্তর্জাতিক আইনের একটি বৃহত্তর প্রশ্নে পরিণত হয়েছে।
এই ঘটনা আন্তর্জাতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা সামনে আনে। সামরিক শক্তি, অর্থনীতি বা ভূরাজনৈতিক প্রভাবের বিচারে ছোট রাষ্ট্রও আন্তর্জাতিক আইন ও বহুপক্ষীয় প্রতিষ্ঠানের মাধ্যমে শক্তিশালী রাষ্ট্রের জবাবদিহির প্রশ্ন তুলতে পারে। গাম্বিয়ার উদ্যোগ দেখিয়েছে, আন্তর্জাতিক আইন শুধু শক্তিশালী রাষ্ট্রের স্বার্থ রক্ষার ব্যবস্থা নয়। রাজনৈতিক সদিচ্ছা থাকলে এটি নিপীড়িত জনগোষ্ঠীর ন্যায়বিচারের পথও তৈরি করতে পারে।
প্রশ্ন হলো, আইসিজে-এর রায় কি ব্যক্তিগত অপরাধীদের শাস্তি দেবে? এ ক্ষেত্রে একটি আইনি পার্থক্য বোঝা জরুরি। আন্তর্জাতিক বিচার আদালত রাষ্ট্রগুলোর মধ্যে বিরোধ নিষ্পত্তি করে এবং আন্তর্জাতিক আইনের অধীনে রাষ্ট্রের দায় নির্ধারণ করে। এটি কোনো ব্যক্তির ফৌজদারি বিচার করে না। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ব্যক্তির অপরাধের বিচার করে।
মিয়ানমারের সাবেক সামরিক প্রধান মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিতাড়ন ও নিপীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২৭ নভেম্বর আইসিসি-এর কৌঁসুলি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন। এ বিষয়ে প্রকাশ্যে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে আইসিজে-এর রায়ে মিয়ানমারের রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠিত হলেও দেশটির সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের ব্যক্তিগত ফৌজদারি দায় নির্ধারণের জন্য পৃথক বিচারপ্রক্রিয়া প্রয়োজন।
এই পার্থক্য গুরুত্বপূর্ণ। রাষ্ট্রের দায় প্রতিষ্ঠিত হওয়া মানেই সংশ্লিষ্ট প্রত্যেক কর্মকর্তা বা সামরিক সদস্যের ব্যক্তিগত অপরাধ আদালতে প্রমাণিত হয়ে গেছে, এমন নয়। আবার রাষ্ট্রীয় দায় প্রতিষ্ঠার পরও ব্যক্তিগত অপরাধীদের জবাবদিহির প্রয়োজন শেষ হয় না।
মিয়ানমারের প্রতিবেশী ও রোহিঙ্গা সংকটের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। বর্তমানে বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। তাদের অধিকাংশ কক্সবাজারের শিবিরে বসবাস করছেন। একটি অংশ ভাসানচরে রয়েছেন।
এই রায় বাংলাদেশের দীর্ঘদিনের একটি অবস্থানকে আন্তর্জাতিক আইনি স্বীকৃতি দিয়েছে। রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি শুধু মিয়ানমারের অভ্যন্তরীণ নিরাপত্তা অভিযান বা সাধারণ শরণার্থী সংকটের ফল নয়। এর পেছনে গণহত্যার অপরাধ সংঘটিত হয়েছে বলে আন্তর্জাতিক আদালত সিদ্ধান্ত দিয়েছেন।
তবে এ নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়ার সুযোগ নেই। আইসিজে-এর রায় রোহিঙ্গাদের স্বয়ংক্রিয়ভাবে মিয়ানমারে ফিরিয়ে দেবে না। আদালত মিয়ানমারকে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে, পরিবারগুলোকে পুনর্মিলিত করতে এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন। হারানো সম্পত্তি ফিরিয়ে দেওয়া বা ক্ষতিপূরণ, নিখোঁজ ব্যক্তিদের সন্ধান এবং বৈষম্য ও নিপীড়ন থেকে সুরক্ষার বিষয়ও রায়ের প্রতিকারের অংশ।
রায়টি আইনগতভাবে বাধ্যতামূলক। তবে আদালতের নিজস্ব কোনো পুলিশ বা সামরিক বাহিনী নেই। ফলে রায় বাস্তবায়নে মিয়ানমারের সহযোগিতা, আন্তর্জাতিক চাপ ও কার্যকর কূটনৈতিক উদ্যোগ প্রয়োজন। কোনো পক্ষ রায় বাস্তবায়নে ব্যর্থ হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বিষয়টি তোলা যেতে পারে। কিন্তু সেখানে রাজনৈতিক সমীকরণ ও স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।
বাংলাদেশের কূটনীতিতে তাই কয়েকটি বিষয় নতুন করে গুরুত্ব পাওয়া উচিত।
প্রথমত, প্রত্যাবাসন শুধু শরণার্থীদের সীমান্ত পার করে ফিরিয়ে দেওয়ার বিষয় নয়। তাদের নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা, সম্পত্তির অধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনের নিশ্চয়তা থাকতে হবে।
দ্বিতীয়ত, রোহিঙ্গাদের নিজস্ব মতামত ও অংশগ্রহণ ছাড়া প্রত্যাবাসন পরিকল্পনা করা উচিত নয়। তাদের নিরাপত্তা ও সম্মতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
তৃতীয়ত, মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও সামরিক পরিস্থিতি বিবেচনায় নিতে হবে। রাখাইন রাজ্যের বড় অংশে আরাকান আর্মির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। ফলে প্রত্যাবাসনের বিষয়ে শুধু কেন্দ্রীয় সামরিক বা বেসামরিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ যথেষ্ট নাও হতে পারে। স্থানীয় বাস্তবতা, নিরাপত্তা ও রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করার বিষয়ও গুরুত্বপূর্ণ।
এখানে আরেকটি বিষয় মনে রাখা দরকার। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অন্যান্য মানবাধিকার সংস্থা রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে আরাকান আর্মির গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে। অর্থাৎ মিয়ানমার রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় প্রতিষ্ঠিত হওয়া অন্য কোনো পক্ষের সম্ভাব্য অপরাধকে বৈধতা দেয় না। বরং সব পক্ষের অপরাধের জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে আনে।
বাংলাদেশের উচিত এই রায়কে কাজে লাগিয়ে জাতিসংঘ, ওআইসি, আসিয়ান, ইউরোপীয় ইউনিয়ন ও প্রভাবশালী দেশগুলোর সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ জোরদার করা। একই সঙ্গে শরণার্থীশিবিরে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও মানবিক সহায়তা অব্যাহত রাখতে হবে। রোহিঙ্গা সংকটের পুরো বোঝা এককভাবে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়া আন্তর্জাতিক দায়িত্বের পরিপন্থী।
মিয়ানমারের বিরুদ্ধে এই রায় গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলাসহ অন্যান্য আন্তর্জাতিক বিচারপ্রক্রিয়ার জন্যও তাৎপর্যপূর্ণ হতে পারে। তবে একটি মামলার রায় অন্য মামলার ফল নির্ধারণ করে না। প্রতিটি মামলায় প্রমাণ, অপরাধের ধরন এবং গণহত্যার বিশেষ অভিপ্রায় আলাদাভাবে বিচার করতে হয়।
এখানে আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতি গুরুত্বপূর্ণ। অপরাধের বিচার রাষ্ট্রের পরিচয়, সামরিক শক্তি কিংবা ভূরাজনৈতিক মিত্রতার ভিত্তিতে আলাদা হতে পারে না। মিয়ানমারের ক্ষেত্রে যে আইনি মানদণ্ড প্রয়োগ করা হয়েছে, একই মানদণ্ড অন্য রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।
তবে আন্তর্জাতিক ন্যায়বিচার শুধু আদালতের রায়ের ওপর নির্ভর করে না। রায় কার্যকর করতে রাজনৈতিক সদিচ্ছা, কূটনৈতিক চাপ, অস্ত্র সরবরাহ নিয়ন্ত্রণ, অর্থনৈতিক জবাবদিহি ও আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। বড় শক্তিগুলো নিজেদের কৌশলগত স্বার্থে অপরাধের প্রশ্নে নীরব থাকলে আন্তর্জাতিক আইনের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত হয়।
রোহিঙ্গাদের জন্য এই রায় দীর্ঘদিনের অস্বীকৃতি ও অবিচারের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি। কিন্তু ন্যায়বিচার শুধু অপরাধের নামকরণে শেষ হতে পারে না। নিহতদের স্মৃতি, জীবিতদের পুনর্বাসন, হারানো সম্পত্তির ক্ষতিপূরণ, নাগরিকত্ব পুনরুদ্ধার ও নিরাপদ প্রত্যাবর্তনের নিশ্চয়তা ছাড়া বিচার অসম্পূর্ণ থেকে যাবে।
রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি শুধু তার সামরিক সক্ষমতা নয়। নাগরিকের অধিকার রক্ষার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব পালনের ক্ষমতাই তার প্রকৃত শক্তি। যে রাষ্ট্র একটি জনগোষ্ঠীকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করে, তাদের পরিচয় অস্বীকার করে এবং সামরিক শক্তি দিয়ে ধ্বংস করার চেষ্টা করে, সে রাষ্ট্র নিজের বৈধতার ভিত্তিকেই প্রশ্নবিদ্ধ করে।
রোহিঙ্গা গণহত্যার রায় মিয়ানমারের জন্য একটি বড় আইনি পরাজয়। একই সঙ্গে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি নৈতিক পরীক্ষা। এখন প্রশ্ন হলো, এই রায় কি বাস্তুচ্যুত মানুষের ঘরে ফেরার পথ তৈরি করবে, নাকি আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত আরেকটি প্রতীকী স্বীকৃতি হয়ে থাকবে?
রাষ্ট্রের সার্বভৌমত্ব নাগরিকের ওপর সীমাহীন ক্ষমতার অধিকার নয়। রাষ্ট্রের অস্তিত্বের নৈতিক ভিত্তি হলো মানুষের জীবন, অধিকার ও মর্যাদা রক্ষা করা। রাষ্ট্র যখন সেই দায়িত্ব ত্যাগ করে গণহত্যার অপরাধে জড়িয়ে পড়ে, তখন সার্বভৌমত্বের আড়ালে অপরাধ লুকানোর সুযোগ থাকে না। রোহিঙ্গাদের ন্যায়বিচার নিশ্চিত করার মধ্য দিয়েই আন্তর্জাতিক সম্প্রদায়কে এই নীতির বাস্তব প্রমাণ দিতে হবে।
লেখক:

অধ্যাপক ও চেয়ারম্যান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং নির্বাহী পরিচালক, চট্টগ্রাম সেন্টার ফর রিজিওনাল স্টাডিজ বাংলাদেশ (সিসিআরএসবিডি)।