Image description

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের দেশজুড়ে ব্যবহৃত অপরাধসংক্রান্ত তথ্যভান্ডারে সাইবার হামলার ঘটনা তদন্ত করছে সংস্থাটি। এ বিষয়ে অবগত দুজন ব্যক্তি জানিয়েছেন, ফেডারেল, অঙ্গরাজ্য ও স্থানীয় পর্যায়ের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম এই ডেটাবেজে অনুপ্রবেশের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) সিএনএনের প্রতিবেদন থেকে জানা যায়, ন্যাশনাল ক্রাইম ইনফরমেশন সেন্টার (এনসিআইসি) নামের এই তথ্যভান্ডারে হ্যাকারদের অনুপ্রবেশের ঘটনা সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে দ্বিতীয়বার ঘটল। দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তারি পরোয়ানা ও ব্যক্তির অতীত তথ্য যাচাইসহ বিভিন্ন কাজে এই ডেটাবেজ ব্যবহার করে।

সাম্প্রতিক দিনগুলোতে নতুন এই অনুপ্রবেশের বিষয়টি সামনে এসেছে। এমন সময় এ ঘটনা ঘটল, যখন যুক্তরাষ্ট্রের ব্যাংক, জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) এবং ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) আকাশপথ নিয়ন্ত্রণ ব্যবস্থায় একের পর এক বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে।

বৃহস্পতিবার নতুন সাইবার নিরাপত্তা ঘটনার বিষয়ে ব্যুরোর কর্মকর্তারা জানার পর এফবিআই পরিচালক কাশ প্যাটেল ফক্স নিউজে হাজির হয়ে সংস্থাটির সাইবার নিরাপত্তা কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় কয়েক মাস আগে সম্পন্ন হওয়া ‘অপারেশন উইন্টার শিল্ড’ নিয়ে কথা বলেন তিনি। ওই অভিযানের লক্ষ্য ছিল, প্রতিষ্ঠানগুলোকে নিজেদের সিস্টেম হালনাগাদ করতে উৎসাহিত করা, যাতে হ্যাকাররা তাদের সংবেদনশীল তথ্যের নাগাল না পায়। তবে প্যাটেল অভিযানটি এখনো চলমান বলে উল্লেখ করেন। পাশাপাশি দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো সুরক্ষায় গুরুত্বপূর্ণ সিস্টেমগুলো হালনাগাদ করার জন্য বর্তমান প্রশাসনের প্রশংসা করেন তিনি।

আগেও হ্যাকিংয়ের শিকার এফবিআই
এর আগে গত সেপ্টেম্বরে ‘শাইনিহান্টার্স’ নামের একটি হ্যাকার দল এফবিআইয়ের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে হামলা চালিয়ে কর্মীদের সংবেদনশীল ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার চেষ্টা করে। ওই হামলার সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে কানাডার এক সাইবার নিরাপত্তা গবেষক ও লেখককে গ্রেপ্তার করা হয়েছে।

২০২৩ সালে আরেকটি সাইবার হামলায় এফবিআইয়ের নিউইয়র্ক ফিল্ড অফিসের একটি কম্পিউটার সিস্টেমে অনুপ্রবেশ করে হ্যাকাররা। শিশুদের যৌন নিপীড়নসংক্রান্ত তদন্তে ব্যবহৃত হতো ওই সিস্টেম। এর মধ্যে জেফরি এপস্টেইন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট ছবি সংরক্ষণের একটি ব্যবস্থাও ছিল বলে আগে জানিয়েছিল সিএনএন।