রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেয়া ঐতিহাসিক রায় নতুন করে দুশ্চিন্তায় ফেলতে পারে ইসরায়েলকে। বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য প্রমাণে আদালতের দেয়া আইনি ব্যাখ্যা গাজায় ইসরায়েলের বিরুদ্ধে চলমান গণহত্যার মামলায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। এতে কঠিন হয়ে উঠতে পারে ইসরায়েলের আত্মপক্ষ সমর্থন। আর সেই আইনি চাপের মুখে পড়তে পারেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।
শুক্রবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়েছে, হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ১৯১ পৃষ্ঠার ঐতিহাসিক রায়টি বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রায় তিন ঘণ্টা ধরে পড়ে শোনানো হয়। আদালতের পর্যবেক্ষণ ও যুক্তিগুলো এতটাই সুস্পষ্ট ছিল যে, মিয়ানমারের ঘটনা এবং গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের মধ্যে বেশ কিছু মিল চোখে পড়েছে।
তবে একটি দেশের মামলার রায় সরাসরি অন্য দেশের ক্ষেত্রে প্রয়োগ করা যায় না। প্রতিটি মামলার বিচার হয় নিজস্ব তথ্য-প্রমাণ ও পরিস্থিতির ভিত্তিতে। তারপরও মিয়ানমারের বিরুদ্ধে এই মামলায় প্রতিষ্ঠিত আইনি দৃষ্টান্ত গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের ঘটনায় ওঠা গণহত্যার অভিযোগের বিচারকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।
অন্যান্য যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে গণহত্যার একটি মৌলিক পার্থক্য রয়েছে। গণহত্যার অভিযোগ প্রমাণের জন্য অপরাধীদের মধ্যে ‘গণহত্যার উদ্দেশ্য’ বা জেনোসাইডাল ইনটেন্ট ছিল, তা প্রতিষ্ঠা করতে হয়।
এই উদ্দেশ্য প্রমাণিত না হলেও ব্যাপক হত্যাকাণ্ড, ধর্ষণ কিংবা জাতিগত নিধনের মতো অপরাধ সংঘটিত হতে পারে। কিন্তু কোনো জনগোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার পরিকল্পনা সংশ্লিষ্ট সহিংসতার নির্দেশদাতারা ইচ্ছাকৃতভাবে করেছিলেন—এটি প্রমাণিত না হলে গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠা করা যায় না।
এছাড়া কোনো রাষ্ট্রের কর্মকাণ্ডের পেছনে গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা কি না, সেটিও প্রমাণ করতে হয়।
ইসরায়েলের আইনজীবীদের পাশাপাশি আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরাও দীর্ঘদিন ধরে বলে আসছেন, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের এই মানদণ্ড অত্যন্ত কঠিন। কারও কারও ধারণা ছিল, নাৎসিদের ‘চূড়ান্ত সমাধান’ পরিকল্পনার মতো লিখিত কোনো দলিল না থাকলে এ অভিযোগ প্রমাণ করা প্রায় অসম্ভব।
কিন্তু বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালতের দেয়া রায় সেই ধারণাকে কার্যত নাকচ করে দিয়েছে।
আদালত বলেছে, গণহত্যার উদ্দেশ্য প্রমাণের জন্য একক কোনো অকাট্য দলিল বা সরাসরি প্রমাণ পাওয়া যায়নি। তবে পারিপার্শ্বিক নানা তথ্য-প্রমাণের ভিত্তিতে ৯-৬ সংখ্যাগরিষ্ঠ ভোটে বিচারকেরা নিশ্চিত হয়েছেন, মিয়ানমারের সামরিক জান্তার কর্মকাণ্ডের অন্য কোনো যুক্তিসংগত ব্যাখ্যা নেই।
রোহিঙ্গাদের ওপর হামলায় ওই জনগোষ্ঠীর ১ দশমিক ২ শতাংশ নিহত হয় এবং সাত লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। মিয়ানমারের সামরিক জান্তা দাবি করেছিল, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়েছে। কিন্তু আদালত সেই ব্যাখ্যা গ্রহণ করেনি।
বিকল্প যুক্তি হিসেবে বলা হয়েছিল, ১৯৯৫ সালে বলকান অঞ্চলের সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে যে ধরনের জাতিগত নিধন চালানো হয়েছিল, মিয়ানমারও কেবল সেই ধরনের অভিযান পরিচালনা করেছে। আদালত সেই দাবিও প্রত্যাখ্যান করেছে।
এমনকি সন্ত্রাসী হামলার কারণে সৃষ্ট মানসিক আঘাত থেকে প্রতিশোধমূলক শাস্তিমূলক হামলা চালানো হয়েছিল—এমন যুক্তিও গ্রহণযোগ্য মনে করেনি আদালত।
বরং দীর্ঘদিন ধরে অধিকার থেকে বঞ্চিত করা, বিদ্বেষমূলক বক্তব্য ছড়ানো, ব্যাপক হত্যাকাণ্ড ও ধর্ষণ, শিশুদের লক্ষ্যবস্তু করা, গ্রাম গুঁড়িয়ে দেয়া, বিপুলসংখ্যক মানুষকে বাস্তুচ্যুত করা এবং অন্যদের দুর্গম শরণার্থীশিবিরে আটকে রাখার মতো ঘটনাগুলোকে একত্রে বিবেচনা করেছে আদালত।
আদালতের মতে, এসব কর্মকাণ্ডের একমাত্র যুক্তিসংগত ব্যাখ্যা হলো, সামরিক জান্তার গণহত্যার উদ্দেশ্য ছিল। আর এর মধ্য দিয়েই সংঘটিত হয়েছে বিশ্বের সবচেয়ে গুরুতর অপরাধ—গণহত্যা।
ওপেন সোসাইটি জাস্টিস ইনিশিয়েটিভের আইনবিষয়ক উপদেষ্টা বেইনি ইয়ে সংবাদমাধ্যম টেলিগ্রাফকে বলেন, এটি আইনের ক্ষেত্রে একটি বড় মাইলফলক। তার ভাষায়, ‘গণহত্যার উদ্দেশ্য প্রমাণ করা সব সময়ই কঠিন ছিল। আইনগতভাবে এটিই সাধারণত সবচেয়ে বেশি বিতর্কিত বিষয়। এখন আদালত পারিপার্শ্বিক পরিস্থিতি ও প্রেক্ষাপটের ভিত্তিতে কীভাবে এই উদ্দেশ্য নির্ধারণ করতে হবে, তার মানদণ্ড ঠিক করে দিয়েছে।’
বেইনি ইয়ে আরও বলেন, গণহত্যার হাতিয়ার হিসেবে যৌন সহিংসতাকে স্বীকৃতি দেয়া একটি যুগান্তকারী বিষয়। আইসিজে এই প্রথম বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করেছে।
মিয়ানমারের রোহিঙ্গা গণহত্যার মামলায় প্রতিষ্ঠিত আইনি দৃষ্টান্তের প্রাসঙ্গিকতা শুধু পারিপার্শ্বিক তথ্য-প্রমাণের ভিত্তিতে গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ কিংবা আত্মরক্ষামূলক সন্ত্রাসবিরোধী অভিযানের পাশাপাশি গণহত্যার উদ্দেশ্য থাকার বিষয়টির মধ্যেই সীমাবদ্ধ নয়।
রায় দেয়ার ক্ষেত্রে বিচারকেরা জাতিসংঘের তদন্তকারী সংস্থাগুলোর দেয়া তথ্য-প্রমাণ ব্যবহার করেছেন। এ জন্য আগে থেকে কোনো ফৌজদারি আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার অপেক্ষা করেননি তারা। পাশাপাশি রায়ে বলা হয়েছে, কোনো ঘটনার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়—এমন তৃতীয় কোনো দেশও আদালতে মামলা করতে পারে। এ মামলায় গাম্বিয়া সেই সুযোগ কাজে লাগিয়েছে।
এদিকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড, বিশেষ করে গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আগেই মামলা করেছে দক্ষিণ আফ্রিকা। দেশটিও এই সংঘাতের সরাসরি পক্ষ নয়।
লন্ডনের স্কুল অব ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আইন বিভাগের অধ্যাপক নিমের সুলতানি আগে ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার আইন নিয়ে কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, মিয়ানমারের ঘটনায় আদালত যেভাবে আইন প্রয়োগ করেছে, তাতে গাজায় ইসরায়েলের অপরাধের ব্যাপকতা বিবেচনায় দেশটির বিরুদ্ধেও একই ধরনের সিদ্ধান্ত আসার সম্ভাবনা অনেক বেশি।
তিনি আরও বলেন, গণহত্যার উদ্দেশ্য নিয়ে আলোচনার সময় আদালত ১৯৭৮ সাল থেকে মিয়ানমারের সামরিক বাহিনীর পরিচালিত আগের সামরিক অভিযানগুলোর বিবরণ তুলে ধরেছে। তার মতে, একইভাবে ইসরায়েলও ২০০০ সাল থেকে গাজায় বেশ কয়েকবার হামলা চালিয়েছে।
আন্তর্জাতিক বিচার আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। তবে আদালতের এখতিয়ার নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের একটি মামলার মুখোমুখি। বৃহস্পতিবার তিনি আন্তর্জাতিক আদালতগুলোকে তাদের এখতিয়ারের বাইরে না যাওয়ার বিষয়ে সতর্ক করেছেন।
হেগে অবস্থিত পৃথক সংস্থা আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) উদ্দেশ করে দেয়া এক বিবৃতিতে পুতিন বলেন, আদালতের উচিত তার এখতিয়ারের অপব্যবহার না করা। আইসিসি ব্যক্তিবিশেষের সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচার করে।
বিবৃতিতে পুতিনের সঙ্গে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের নেতা শি জিনপিং। ওই সময় তারা চীনের শেনজেনে বৈঠক করছিলেন।
ডোনাল্ড ট্রাম্প আইসিসিকে ‘বেপরোয়া বিশ্বায়নবাদী সংগঠন’ হিসেবে আখ্যায়িত করেছেন। এর আগে তিনি সংস্থাটিকে ‘ইটের পর ইট খুলে ধ্বংস’ করার হুমকিও দিয়েছিলেন।
ইসরায়েলের আত্মপক্ষ সমর্থন দুর্বল হওয়ার আশঙ্কা
বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ক্ষমতাসীন জোট সরকার সম্প্রতি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে বর্তমানে সরকারটি কেবল তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছে। নেতানিয়াহু নিজেও যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানাভুক্ত।
তবে আন্তর্জাতিক বিচার আদালতের এই গণহত্যার রায় নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী গাদি আইজেনকোটের জন্যও খুব একটা সহায়ক হবে না বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের সাবেক সেনাপ্রধান আইজেনকোট বর্তমানে সরকার গঠনের চেষ্টা করছেন।
গাজায় যুদ্ধের প্রথম বছর ইসরায়েলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভার সদস্য ছিলেন আইজেনকোট। ওই সময়ের মধ্যে ২০২৩ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ইসরায়েলে বিদ্বেষমূলক বক্তব্যের প্রবণতা ছিল সর্বোচ্চ পর্যায়ে। একই সময়ে গাজায় প্রতিদিনের প্রাণহানির সংখ্যাও ছিল সর্বোচ্চ।
বৃহস্পতিবারের রায়ের পর ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক বিশ্লেষণে বলা হয়েছে, আইসিজের রায়ের কিছু অংশ ইসরায়েলের আত্মপক্ষ সমর্থনের সক্ষমতাকে দুর্বল করেছে। কারণ, কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় প্রমাণের মানদণ্ড এতে শিথিল হয়েছে।
বিশ্লেষণে বলা হয়, ‘আক্রান্ত জনগোষ্ঠীর কিছু অংশ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকলেও বিপরীত পক্ষের পাল্টা হামলাও গণহত্যা হিসেবে বিবেচিত হতে পারে।’
অন্যদিকে বাংলাদেশের কক্সবাজারের কাছে বিশ্বের বৃহত্তম শরণার্থীশিবিরে থাকা রোহিঙ্গাদের মধ্যে এই রায় আনন্দের সঞ্চার করেছে। আইসিজের রায় ঘোষণার সময় বড় পর্দায় সরাসরি সম্প্রচার দেখে উল্লাস করেন তারা।
মিয়ানমারের নিপীড়ন থেকে বেঁচে যাওয়া একজন রোহিঙ্গা ব্যক্তি বলেন, ‘আমরা অনেক দিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিলাম। এই রায়ের মধ্য দিয়ে আমরা আমাদের মানুষের জন্য শান্তি চেয়েছিলাম। অবশেষে বিশ্বের আদালত আমাদের কথা শুনেছে।’
তবে ইসরায়েল ও গাজা নিয়ে চলমান মামলার ক্ষেত্রে বিশেষজ্ঞদের অধিকাংশের ধারণা, আন্তর্জাতিক বিচার আদালতের চূড়ান্ত রায় আসতে এখনো এক দশক বা তারও বেশি সময় লাগতে পারে।