Image description

রোহিঙ্গা গণহত্যা নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে সতর্ক প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। রায়ের প্রভাব পর্যালোচনার কথা জানিয়ে আদালতকে রাজনৈতিকীকরণ না করার আহ্বান জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অন্যদিকে এই রায়কে যুগান্তকারী আখ্যা দিয়ে দ্রুত বাস্তবায়ন চেয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে যুক্তরাষ্ট্র সমর্থন করলে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের রায় এলে চাপে পড়তে পারে ট্রাম্প প্রশাসন। এ কারণে এখন থেকেই আদালতের রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে ওয়াশিংটন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক মার্কিন মুখপাত্র জানান, রায়টি গভীরভাবে পর্যালোচনা করছে ওয়াশিংটন। তিনি বলেন, ‘জেনোসাইড কনভেনশনের সঠিক ব্যাখ্যা প্রদান গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি অপরিহার্য আইসিজের রাজনৈতিকীকরণ রোধ করা। সামগ্রিক প্রভাব মূল্যায়নের লক্ষ্যে আমরা রায় পরীক্ষা করে দেখছি।’

 

যদিও যুক্তরাষ্ট্র ২০২২ সালেই মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের এই সতর্ক অবস্থানের অন্যতম কারণ তার মিত্র ইসরায়েল। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। মার্কিন প্রশাসন বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের ওই মামলার বিরোধিতা করে আসছে। বিশ্লেষকদের মতে, মিয়ানমারের বিরুদ্ধে আইসিজের রায়কে যুক্তরাষ্ট্র সমর্থন করলে ভবিষ্যতে ইসরায়েলের বিরুদ্ধে একই ধরনের রায় এলে চাপে পড়তে পারে ট্রাম্প প্রশাসন। এ কারণে এখন থেকেই আদালতের রায় ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে ওয়াশিংটন।

তবে আন্তর্জাতিক আইন নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান থাকলেও আইসিজের বৈধতা নিয়ে এখনো প্রশ্ন তোলেনি যুক্তরাষ্ট্র। যদিও আন্তর্জাতিক অপরাধ আদালতকে (আইসিসি) ভেঙে দেওয়ার অঙ্গীকার করেছে তারা।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানায়, মিয়ানমারের জনগণের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রয়েছে। একই সঙ্গে রোহিঙ্গা মুসলিমসহ দেশটির অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীর ওপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে ওয়াশিংটন।

রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বড় সহায়তাদানকারী দেশ হিসেবে নিজেদের অবদানের কথা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অন্য দেশগুলোকেও মানবিক সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ রায়কে ‘যুগান্তকারী’ মাইলফলক হিসেবে স্বাগত জানিয়েছে। ইইউ জানায়, কোনো বিলম্ব ছাড়াই মিয়ানমারকে অবশ্যই এই রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে। বিবৃতিতে ইইউ মুখপাত্র বলেন, ‘আইসিজের সিদ্ধান্ত মানা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি আন্তর্জাতিক আইনের অধীন বাধ্যবাধকতা। আমরা আইসিজেকে সর্বোচ্চ সম্মান করি। আন্তর্জাতিক পর্যায়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিরোধের শান্তিপূর্ণ সমাধানে আদালতের ভূমিকার প্রতি আমাদের দৃঢ় সমর্থন রয়েছে।’

যদিও যুক্তরাষ্ট্র ২০২২ সালেই মিয়ানমার রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালিয়েছে বলে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল। যুক্তরাষ্ট্রের এই সতর্ক অবস্থানের অন্যতম কারণ তার মিত্র ইসরায়েল। গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার বিষয়টি এ ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে। মার্কিন প্রশাসন বরাবরই ইসরায়েলের বিরুদ্ধে আইসিজের ওই মামলার বিরোধিতা করে আসছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের প্রতিফলন বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, এ ধরনের ভয়াবহ অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই।

৮০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আইসিজে। পাশাপাশি রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। জাতিসংঘের তথ্যমতে, ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা, ধর্ষণ এবং হাজারো বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছিল।

বর্তমানে বাংলাদেশের কক্সবাজারের আশ্রয়শিবিরে ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাস করছেন প্রায় ১২ লাখ রোহিঙ্গা। বিশ্লেষকদের মতে, আইসিজের এই রায় শুধু মিয়ানমারের জন্যই গুরুত্বপূর্ণ নয়। গাজায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে দক্ষিণ আফ্রিকার করা মামলার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান