রয়টার্সের খবরে বলা হয়, শি, ট্রাম্প ও পুতিনের যৌথ শান্তি ঘোষণার মধ্য দিয়ে এশিয়ায় ট্রাম্পের তিন দিনের কূটনৈতিক সফর শেষ হয়েছে। যৌথ ঘোষণায় তিন দেশের নেতা জাতিসংঘের সংস্কার এগিয়ে নেওয়া, সব দেশের জন্য জ্বালানিপণ্যের সরবরাহ বাড়ানো এবং আন্তর্জাতিক আদালতে রাষ্ট্রীয় কর্মকর্তাদের যে দায়মুক্তি রয়েছে, তা সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন।
তবে সেই ঘোষণায় ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ কিংবা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতের কোনো উল্লেখ ছিল না। সম্মেলন শেষে সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেন, এই ঘোষণায় উচ্চাভিলাষী কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। ঘোষণার সিদ্ধান্তগুলো মেনে চলতে কাউকে বাধ্য করা হবে না বলেও জানান তিনি।
তিন দেশ তাদের যৌথ শান্তি ঘোষণায় পুনর্ব্যক্ত করেছে, ‘পারমাণবিক যুদ্ধে কেউ জয়ী হতে পারে না এবং এমন যুদ্ধ কখনোই করা উচিত নয়।’
একই সঙ্গে তারা পারমাণবিক ঝুঁকি কমানো এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধে সংলাপ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। তবে এ ধরনের আলোচনা কবে শুরু হবে, সে বিষয়ে কোনো সময়সীমা দেওয়া হয়নি।
অবশ্য ওই ঘোষণায় তিন দেশের মধ্যে পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি নিয়ে আলোচনারও কোনো উল্লেখ নেই। অথচ প্রথম মেয়াদ থেকেই এমন একটি চুক্তির জন্য চেষ্টা চালিয়ে আসছেন ট্রাম্প।
চীন বরাবরই এ ধরনের ত্রিপক্ষীয় চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে। দেশটির যুক্তি, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার তুলনায় চীনের পারমাণবিক অস্ত্রের ভান্ডার অনেক ছোট।
বিশ্লেষকদের মতে, ইতিহাস সৃষ্টি ও শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতার বিষয়ে ট্রাম্প বারবার বড়াই করলেও চীনের এই সফর থেকে তার বাস্তব সাফল্য খুবই কম। বরং শি ও পুতিনের সঙ্গে ট্রাম্পের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্ক যুক্তরাষ্ট্রের মিত্রদের মধ্যে নতুন প্রশ্ন তৈরি করেছে। বিশেষ করে পুতিন যেহেতু এখনো ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তার সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য সখ্যতা যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের কাছে অনেকটাই বিতর্কিত।
চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে গাছপালায় ঘেরা পাহাড়ের মধ্যে একটি হ্রদের পাশে অবস্থিত একটি বাড়িতে তিন দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। শিয়ের আয়োজনে ওই বৈঠকের ভিডিওতে দেখা যায়, ট্রাম্প পুতিনকে ‘বন্ধু’ বলে সম্বোধন করেছেন। অন্যদিকে শিও তাকে আলিঙ্গন করেন। ট্রাম্পের অংশ নেওয়া জমকালো কূটনৈতিক আয়োজনগুলোর মধ্যে এটি সবশেষ ঘটনা।
বৈঠকের শুরুতে শি ও পুতিনকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস সৃষ্টি করছি। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠিত হয়নি।’
জবাবে শি বলেন, ‘ইতিহাস আমাদের বলে, বৃহৎ শক্তিগুলো যখন সম্প্রীতির সঙ্গে বসবাস করে, তখন বিশ্বে শান্তি থাকে। আর বৃহৎ শক্তিগুলোর মধ্যে সংঘাত হলে বিশ্ব অস্থিরতায় ডুবে যায়।’
বৈঠকের শুরুর দিকেই পারমাণবিক অস্ত্রের প্রসঙ্গ তোলেন ট্রাম্প। তিনি বলেন, ‘পারমাণবিক অস্ত্র ছেড়ে দেওয়া সহজ কাজ নয়।’
বৈঠক শেষে মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে ট্রাম্প বলেন, ‘আলোচনা দারুণ হয়েছে। শূন্য থেকে ১০-এর মধ্যে মূল্যায়ন করতে বললে আমি এটিকে ১২ দেব। অসাধারণ সম্পর্ক গড়ে উঠেছে।’
এর আগেও ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনা করেছেন এবং পুতিনের সঙ্গে একাধিক শীর্ষ বৈঠকে অংশ নিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দেশগুলোর নেতাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহের জন্য কেউ কেউ তার প্রশংসা করেছেন। আবার স্বৈরশাসকদের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার সুযোগ দেওয়ায় অন্যরা তার সমালোচনা করেছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, শুক্রবার ওয়াশিংটনে স্থানীয় সময় দুপুর ১২টায় তিনি সংবাদ সম্মেলন করবেন।
অন্যদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জানান, শান্তি সম্মেলনের পরও তিন দেশ কাজের ক্ষেত্রে সমন্বয় বজায় রাখবে।
বিশ্লেষকদের মতে, চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ হারানোর পর নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার লক্ষ্য নিয়ে তিনি চীনের শেনজেনে এসেছিলেন।
১৯৪৫ সালের যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের নেতাদের মধ্যে অনুষ্ঠিত ইয়াল্টা সম্মেলনের সঙ্গে এই সম্মেলনকে তুলনা করে ট্রাম্প বলেন, শেনজেনের এই সম্মেলন ইয়াল্টা সম্মেলনের চেয়েও বড়। পুতিনকে ‘বন্ধু’ সম্বোধন করার পক্ষেও যুক্তি দেন ট্রাম্প। তিনি বলেন, ‘যাদের কাছে চার হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে, তাদের শত্রু হিসেবে পাওয়ার চেয়ে বন্ধু হিসেবে পাওয়া ভালো।’
শি জিন পিংকেও বন্ধু ও অসাধারণ নেতা হিসেবে অভিহিত করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে তাদের কাছে থেকে পারমাণবিক অস্ত্র কমানোর চুক্তি অর্জন করা কঠিন এক বাস্তবতা বলেও স্বীকার করেন তিনি। বলেন, শক্তিশালী দেশের নেতাদের জন্য পারমাণবিক অস্ত্র কমানোর সিদ্ধান্ত নেওয়া মানসিকভাবে অত্যন্ত কঠিন।
অন্যদিকে মার্কিন সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চার্লস শুমার ত্রিপক্ষীয় সম্মেলনকে ‘ঐতিহাসিক লজ্জাজনক ঘটনা’ বলে অভিহিত করেছেন। তার মতে, মানুষ বহু বছর ধরে এই নিন্দনীয় ঘটনা মনে রাখবে।
শুমার বলেন, ‘আমরা এমন এক প্রেসিডেন্টের কথা বলছি, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে, যিনি ছবি তোলার সুযোগের জন্য আমাদের প্রতিপক্ষদের সামনে মাথা নত করতে পছন্দ করেন।’