দক্ষিণ-পূর্ব চীনের গুয়াংডং প্রদেশের প্রযুক্তি নগরী খ্যাত শেনঝেনে ঐতিহাসিক ও বিরল এক বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিশ্ব রাজনীতির শীর্ষ এই তিন নেতার বৈঠকের আগে পৃথকভাবে শি জিনপিং ও পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ৩৩তম এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে বহুল প্রতীক্ষিত এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এর আগে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে তিন নেতা একসঙ্গে অংশ নিলেও এবারই প্রথম তারা একান্তে ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। ফলে আন্তর্জাতিক রাজনীতিতে বৈঠকটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তিন নেতার এ বৈঠকে বৈশ্বিক রাজনীতির বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং ইউক্রেন ও ইরানের যুদ্ধ পরিস্থিতি। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার মধ্যে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় গুরুত্ব পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে বুধবার (১৮ নভেম্বর) এপেক সম্মেলনে অংশগ্রহণকারী বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত স্বাগত নৈশভোজে যোগ দেন শি, ট্রাম্প ও পুতিন। সেখানে আনুষ্ঠানিক গ্রুপ ফটো তোলার আগে পুতিন এগিয়ে এসে ট্রাম্পের সঙ্গে করমর্দন ও সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও তাদের পাশে উপস্থিত ছিলেন।
একই দিনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাদা দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন। সেখানে চীনা প্রেসিডেন্ট বলেন, বেইজিং ও মস্কোর উচিত ‘একটি বহুমেরু বিশ্বের (মাল্টিপোলার ওয়ার্ল্ড) ধারণাকে নেতৃত্ব দেওয়া এবং তা এগিয়ে নিয়ে যাওয়া’।
এদিকে বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী ‘এয়ার ফোর্স ওয়ান’ শেনঝেন বিমানবন্দরে অবতরণ করলে লালগালিচায় তাকে ব্যক্তিগতভাবে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
গত সেপ্টেম্বরে ওয়াশিংটনে রাষ্ট্রীয় সফরের সময় ট্রাম্প যেভাবে শিকে অভ্যর্থনা জানিয়েছিলেন, তার প্রতিদান হিসেবেই চীনা নেতা নিজে বিমানবন্দরে উপস্থিত হন বলে এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে চীনের কোনো শীর্ষ নেতার পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি বিমানবন্দরে গিয়ে স্বাগত জানানোর ঘটনা এটিই প্রথম।
অন্যদিকে, একই দিনে শেনঝেনে পৌঁছানো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিমানবন্দরে স্বাগত জানান শি জিনপিংয়ের ঘনিষ্ঠ সহযোগী ও চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা কাই কি।