Image description

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তাঁর এমন মন্তব্য ঘিরে রাজ্যের রাজনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।

হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, “পশ্চিমবঙ্গকে উত্তর প্রদেশ ও গুজরাটের আদলে গড়ে তোলা হবে। গত বুধবার সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক।

যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক। ”

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের গত ছয় মাসে পুলিশের অন্তত পাঁচটি এনকাউন্টারে অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্ক চলছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষের বক্তব্য নতুন করে সমালোচনার জন্ম দিয়েছে।

দিলীপ ঘোষের অভিযোগ, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল।

সেই সম্ভাবনা ঠেকাতে বিজেপি সরকার রাজ্যকে উত্তর প্রদেশ ও গুজরাটের মডেলে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে।

নিজের বক্তব্যের পক্ষে তিনি আরও বলেন, “পশ্চিমবঙ্গ ইউপি হলে অসুবিধা কোথায়? অসুবিধা থাকলে বাংলাদেশে চলে যাক। বিনা ভিসায় পাঠিয়ে দেব। দরজা খুলে দিচ্ছি।

যাদের বাংলায় থাকতে অসুবিধা হচ্ছে, চলে যাক। ”

অপরাধ দমনে এনকাউন্টারের পাশাপাশি প্রয়োজনে বুলডোজার ব্যবহারেরও হুঁশিয়ারি দিয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, যাঁদের কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষমতা নেই, তাঁরাই অপরাধীদের সঙ্গে আপস করেন। বর্তমান সরকার অপরাধীদের সঙ্গে কোনো আপস করবে না।

নারীদের নিরাপত্তার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “হিন্দু মা-বোনদের দিকে কেউ কুনজরে তাকালে বীরভূমের সাম্প্রতিক এনকাউন্টারের মতো পরিণতি হবে। ”

গ্রামীণ বাংলায় গত ৫০ বছর ধরে অপরাধীদের দাপট আর সহ্য করা হবে না উল্লেখ করে দিলীপ ঘোষ বলেন, প্রয়োজনে ৫০০টি এনকাউন্টার করতেও সরকার পিছপা হবে না।

তবে পঞ্চায়েতমন্ত্রীর এমন বক্তব্যের বিরোধিতা করেছে বিরোধী দলগুলো। তাদের মতে, বিচারবহির্ভূতভাবে এভাবে বলপ্রয়োগ করা হলে বিচারব্যবস্থার ওপর সাধারণ মানুষের আস্থা কমে যেতে পারে।

এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ বলেন, “কোনো এনকাউন্টার বিচ্ছিন্ন বা ব্যতিক্রমী ঘটনা হতে পারে। কিন্তু রাজনৈতিকভাবে সেই ব্যতিক্রমকে সমাজের সাধারণ নিয়মে পরিণত করার চেষ্টা অত্যন্ত বিপজ্জনক। ব্যতিক্রম কখনোই নিয়ম হতে পারে না। ”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দিলীপ ঘোষের বক্তব্য পশ্চিমবঙ্গে বাঙালি অস্মিতা ও আঞ্চলিক পরিচয়ের বিতর্ককে নতুন করে উসকে দিয়েছে।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভালো ফল করলেও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি পরাজিত হয়েছিল। সে সময় তৃণমূল কংগ্রেস বিজেপিকে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ হিসেবে তুলে ধরে প্রচার চালায়। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও আঞ্চলিক পরিচয়ের বিষয়টি সামনে রেখে প্রচার চালিয়ে বিজেপির আসনসংখ্যা ১৮ থেকে ১২-তে নামিয়ে আনে তৃণমূল।

অন্যদিকে, বিতর্কিত ভোটার তালিকার নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় প্রায় ২৭ লাখ ভোটারের নাম বাদ দেওয়া হয়, যাঁদের বেশির ভাগই মুসলিম বলে উল্লেখ করা হয়েছে। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের মাধ্যমে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে সরকার গঠন করে বিজেপি।

নতুন সরকার গঠনের পর রাজ্যের প্রশাসনিক ও আদর্শিক পরিবর্তন নিয়ে নানা আলোচনা চলছে। এর মধ্যেই উত্তর প্রদেশ ও গুজরাটের মডেল অনুসরণের ঘোষণা এবং বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন দিলীপ ঘোষ।

শীর্ষনিউজ