Image description

জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক প্রস্তাবে ভোটদানে বিরত থেকেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবের খসড়ায় আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) এখতিয়ারসংক্রান্ত ভাষা অন্তর্ভুক্ত থাকায় এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন। তবে ভোটদানে বিরত থাকলেও বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করেছে দেশটি।

স্থানীয় সময় বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ভোটদানের ব্যাখ্যায় যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে (ইকোসক) নিযুক্ত দেশটির প্রতিনিধি রাষ্ট্রদূত ড্যান নেগ্রিয়া।

তিনি বলেন, “প্রস্তাবের বর্তমান খসড়া যুক্তরাষ্ট্র সমর্থন করতে পারেনি। তবে এর অর্থ এই নয় যে মিয়ানমারের মাঠপর্যায়ের পরিস্থিতি বা দেশটি নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়েছে। ”

ড্যান নেগ্রিয়া জানান, প্রস্তাবের ভূমিকা অংশের ৩৫ নম্বর অনুচ্ছেদ এবং কার্যকরী অংশের ২ নম্বর অনুচ্ছেদে আইসিসির মাধ্যমে বিষয়টি সমাধানের যে কথা বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মূলত তার বিরোধিতা করছে।

আইসিসির বিষয়ে ওয়াশিংটনের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকেই আদালতটি এমন রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়িয়েছে, যারা রোম সংবিধির পক্ষভুক্ত নয় কিংবা আইসিসির এখতিয়ার মেনে নেয়নি।

দুই দশকেরও বেশি সময় আগে এ বিষয়ে যুক্তরাষ্ট্র যে আপত্তি জানিয়েছিল, তা এখনো অপরিবর্তিত রয়েছে। ”

আদালতটির ক্ষমতার অপব্যবহারের আশঙ্কাও সত্য প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

একটি সম্পূর্ণ অপ্রাসঙ্গিক বিষয়ের বিতর্কের কারণে গুরুত্বপূর্ণ এই প্রস্তাব ক্ষতিগ্রস্ত হওয়ায় যুক্তরাষ্ট্র দুঃখিত বলেও জানান মার্কিন প্রতিনিধি।

এদিকে প্রস্তাবে ভোট না দিলেও মিয়ানমারের জনগণ ও রোহিঙ্গাদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অটুট রয়েছে বলে উল্লেখ করেন ড্যান নেগ্রিয়া।

তিনি বলেন, প্রস্তাবটি উত্থাপনের পর থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্র এটি সমর্থন করেছে এবং বহু বছর সহ-পৃষ্ঠপোষকও ছিল।

বিবৃতিতে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র। সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার মানুষসহ মিয়ানমারের সাধারণ জনগণের প্রতি সমর্থনও পুনর্ব্যক্ত করে দেশটি।

একইসঙ্গে বিপুলসংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। এ অঞ্চলের যেসব দেশ মিয়ানমারের শরণার্থীদের আশ্রয় দিয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানায় ওয়াশিংটন।

শীর্ষনিউজ