Image description

দুর্নীতির মামলায় বিচার শুরুর অপেক্ষায় থাকা প্যারাগুয়ের সাবেক প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনাকে সামরিক কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কারাগারে বিশেষ সুযোগ-সুবিধা পাওয়ার অভিযোগ ওঠার পর সোমবার (১৬ নভেম্বর) বিচারক এ নির্দেশ দেন।

সোমবার (১৬ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, এর আগে রাজধানী আসুনসিওনের একটি সামরিক ঘাঁটিতে আটক ছিলেন পেনা। সেখানে তার জন্য বড় খাবার ঘর, ব্যক্তিগত ব্যায়ামাগার, উন্নত আসবাবপত্র ও আলাদা বাথরুমের ব্যবস্থা ছিল বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হলে তাকে ভিনাস কুয়ে সামরিক কারাগারে স্থানান্তর করা হয়। তবে নিরাপত্তার কারণে তাকে অন্য বন্দিদের থেকে আলাদা রাখা হবে।

দেশটির বড় ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে বিপাকে পড়েন পেনা। গত ৩ নভেম্বর দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেয়। এতে প্রায় ৩০ লাখ গ্রাহকের হিসাবের লেনদেন স্থগিত হয়ে যায়। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালে পেনা নিজের ক্ষমতা ব্যবহার করে ব্যাংকটিতে সরকারি অর্থ পাঠানোর ব্যবস্থা করেছিলেন। তার বিরুদ্ধে বিশ্বাসভঙ্গ, অপরাধমূলক যোগসাজশ ও ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

ব্যাংক কেলেঙ্কারির জেরে গত ৬ নভেম্বর ক্ষমতাচ্যুত হন পেনা। তার সাবেক উপপ্রেসিডেন্ট পেদ্রো আলিয়ানা নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন। আটক অবস্থায় পেনাকে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগে এক সামরিক কর্মকর্তাকেও বরখাস্ত করেছেন তিনি।


সূত্র: আল জাজিরা