যুক্তরাষ্ট্রের কারাগারে যৌন অপরাধে দণ্ডিত জেফরি এপস্টেইনের মৃত্যু আত্মহত্যা নয়, বরং হত্যাকাণ্ডের ফল বলে মনে করছেন এক ফরেনসিক বিশেষজ্ঞ। নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের নথি ও ময়নাতদন্তের ছবি বিশ্লেষণ করে তার দাবি, এপস্টেইনকে সম্ভবত পেছন থেকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল।
বিবিসি নিউজ নাইটকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক মাইকেল ফ্রিম্যান বলেন, নথিপত্র পর্যালোচনার পর তার ধারণা, এপস্টেইনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে তিনি নিজে এপস্টেইনের মরদেহ দেখেননি। তার বিশ্লেষণের ভিত্তি ছিল ময়নাতদন্তের নথি ও ছবি, যা এপস্টেইনের ভাই মার্ক এপস্টেইন তাকে সরবরাহ করেছিলেন।
২০১৯ সালে ময়নাতদন্তকারী চিকিৎসক এপস্টেইনের শরীরে পাওয়া আঘাতকে আত্মহত্যার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে সিদ্ধান্ত দিয়েছিলেন। তার মতে, হত্যাকাণ্ডের ক্ষেত্রে সাধারণত যে প্রতিরোধের চিহ্ন থাকার কথা,এপস্টেইনের শরীরে তেমন কোনো চিহ্ন পাওয়া যায়নি।
২০১৯ সালের ১০ আগস্ট নিউইয়র্কের একটি কারাগারে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টেইনকে। অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌন পাচারের অভিযোগে বিচার শুরুর অপেক্ষায় ছিলেন তিনি।
তৎকালীন প্রধান মেডিকেল এক্সামিনার ডা. বারবারা স্যাম্পসন এপস্টেইনের মৃত্যুকে আত্মহত্যা বলে ঘোষণা করেছিলেন। এর আগে তিনি বলেছিলেন, ‘এপস্টেইনের মৃত্যুর কারণ ও ধরন সম্পর্কে আমাদের সিদ্ধান্তের প্রতি আমি দৃঢ়ভাবে সমর্থন জানাই।’ এ বিষয়ে নতুন করে মন্তব্য জানতে বিবিসি তার সঙ্গে যোগাযোগ করেছে।
ফ্রিম্যান যুক্তরাষ্ট্রে পুলিশি হেফাজতে মৃত্যুর বিভিন্ন ঘটনায় অ্যাটর্নি জেনারেলদের মৃত্যুর কারণ নির্ধারণে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন। মিনেসোটায় জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাও এর মধ্যে রয়েছে।
সোমবার সন্ধ্যায় লন্ডনে নিজের বিশ্লেষণ উপস্থাপনের পর গবেষণার ফলাফল ও নিউইয়র্ক সিটির মেডিকেল এক্সামিনারের নথি প্রকাশ করেন তিনি। ফ্রিম্যান জানিয়েছেন, তার গবেষণা স্বাধীনভাবে করা হয়েছে এবং এ জন্য মার্ক এপস্টেইন তাকে কোনো অর্থ দেননি। তবে তার গবেষণা এখনো বিশেষজ্ঞদের মাধ্যমে পর্যালোচিত হয়নি।
ফ্রিম্যানের বিশ্লেষণ অনুযায়ী, এপস্টেইনের শরীরে হামলার ইঙ্গিত পাওয়া যায়। এর মধ্যে বাঁ কাঁধে গভীর রক্তক্ষরণ এবং মুখে আঘাতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ক্ষত রয়েছে।
তার ধারণা, কোনো ফাঁস বা দড়িজাতীয় বস্তু দিয়ে এপস্টেইনকে শ্বাসরোধ করা হয়েছিল। পরে একই বস্তু ব্যবহার করে তার মরদেহ বাঙ্ক বেডের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।
এপস্টেইনের গলায় ফাঁসের দাগের ওপরে নখের আঁচড়ের মতো চিহ্নও দেখতে পেয়েছেন বলে দাবি করেন ফ্রিম্যান। তার মতে, ‘এটি শ্বাসরোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বিশেষ করে পেছন থেকে শ্বাসরোধের ক্ষেত্রে। ভুক্তভোগী যখন গলা থেকে ফাঁস সরানোর চেষ্টা করেন, তখন এ ধরনের চিহ্ন তৈরি হতে পারে।’
তিনি আরও বলেন, ‘আঘাতের ধরন এবং যেভাবে মরদেহটি পাওয়া গেছে, তা একে অপরের সঙ্গে মেলে না। তাহলে একটিই ব্যাখ্যা অবশিষ্ট থাকে যে মৃত্যুটি হত্যাকাণ্ডের ফল।’
তবে এপস্টেইনের ময়নাতদন্তকারী চিকিৎসক যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের (ডিওজে) ইন্সপেক্টর জেনারেলের কার্যালয়কে জানিয়েছিলেন, তার শরীরের আঘাতগুলো হত্যাকাণ্ডের চেয়ে ফাঁসিতে আত্মহত্যার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ। শ্বাসরোধের শিকার ব্যক্তিদের শরীরে সাধারণত যে প্রতিরোধের চিহ্ন দেখা যায়, এপস্টেইনের শরীরে তেমন কিছু পাওয়া যায়নি বলেও জানান তিনি।
ফ্রিম্যান বলেন, কারাগারে ফাঁসিতে মৃত্যুর ঘটনা তদন্তের ক্ষেত্রে মরদেহ নামানোর আগে তার ছবি তোলা হয়েছে কি না, সেটি গুরুত্বপূর্ণ। তার মতে, এপস্টেইনের ক্ষেত্রেও এমন ছবি থাকার কথা।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, এপস্টেইনকে খুঁজে পাওয়ার পর কারারক্ষী সঙ্গে সঙ্গে আরেক সহকর্মীকে ডাকেন। এরপর তার মরদেহ নিচে নামিয়ে এনে তাকে বাঁচানোর চেষ্টা শুরু করেন।
ফ্রিম্যানের বিশ্লেষণ অনুযায়ী এপস্টেইনকে হত্যা করা হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত থাকতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে তার কোনো ধারণা নেই।
তিনি বলেন, ‘এটি এমন কোনো বিষয় নয়, যে বিষয়ে আমার কোনো মতামত আছে। আমি যে তদন্ত করেছি, তার অংশও এটি নয়।’
তার বক্তব্য ষড়যন্ত্রতত্ত্বের দিকে ঝুঁকে পড়ছে কি না, এমন প্রশ্নের জবাবে ফ্রিম্যান বলেন, ‘আমার সুবিধা হলো, আপনারা আমার কথা বিশ্বাস না করলেও চলবে। সবাই নিজেরাই বিষয়টি খতিয়ে দেখতে পারেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা যদি মনে করেন, শ্বাসরোধের মতো কিছু দেখে আমি সেটিকে শ্বাসরোধ বলছি এবং ফাঁসিতে ঝোলানো সম্ভব নয় বলছি। তাহলে দেখান, কোথায় আমার ভুল হয়েছে।’
ফ্রিম্যান বলেন, ‘এ বিষয়ে আমি সম্পূর্ণ উন্মুক্ত। আমি একজন শিক্ষাবিদ। তথ্যভিত্তিক যেকোনো ব্যাখ্যা বা মতামত শুনতে আমি প্রস্তুত।’
২০০৮ সালে অপ্রাপ্তবয়স্ক এক মেয়ের সঙ্গে অর্থের বিনিময়ে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়ার অপরাধে দণ্ডিত হয়েছিলেন এপস্টেইন। এরপর যৌন অপরাধী হিসেবে তার নাম নিবন্ধিত হয়। তবে একটি সমঝোতার কারণে তাকে কঠোর কারাদণ্ড ভোগ করতে হয়নি।
এর ১১ বছর পর অপ্রাপ্তবয়স্ক মেয়েদের নিয়ে যৌন পাচারের নেটওয়ার্ক পরিচালনার অভিযোগে তার বিরুদ্ধে নতুন মামলা হলে ২০১৯ সালে নিউইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে বিচার শুরুর অপেক্ষায় থাকার সময় তার মৃত্যু হয়।
সূত্র : বিবিসি