নিউইয়র্ক টাইমসের অনুসন্ধান
১৯৮৬ সালে লেবাননে নিখোঁজ পাইলট রন আরাদের খোঁজে চার দশক ধরে ইরানকে দায়ী করে আসছে ইসরায়েল। মোসাদ ইরানি জেনারেলদের অপহরণ ও হত্যা করলেও কোনো সূত্র পায়নি। ৪০ বছর পর ইসরায়েলি গোয়েন্দাদের ভুল কি সত্যই ভেঙেছে? ইরানকে ছেড়ে তারা কি এখন লেবাননে রন আরাদকে খুঁজছে।
এক ভোরে সিরিয়ার রাজধানীর দামেস্কের অভিজাত কূটনৈতিক এলাকায় দৌড়াতে বেরিয়েছিলেন ইরানি কমান্ডার জেনারেল আবদুল্লাহ সাবেরি। এ সময় রাস্তায় ওত পেতে তাঁর অপেক্ষায় ছিল ইসরায়েলি গোয়েন্দারা।
মালপত্র সরানোর কর্মীর ছদ্মবেশে ইসরায়েলি গোয়েন্দারা ওই এলাকার নিরাপত্তাচৌকি পেরিয়ে এসেছিল।
প্রতিদিনের মতো দৌড়াতে কাছের একটি পার্কের দিকে যাচ্ছিলেন জেনারেল সাবেরি। পার্কের দিকে দৌড়ে যাওয়ার পথে তিনি দেখতে পান দুজন লোক ফ্রিজের একটি বিশাল কার্টন (বাদামি রঙের শক্ত কাগজের বাক্স) নিয়ে যাচ্ছে।
চোখের পলকে ওই দুজন সাবেরিকে চেপে ধরেন। ওষুধ দিয়ে অচেতন করে ফ্রিজের কার্টনের ভেতর ভরে ধরাধরি করে তাঁকেসহ কার্টনটি একটি সাদা ভ্যানে তুলে ফেলেন তাঁরা। এরপর তাঁরা এমনভাবে চলে যান, যেন কিছুই ঘটেনি।
১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননের আকাশে দ্রুতগতিতে উড়ে যাচ্ছিল ইসরায়েলি যুদ্ধবিমান এফ-৪ ফ্যান্টম । যুদ্ধবিমানে থাকা ২৮ বছর বয়সী ‘উইপনস অফিসার’ রন আরাদ ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’–এর একটি লক্ষ্যবস্তুতে নিশানা করে বোমা ছোড়েন।
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকজন কর্মকর্তা ২০২১ সালের সেপ্টেম্বরে ঘটে যাওয়া নাটকীয় সেই অপহরণের ঘটনা সম্পর্কে নিউইয়র্ক টাইমসকে তথ্য দেন।
তাঁদের মধ্যে আছেন জেনারেল সাবেরির ঘনিষ্ঠ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এবং একজন সিরীয় কর্মকর্তা। অপহরণের ঘটনার সময়ের একটি ভিডিও ওই সিরীয় কর্মকর্তা নিজে দেখেছেন।
ইরানের শক্তিশালী ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বাহিনীর একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে জেনারেল সাবেরি অনেক গোপন তথ্য জানতেন। কিন্তু অপহরণের পর জিজ্ঞাসাবাদে তাঁর কাছে সেসব কিছুই জানতে চাওয়া হয়নি। মোসাদের সদস্যরা তাঁর কাছে শুধু একটি তথ্যই বারবার জানতে চেয়েছে, ইসরায়েলের পাইলট (এয়ারম্যান) রন আরাদ কোথায়।

কে এই রন আরাদ
১৯৮৬ সালের ১৬ অক্টোবর দক্ষিণ লেবাননের আকাশে দ্রুতগতিতে উড়ে যাচ্ছিল ইসরায়েলি যুদ্ধবিমান এফ-৪ ফ্যান্টম। যুদ্ধবিমানে থাকা ২৮ বছর বয়সী ‘উইপনস অফিসার’ রন আরাদ ‘প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন’-পিএলওর একটি লক্ষ্যবস্তু নিশানা করে বোমা ছোড়েন।
কিন্তু বোমাটি নির্ধারিত সময়ের আগেই বিস্ফোরিত হয় এবং যুদ্ধবিমানটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। মাঝ আকাশে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার আগেই রন আরাদ সেটি থেকে প্যারাশুটসহ বেরিয়ে যেতে সক্ষম হন।
ইসরায়েলের হাতে এটুকু তথ্যই ছিল। প্যারাশুটের সাহায্যে আরাদ কোথায় নেমে আসেন, কাদের হাতে পড়েন—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেশটির হাতে ছিল না।
বহু বছর ধরে তদন্তের পর ইসরায়েলি কর্মকর্তারা একমত হন, লেবাননের শিয়া মিলিশিয়া ও রাজনৈতিক গোষ্ঠী ‘আমাল’ তাঁকে আটক করেছিল। আমালের নিরাপত্তাপ্রধান মুস্তফা দিরানি আটক ওই পাইলটের দায়িত্ব নেন।
জিম্মি আরাদের মুক্তির বিনিময়ে মিলিশিয়া গোষ্ঠীটি লাখ লাখ ডলার এবং বেশ কয়েকজন ফিলিস্তিনি ও লেবাননি বন্দীদের মুক্তি চেয়েছিল। কিন্তু সে সময়ের ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আইজ্যাক রবিন ঠিক এর আগের বছর (১৯৮৫ সালে) বন্দিবিনিময়ের একটি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিকভাবে তোপের মুখে ছিলেন। যে কারণে নতুন করে আর বন্দিবিনিময় চুক্তি নিয়ে ঝুঁকি নিতে তিনি আগ্রহী ছিলেন না।
রন আরাদ নিখোঁজ হওয়ার প্রায় তিন বছর পর ১৯৮৯ সালে তাঁর স্ত্রী দাবি করেছিলেন, ইসরায়েল সরকার তাঁকে বলেছে, তাঁর স্বামীর জীবিত থাকার ‘নিশ্চিত প্রমাণ’ তাদের কাছে আছে। সরকার তাঁকে আরও বলেছে, রন আরাদকে ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
তবে গোপনে রন আরাদের খোঁজ চলছিল, বিশেষ করে মোসাদ মরিয়া হয়ে তাঁকে খুঁজে বের করতে চেষ্টা করছিল, যে করেই হোক আরাদের খোঁজ পেতেই হবে।
কিন্তু তাদের এই চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছিল, অন্ধগলিতে থমকে যাচ্ছিল। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সন্দেহ ইরানের শিয়া সরকারের দিকে যায়। তাদের এই ধারণা সে সময় একেবারে অমূলক বলে উড়িয়ে দেওয়া যাচ্ছিল না। লেবাননের রাজনীতিতে ইরানের বড় প্রভাব ছিল। অভিযোগ আছে, সেখানে আমালসহ বিভিন্ন শিয়া গোষ্ঠীকে প্রশিক্ষণ ও অর্থ দিত ইরান।
রন আরাদ নিখোঁজ হওয়ার প্রায় তিন বছর পর ১৯৮৯ সালে তাঁর স্ত্রী দাবি করেছিলেন, ইসরায়েল সরকার তাঁকে বলেছে, তাঁর স্বামীর জীবিত থাকার ‘নিশ্চিত প্রমাণ’ তাদের কাছে আছে। সরকার তাঁকে আরও বলেছে, রন আরাদকে ইরানি কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।
আরাদের স্ত্রীর এমন দাবির পর রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরানের জড়িত থাকার ধারণাটি সাধারণ মানুষের কাছে অনেকটাই স্বীকৃত হয়ে যায়।

এক ইরানি চিকিৎসকের দাবি
১৯৯২ সালে আরাদের নিখোঁজের এই ঘটনায় ইরানের জড়িত থাকার ধারণাটি মোসাদের ভেতরে আরও জোরালো হয়।
মোসাদের অভিজ্ঞ কর্মকর্তা ইসরায়েল পেরলভের ধারণা ছিল, যুদ্ধবিমান থেকে ছিটকে বেরিয়ে আসার পর রন আরাদ আহত হয়ে থাকতে পারেন এবং তাঁর চিকিৎসার প্রয়োজন হতে পারে। তাই পেরলভ এমন চিকিৎসকদের খুঁজতে শুরু করেন, যাঁরা হয়তো ওই বিমানসেনাকে দেখেছিলেন।
খুঁজতে খুঁজতে ইসরায়েলি গোয়েন্দারা এক ইরানি চিকিৎসকের সন্ধান পান। ওই চিকিৎসক দাবি করেন, তিনি তেহরান ও লেবানন, দুই জায়গাতেই রন আরাদের চিকিৎসা করেছিলেন। এ দাবি সত্য হলে এ ঘটনার বড় অগ্রগতি হতে পারত। কারণ, তাহলে রন আরাদকে ইরানে নেওয়া হয়েছিল, এমন শক্ত প্রমাণ পাওয়া যেত।
কিন্তু ‘পলিগ্রাফ’ পরীক্ষায় ইরানের বিষয়ে চিকিৎসকের বক্তব্যের সত্যতা নির্ধারণ করা যায়নি। পেরলভ দ্বিতীয়বার চিকিৎসককে পরীক্ষা করেন। এবারও চিকিৎসক যখন বলেন, তিনি ইরানে রন আরাদকে দেখেছেন, তখন পরীক্ষায় ‘অস্বাভাবিক প্রতিক্রিয়া’ দেখা যায়।
যদিও পরে পেরলভ তাঁর এক বইয়ে লিখেছেন, পরীক্ষায় ওই চিকিৎসকের উত্তরের সত্যতা নাকচ করার মতো যথেষ্ট বড় ‘অস্বাভাবিকতা ছিল না’।
পেরলভ আর কখনো ওই চিকিৎসকের দেখা পাননি। মোসাদের কর্মকর্তারাও তাঁর দাবির সত্যতা নিশ্চিত করতে পারেননি।
কয়েক বছর পর মোসাদের আরেক কর্মকর্তা রামি ইগ্রা ওই ঘটনার পর্যালোচনা করেন। তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, তাঁর ধারণা ওই চিকিৎসক মিথ্যা বলেছিলেন এবং বড় অঙ্কের টাকা পাওয়ার চেষ্টা করছিলেন।
ইগ্রার সন্দেহ, মোসাদ মূলত নিজের ধারণার পক্ষে প্রমাণ খুঁজতে গিয়ে ওই চিকিৎসককে পেয়েছিল।
ইসরায়েল সরকারও চিকিৎসকের গল্পটি ইরানের বিরুদ্ধে তাদের দাবির শক্ত প্রমাণ হিসেবে উপস্থাপন করে। ইগ্রার ভিন্নমত তাদের ওই দাবির সামনে তেমন গুরুত্ব পায়নি।
সাবেক মার্কিন কর্মকর্তাদের একজন বলেন, একটি নৌযানে ইরানি জেনারেল আলিরেজা আসগারিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর তাঁর মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়।
‘অপারেশন পয়জনাস স্টিং’
১৯৯৪ সালে ইরানের বিরুদ্ধে সবচেয়ে বিস্ফোরক প্রমাণ পাওয়ার দাবি করে ইসরায়েল।
ইসরায়েলি কমান্ডোরা লেবাননে অভিযান চালিয়ে মুস্তফা দিরানিকে অপহরণ করেছিল। রন আরাদকে শেষবার যাঁর হেফাজতে দেখা গিয়েছিল, সেই মিলিশিয়া সদস্যকে তাঁরা ‘পয়জনাস স্টিং’ নামে এক অভিযানের মাধ্যমে পাকড়াও করে ভূগর্ভস্থ কারাগারে নিয়ে যায়।
জিজ্ঞাসাবাদের সময় দিরানি বলেন, লেবাননের নবি শিত গ্রামে একটি বাড়িতে তিনি রন আরাদকে লুকিয়ে রেখেছিলেন। একটি বিশ্বস্ত পরিবারকে তাঁর দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। এক রাতে রন আরাদের পাহারায় থাকা লোকেরা অন্য জায়গায় লড়াই করতে তাঁকে বাড়িতে একা রেখে যায়। ফিরে এসে দেখে, রন আরাদ আর সেখানে নেই।
তারপর কয়েক বছর পেরিয়ে গেছে। রন আরাদ এখন কোথায়, তা তিনি জানেন না বলে দাবি করেন দিরানি। কিন্তু ইসরায়েলি কর্মকর্তা দিরানির কথা বিশ্বাস করেননি।
মোসাদ সদস্যরা দিরানির ওপর নিষ্ঠুর নির্যাতন চালান। পরে এক সাক্ষাৎকারে জিজ্ঞাসাবাদে অংশ নেওয়া ইসরায়েলি কর্মকর্তা ডোরন জেহাভি দাবি করেন, ‘দিরানির সঙ্গে যুক্তি দিয়ে কথা বলা যেত না। বলপ্রয়োগ ছাড়া কোনো কাজই করতেন না তিনি।’
অন্যদিকে দিরানি দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় তাঁকে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছিল। ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। তবে স্বীকার করেছে, তাঁর সঙ্গে কঠোর আচরণ করা হয়েছিল এবং তাঁকে যৌন নির্যাতনের হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।
নির্যাতনের মুখে দিরানি এক ইরানি কর্মকর্তার সঙ্গে তাঁর বৈঠকের কথা বলেছিলেন। ওই কর্মকর্তা তাঁকে বলেছিলেন, বিপ্লবী গার্ডের সদস্যরা রন আরাদকে অপহরণ করে ইরানের একটি বন্দিশিবিরে নিয়ে গিয়েছিল বলে তাঁকে জানিয়েছিল।
কেউ কেউ এটিকে ইরানের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মনে করেছিলেন। অন্যদের মতে, নির্যাতনের মাধ্যমে পাওয়া এই তথ্য বিশ্বাসযোগ্য নয় এবং এর ভিত্তিতে পদক্ষেপ নেওয়া ঠিক হবে না।
মোসাদের কর্মকর্তা ইগ্রার বিশ্লেষণে রন আরাদের পরিণতি সম্পর্কে নিশ্চিত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। পালানোর চেষ্টা করার সময় তিনি হয়তো নিহত হয়েছিলেন। অথবা ওই সময়ের পাল্টাপাল্টি সংঘাতের মধ্যে প্রতিশোধ হিসেবে তাঁর আটককারীরা তাঁকে হত্যা করে থাকতে পারে।
ইগ্রার মতে, সবচেয়ে যুক্তিসংগত ব্যাখ্যা হলো রন আরাদের পুরো ঘটনা লেবাননেই শুরু হয়েছিল এবং সেখানেই শেষ হয়েছিল।
কিন্তু দিরানির বক্তব্য ইসরায়েলে বড় খবর হয়ে ওঠে। এতে মনে হয়েছিল রন আরাদের নিখোঁজ হওয়ার পেছনে ইরান জড়িত। এ নিয়ে বহু বছরের সন্দেহের সত্যতা এবার পাওয়া গেছে। সাংবাদিক, বিশ্লেষক ও সরকারের শীর্ষ কর্মকর্তারা বহু বছর ধরে এ বক্তব্য পুনরাবৃত্তি করেছেন।

সতর্কবার্তা উপেক্ষা করে হত্যা
২০০৬ সালে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেতের তৎকালীন প্রধান ইউভাল ডিসকিন নিখোঁজ রন আরাদের ঘটনা নিয়ে ব্যাপক পর্যালোচনা শুরু করেন। দুই দশকেও কোনো অগ্রগতি না হওয়ায় তদন্তকারীরা প্রতিটি বিষয় নতুন করে পরীক্ষা করেন।
ডিসকিন নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘আমরা প্রতিটি তথ্য একটির পর একটি পরীক্ষা করেছি। তথ্যের উৎস কতটা নির্ভরযোগ্য, সেগুলো কীভাবে পাওয়া গিয়েছিল, সবই খতিয়ে দেখেছি। আমাদের সিদ্ধান্ত ছিল রন আরাদকে ইরানে পাঠানোর বিষয়ে পাওয়া তথ্যগুলো ছিল ভুল।’
ইসরায়েলি সাংবাদিক ইয়োয়াভ লিমোর ২০২৩ সালে প্রকাশিত ‘দ্য ইন্টারোগেটর’ বইয়ে শিন বেতের এই গোয়েন্দা মূল্যায়নের কথা আগেই লিখেছিলেন।
শিন বেতের দল সিদ্ধান্তে পৌঁছেছিল, রন আরাদ কখনো হিজবুল্লাহ বা বিপ্লবী গার্ডের হাতে পড়েননি। তাদের মতে, তাঁর নিখোঁজ হওয়ার রহস্যের উত্তর সম্ভবত নবি শিত গ্রামেই ছিল—যে গ্রামের কথা হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তেও বলা হয়েছিল।
ডিসকিন বলেন, সরকারের ভেতর থেকে তাদের ওই প্রতিবেদনকে তেমন গুরুত্বের সঙ্গে দেখা হয়নি।
ইরান জড়িত থাকার ধারণা বাদ না দিয়ে মোসাদ আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে জানা যায় সে সময়ে মোসাদ এমন একটি অপহরণ অভিযান চালিয়েছিল, যার কথা আগে প্রকাশ করা হয়নি। মোসাদ ইরানি জেনারেল আলিরেজা আসগারিকে অপহরণ করে।
বিপ্লবী গার্ডের কুদস বাহিনীর জেনারেল আলিরেজা আসগারি বহু বছর ধরে মোসাদের নজরে ছিলেন। হিজবুল্লাহর নেতাদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। পরে তিনি ইরানের উপপ্রতিরক্ষামন্ত্রী হয়েছিলেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, রন আরাদ নিখোঁজ হওয়ার অল্প কিছুদিন পরই তিনি লেবাননে গিয়েছিলেন।
আসগারির স্ত্রী জিবা আহমাদি দাবি করেন, ২০০৬ সালের ডিসেম্বরে জেনারেল আসগারি তুরস্কের ইস্তাম্বুলে যান এবং হোটেলে ওঠেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান।
আসগারির নিখোঁজ হওয়ার ঘটনা দ্রুত গোয়েন্দা জগতের বড় রহস্যময় ঘটনাগুলোর একটি হয়ে ওঠে।
চার দশক পেরিয়ে গেছে, ইসরায়েল এখনো রন আরাদের খোঁজ বন্ধ করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রন আরাদ তাদের নিখোঁজ তালিকাভুক্ত একমাত্র সেনাসদস্য।
ইসরায়েলিরা বারবার এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বহু বছর পর যুক্তরাষ্ট্র ও ইরান যখন পারমাণবিক চুক্তি এবং বন্দিবিনিময় নিয়ে আলোচনা করছিল, তখন ইরানিরা তাদের মার্কিন সহযোগীদের কাছে জানতে চায়, তাদের নিখোঁজ জেনারেলের কী হয়েছিল। মার্কিন কর্মকর্তারা জড়িত থাকার কথা অস্বীকার করেন। তবে তাঁরা নীরবে বিষয়টি নিয়ে খোঁজখবর নিতে শুরু করেন।
আলোচনায় যুক্ত সাবেক এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি কর্মকর্তারা মার্কিন আলোচকদের বলেছিলেন, জেনারেল আসগারি মারা গেছেন।
ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন, এমন আরও তিন সাবেক মার্কিন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মোসাদের সদস্যরা জেনারেল আসগারিকে অপহরণ করেন, কয়েক সপ্তাহ জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাঁকে হত্যা করেন।
সাবেক কর্মকর্তাদের একজন বলেন, একটি নৌযানে জেনারেলকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এরপর তাঁর মরদেহ কৃষ্ণসাগরে ফেলে দেওয়া হয়।
তাঁদের ভাষ্য অনুযায়ী, রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় আসগারি জড়িত ছিলেন কি না, তা জানতেই মোসাদ তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল। কিন্তু জিজ্ঞাসাবাদকারীরা এমন কোনো যোগসূত্র পাননি।
জেনারেল আসগারির নিখোঁজ হওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্র ইরানকে কতটা তথ্য দিয়েছিল, তা স্পষ্ট নয়। ইরান নিজেও তদন্ত চালায়।
আসগারির স্ত্রী জিবা আহমাদি নিউইয়র্ক টাইমসকে বলেন, তদন্তকারীরা তাঁকে জানিয়েছিলেন, ইসরায়েলি কর্মকর্তারা তাঁর স্বামীর হোটেলকক্ষে ঢুকেছিলেন, তাঁকে ওষুধ দিয়ে অচেতন করে অপহরণ করেছিলেন।
অভিযানে ব্যবহৃত গাড়িটি কৃষ্ণসাগরের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গিয়েছিল বলেও জানান জিবা।
ইসরায়েলিরা কেন তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, নিউইয়র্ক টাইমসের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনি কি কখনো রন আরাদের কথা শুনেছেন?’

ইরানও খোঁজ করেছিল
রন আরাদের নিখোঁজ হওয়ার জন্য ইরানকে দায়ী করে ইসরায়েল সরকার তেহরানের নেতাদের ওপর তীব্র চাপ সৃষ্টি করেছিল।
১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত ইরানের ভাইস প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ আলি আবতাহি। তেহরান থেকে ফোনে দ্য নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘রন আরাদের বিষয়টি আমাদের সর্বত্র অনুসরণ করত। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিটি বৈঠকে আমাদের রন আরাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হতো’।
আবতাহি বলেন, ‘রন আরাদের ঘটনায় ইরানের ভূমিকা নিয়ে ইসরায়েল মোহগ্রস্ত ছিল। আর আমাদের অবস্থান ছিল, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। ঘটনাটি লেবাননে ঘটেছিল।’
সাবেক ইসরায়েলি ও ইরানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, লেবাননে বহু বছর দায়িত্ব পালন করা বিপ্লবী গার্ডের কমান্ডার আবদুল্লাহ সাবেরির বিষয়ে অনুসন্ধান চালাতে সমন্বয়ের দায়িত্ব দিয়ে পাঠায় ইরান।
দিরানি দাবি করেন, জিজ্ঞাসাবাদের সময় তাঁকে শারীরিক ও যৌন নির্যাতন করা হয়েছিল। ইসরায়েল সরকার এসব অভিযোগ ব্যাপকভাবে অস্বীকার করে। তবে সরকার স্বীকার করে, তাঁর সঙ্গে কঠোর আচরণ করা হয়েছিল এবং তাঁকে যৌন নির্যাতনের হুমকি দেওয়া হয়ে থাকতে পারে।
সাবেক তিন ইরানি কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্ত শেষে একটি গোপন প্রতিবেদন তৈরি করা হয়। সেখানে বলা হয়, ১৯৮৮ সালে নবি শিত গ্রামে রন আরাদের মৃত্যু হয়েছিল। পূর্ব লেবাননের ওই গ্রামেই তাঁকে আটকে রাখা হয়েছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সম্ভবত তাঁকে সেখানেই কোথাও সমাহিত করা হয়েছে।
কিন্তু ইসরায়েল এ দাবি মানতে একেবারেই রাজি ছিল না। ইসরায়েলের ২০০৫ সালের প্রতিবেদনে বলা হয়, বিপ্লবী গার্ডই রন আরাদকে অপহরণ করেছিল। ইসরায়েলের এই প্রতিবেদনটি এখনো গোপন রাখা হয়েছে।

আবারও সতর্কবার্তা, আবারও অপহরণ
জেনারেল আসগারিকে জিজ্ঞাসাবাদ করেও রন আরাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তাই ইসরায়েলি কর্মকর্তারা আবার গোড়া থেকে শুরু করেন।
২০১৪ সালে ইসরায়েলি সামরিক বাহিনীর নিখোঁজ সেনা বিষয়ক ইউনিটের প্রধান ছিলেন আভি কালো। টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বহু বছরের আড়ি পেতে শোনা যোগাযোগ, তথ্যদাতাদের প্রতিবেদন এবং বিশ্লেষণ তিনি খতিয়ে দেখেছিলেন।
এবং বহু বছর আগে শিন বেতের দল এবং হিজবুল্লাহ-ইরানের যৌথ তদন্ত যে সিদ্ধান্তে পৌঁছেছিল, আভিও সেই একই সিদ্ধান্তে পৌঁছান। তাঁর মূল্যায়ন ছিল, রন আরাদ সম্ভবত ১৯৮৮ সালে মারা গিয়েছিলেন। সম্ভবত নবি শিত গ্রামেই তাঁর মৃত্যু হয়েছিল। তিনি কখনো ইরানে ছিলেন না।
আভি বলেন, ২০১৬ সালের শেষ দিকে তিনি তাঁর দীর্ঘ প্রতিবেদন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে জমা দেন।
২০১৯ সালে অবসর নেওয়ার সময় আভি ভেবেছিলেন, ইরান-সংক্রান্ত ধারণাটির অবসান হয়েছে। সহকর্মীদের সঙ্গে আলোচনায় তিনি ভবিষ্যতে নবি শিতকে কেন্দ্র করে গোয়েন্দা তথ্য সংগ্রহের পরামর্শও দিয়েছিলেন।
আভি বলেন, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের তিনি স্পষ্ট করে জানিয়েছিলেন, ইরানিদের অপহরণ করে রন আরাদের ঘটনার সমাধান পাওয়া যাবে না।
কিন্তু দুই বছর পর লেবাননে রন আরাদের সন্ধান সমন্বয়ের কাজে সাহায্য করার প্রায় দুই দশক পর জেনারেল সাবেরিকে অচেতন করে একটি ফ্রিজের কার্টনে করে মোসাদের মালবাহী ভ্যানে নিয়ে যাওয়া হয়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর অচেতন ও বিভ্রান্ত অবস্থায় জেনারেল সারেরিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি রাস্তায় ফেলে রাখা হয়। পরে তিনি বলেন, তাঁকে নির্যাতন করা হয়েছিল।
ইসরায়েলে এ নিয়ে প্রশ্ন ওঠার সময় মোসাদের তৎকালীন প্রধান ডেভিড বারনিয়া বলেন, রন আরাদ সম্পর্কে তথ্য পাওয়ার জন্য তিনি একটি অভিযানের অনুমোদন দিয়েছিলেন। তিনি অভিযানটিকে ‘সাহসী ও দুঃসাহসিক’ বললেও শেষ পর্যন্ত সেটিকে ‘ব্যর্থতা’ বলে বর্ণনা করেন।
অবশেষে শুরুর জায়গায় ফিরে যাওয়া
কোনো অভিযান, অপহরণ, হামলা বা হত্যাই মোসাদকে নিখোঁজ রন আরাদকে খুঁজে পাওয়ার কাছাকাছি নিয়ে যেতে পারেনি। অবশেষে মোসাদ নবি শিত গ্রামকে গুরুত্ব দিয়ে দেখতে শুরু করে।
দিরানি বহু আগে জিজ্ঞাসাবাদের সময় বলেছিলেন, এই গ্রামেই তিনি রন আরাদকে এক বিশ্বস্ত পরিবারের কাছে রেখেছিলেন। তাঁর কথামতো, এক রাতে কাছাকাছি ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়তে গিয়ে ওই পরিচিত লোকেরা রন আরাদকে বাড়িতে একা রেখে চলে গিয়েছিলেন।
হিজবুল্লাহ ও ইরানের যৌথ তদন্তেও এই গ্রামকে রন আরাদের সম্ভাব্য সমাধিস্থল বলে চিহ্নিত করা হয়েছিল। পরে ইসরায়েলের অন্তত দুটি তদন্তেও একই সিদ্ধান্ত আসে।
ইসরায়েল ও লেবাননের বর্তমান কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৮৮ সালে রন আরাদের অবস্থান জানতেন বলে সন্দেহ করা হতো, এমন কয়েকজনের একজন ছিলেন আহমদ শুকুর।
তিনি লেবাননের অবসরপ্রাপ্ত নিরাপত্তা কর্মকর্তা। গত ডিসেম্বরে একটি ব্যবসায়িক চুক্তি নিয়ে আলোচনার কথা ভেবে তিনি বাড়ি থেকে বের হন। তারপর থেকে তিনি নিখোঁজ।
লেবাননের কর্মকর্তাদের বিশ্বাস, ইসরায়েলি এজেন্টরা তাঁকে অপহরণ করেছে। আহমদ শুকুর কোথায় আছেন, তা যেমন রহস্য রয়ে গেছে, তেমনি তদন্তকারীদের কাছে তিনি কী বলেছিলেন, সেটিও অজানা।
চার দশক পেরিয়ে গেছে, ইসরায়েল এখনো রন আরাদের খোঁজ বন্ধ করেনি। ইসরায়েলি সামরিক বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, রন আরাদ তাদের নিখোঁজ তালিকাভুক্ত একমাত্র সেনাসদস্য।
আরাদকে খুঁজে বের করতে ইসরায়েল সরকারের দীর্ঘ প্রচেষ্টা সাধারণ মানুষের আগ্রহের বিষয় হয়ে থেকেছে। কারণ, ইহুদি ঐতিহ্যে সেনাদের জীবিত বা মৃত অবস্থায় দেশে ফিরিয়ে আনার যে অঙ্গীকারের কথা বলা হয়, এই অনুসন্ধান তার প্রতীক হয়ে উঠেছে। রন আরাদকে খোঁজার ঘটনা নিয়ে লেখা হয়েছে প্রবন্ধ ও বই; তৈরি হয়েছে তথ্যচিত্র।
আরাদকে খুঁজে বের করতে ইসরায়েল সরকার এতটাই দৃঢ়প্রতিজ্ঞ যে নিখোঁজ হওয়ার প্রায় চার দশক পরও নিজের দেশের দূতাবাসের কাছাকাছি এলাকায় ঝুঁকি নিয়ে জেনারেল সাবেরিকে অপহরণ করা হয়েছিল।
ইরানি কর্মকর্তারা বলেছেন, জিজ্ঞাসাবাদকারীরা সাবেরিকে শুধু রন আরাদ সম্পর্কেই প্রশ্ন করেছিলেন।
জেনারেল সাবেরিকে অপহরণ ও জিজ্ঞাসাবাদ করার ঘটনা এর আগে প্রকাশ পায়নি। ঘটনাটি বিশেষভাবে বিস্ময়কর। কারণ, ইসরায়েলের কয়েকটি গোয়েন্দা প্রতিবেদনে বহু বছর ধরেই বলা হয়েছিল, রন আরাদের নিখোঁজ হওয়ার ঘটনায় ইরান জড়িত ছিল না।
তবে দ্য নিউইয়র্ক টাইমস এক অনুসন্ধানে দেখেছে, ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা বারবার এমন খবর ও ধারণাকে বেশি গুরুত্ব দিয়েছেন, যেগুলো থেকে মনে হয়েছে, রন আরাদের নিখোঁজ হওয়ার জন্য ইরান দায়ী অথবা তাঁর অবস্থান সম্পর্কে ইরান জানে।
এই ধারণার ভিত্তিতেই সীমান্ত পেরিয়ে অভিযান, অপহরণ, কঠোর জিজ্ঞাসাবাদসহ আরও নানা পদক্ষেপ গ্রহণে মোসাদ বিন্দুমাত্র দ্বিধা করেনি।
নিউইয়র্ক টাইমসের অনুসন্ধানে আরও একটি বিষয় উঠে এসেছে। সেটি হলো এই অঞ্চলের গোয়েন্দা জগতের দীর্ঘদিনের এক রহস্যের জবাব। ইরানি জেনারেল আলিরেজা আসগারি দুই দশক আগে নিখোঁজ হয়েছিলেন। রন আরাদের খোঁজ করতে গিয়ে ইসরায়েলি কর্মকর্তারা তাঁকে অপহরণ করেন, রন আরাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং পরে তাঁকে হত্যা করেন। অথচ রন আরাদ সম্পর্কে তাঁর কাছে কোনো গোয়েন্দা তথ্য ছিল না।
ইসরায়েলের অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা আভি কালো বলেন, ‘আমরা শুরুতেই ইরানকে ভয়ংকর শত্রু বলে ধরে নিয়েছিলাম।’
রন আরাদের অনুসন্ধান এখনো চলছে। তবে এখন ইরানের বদলে লেবাননকে কেন্দ্র করে খোঁজ করা হচ্ছে।
আভি বলেন, ‘আমাদের ২০ বছর আগেই সেখানে যাওয়া উচিত ছিল। এটা ব্যর্থতা। ইরান জড়িত, এই বয়ান থেকে আমরা বের হতে পারিনি। ইরানের হুমকির সঙ্গে আরাদের ঘটনাকে আলাদা করতে পারিনি। ধারণাটি আমাদের মধ্যে খুব গভীরভাবে গেঁথে গিয়েছিল।’