সাত কোটি টাকা দিতে হবে। না হলে প্রাণে মারা হবে আম আদমি পার্টির (আপ) প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও তার মেয়ে হর্ষিতাকে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য পরিচয় দিয়ে এমনই হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি সামনে আসতেই কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আপ নেতারা। ঘটনার তদন্ত শুরু করেছে পাঞ্জাবের মোহালি পুলিশ।
দিল্লির তিলকনগরের আপ বিধায়ক জার্নেল সিং প্রথম বিষয়টি প্রকাশ্যে আনেন। তার অভিযোগ, গত ৬ নভেম্বর নিজের মোবাইলে একটি ফোন ও হোয়াটসঅ্যাপে হুমকির বার্তা পান তিনি। ফোন করা ব্যক্তি নিজেকে বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে পরিচয় দেন। কেজরিওয়ালকে সাত কোটি টাকা দিতে বলার জন্য জার্নেল সিংকে নির্দেশ দেন তিনি। টাকা না পেলে আপ প্রধান ও তার মেয়েকে খুনের হুমকিও দেওয়া হয়।
এই ঘটনায় মোহালির সাইবার অপরাধ দমন থানায় মামলা দায়ের হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার তোলাবাজি ও অপরাধমূলক হুমকি সংক্রান্ত ধারা এবং তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পরিদর্শক সুনীল কুমারকে। হুমকির জন্য ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড, ইন্টারনেট প্রোটোকল বা আইপি লগ এবং অবস্থান সংক্রান্ত তথ্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
জার্নেল সিংয়ের বক্তব্য, একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে ব্যবহার করে এভাবে দলের প্রধান ও তার পরিবারের কাছে তোলাবাজির দাবি পৌঁছে দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর। তিনি অভিযুক্তকে চিহ্নিত করে গ্রেপ্তারের পাশাপাশি কেজরিওয়াল ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানিয়েছেন। এখনও পর্যন্ত হুমকির সঙ্গে বিষ্ণোই গ্যাংয়ের প্রকৃত যোগের প্রমাণ সামনে আসেনি। অভিযুক্তের পরিচয়ও নিশ্চিত নয়।
লরেন্স বিষ্ণোইয়ের নেতৃত্বাধীন এই গোষ্ঠীর বিরুদ্ধে খুন, তোলাবাজি, গুলি চালানো এবং মাদক পাচারের মতো অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। বলিউড অভিনেতা সলমান খান-সহ একাধিক পরিচিত ব্যক্তিকেও এই গ্যাংয়ের নাম করে হুমকি দেওয়া হয়েছে। ২০২৫ সালের ২৯ সেপ্টেম্বর কানাডা সরকার বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে। দেশটির জননিরাপত্তা বিভাগ জানিয়েছিল, সংগঠনটি হুমকি, হিংসা ও তোলাবাজির মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়ায়।