গাজায় নতুন ইসরায়েলি হামলায় অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) খান ইউনিসের নাসের হাসপাতালে চালানো এক বিমান হামলায় চিকিৎসকসহ ছয়জন প্রাণ হারান। এছাড়া বুরেইজ শরণার্থী শিবিরে গুলিবর্ষণে আরও এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন।
গাজার সিভিল ডিফেন্স জানায়, নাসের মেডিকেল কমপ্লেক্সের আল-ইয়াসিন ভবনের দ্বিতীয় তলায় ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ভয়াবহ এই বিমান হামলায় ছয়জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। হামলার কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও সার্জারি ওয়ার্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি আর্মি রেডিও এই হামলাকে একটি ‘গুপ্তহত্যা অভিযান’ হিসেবে উল্লেখ করলেও কোনো বিস্তারিত তথ্য দেয়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে স্বাস্থ্যকর্মী, চিকিৎসাধীন রোগী ও তাঁদের স্বজনেরা রয়েছেন। নিহতদের মধ্যে ডা. রিজক আবু শায়রা নামের এক বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এই বোমাবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় একে চিকিৎসা সুরক্ষা আইনের ‘চরম লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।
পৃথক ঘটনায় মধ্য গাজার বুরেইজ শিবিরে ইসরায়েলি বাহিনীর গুলিতে হাসান আবু খ্রিস নিহত হন। পরে তাঁর মরদেহ দেইর আল-বালাহর আল-আকসা শহীদ হাসপাতালে নিয়ে আসা হয়। একই সঙ্গে মধ্য গাজার আল-মাসদার গ্রাম ও আশপাশের এলাকায় ভারী কামানের গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী।
দক্ষিণ গাজার আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুতদের তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী ভারী গুলিবর্ষণ করেছে। তাঁবুর ভেতরে ঘুমন্ত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ২৩ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে নাসের হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ধারাবাহিক ইসরায়েলি হামলায় ১ হাজার ৬২২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫ হাজার ৮৭৮ জন ফিলিস্তিনি। ২০২৩ সালের অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ৭৪ হাজার ৬০০ ছাড়িয়েছে।