সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বুধবার (১১ নভেম্বর) দেশটির মক্কা অঞ্চলে পড়েছে। সৌদি আরব ও ইয়েমেনের ইরানপন্থি হুতি বিদ্রোহীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই এ ঘটনা ঘটল।
সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দুটি স্থানে পড়েছে। এর একটি সাবুহাহ গ্রামে। এটি পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। অন্যটি ওয়াদি আল-মাগমাস, যা মসজিদুল হারাম থেকে প্রায় ২১ কিলোমিটার পূর্বে।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ক্ষেপণাস্ত্র দুটি মক্কা অঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো শনাক্ত করে প্রতিহত করে। পরে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ওই দুই এলাকায় পড়ে।
মক্কা ও মদিনার মতো ইসলামের পবিত্র দুই শহরকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে হুতিরা। তাঁদের দাবি, সৌদি আরবের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে তাঁদের অভিযান পরিচালিত হয়।
সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে দেওয়া এক বিবৃতিতে জানায়, বেসামরিক স্থাপনায় হামলা আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এটি হুতিদের বিপজ্জনক শত্রুতামূলক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ।
মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র শহর মক্কা। এখানেই অবস্থিত পবিত্র মসজিদুল হারাম ও কাবা শরিফ। প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসলমান হজ পালনের জন্য মক্কায় সমবেত হন।
২০১৪ সালে ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয় হুতিরা। এর প্রেক্ষিতে ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিতে দেশটিতে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি হয়। এতে সংঘাত অনেকটা কমে আসে। তবে এ বছরের শুরুতে আবারও উত্তেজনা বাড়তে থাকে। হুতিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা চালায় সৌদি আরব।
এদিকে নতুন করে সংঘাত বাড়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব এল-মান্দেব প্রণালি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্ত করা প্রণালিটি আন্তর্জাতিক নৌ-বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ।
সূত্র: রয়টার্স