ইরানের জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় বায়ুমণ্ডলে ১৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জলবায়ু সম্মেলন কপ-৩১-এ নিজের বক্তব্যে এই তথ্য জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তুরস্কের ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর আন্তালিয়ায় অনুষ্ঠিত হচ্ছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ-৩১।
এতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা ও জলবায়ু আলোচকেরা অংশ নিচ্ছেন। সম্মেলনে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং জলবায়ু অর্থায়ন নিয়ে আলোচনা হচ্ছে।
তিনি জানান, ইরানের আসালুয়েহ এলাকায় জ্বালানি স্থাপনায় হামলায় ৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হয়েছে। অন্যদিকে তেহরানের কাছাকাছি জ্বালানি তেলের মজুতকেন্দ্রে হামলায় আরও ১০ লাখ টন কার্বন ডাই-অক্সাইড ছড়িয়েছে।গত ৭ মার্চ তেহরানে তেলের মজুতকেন্দ্র এবং ১৮ মার্চ দক্ষিণ ইরানের আসালুয়েহ এলাকায় গ্যাস প্রক্রিয়াজাতকরণ স্থাপনায় হামলা চালায় ইসরাইল।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সামরিক আগ্রাসনে ব্যাপক পরিবেশ বিপর্যয়ের জন্য ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে আন্তর্জাতিক প্রচেষ্টার সঙ্গে অবকাঠামো ধ্বংস, ব্যাপক অগ্নিকাণ্ড এবং বায়ুমণ্ডলে দূষিত পদার্থ ছড়িয়ে দেয়া সামরিক অভিযানের স্পষ্ট বিরোধ রয়েছে।
গাজা উপত্যকায় ইসরাইলের সামরিক অভিযানও নিন্দা জানান পেজেশকিয়ান।
তিনি বলেন, অবকাঠামো, পানিসম্পদ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংসের কারণে অঞ্চলটি মানবিক ও পরিবেশগত বিপর্যয়ের মুখে পড়েছে।
এ ছাড়া ইরানের সংরক্ষিত প্রাকৃতিক অঞ্চল ও পরিবেশরক্ষীদের কার্যালয়ে হামলার ফলে প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়েছে এবং ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি।
পরিবেশগত ক্ষয়ক্ষতির জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়ে পেজেশকিয়ান বলেন, ইরান ও গাজায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানে পরিবেশের ক্ষয়ক্ষতির তথ্য নথিভুক্ত করতে হবে এবং ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
বক্তব্যে ইরানের নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। পেজেশকিয়ান জানান, গত দুই বছরে দেশটিতে নবায়নযোগ্য জ্বালানির স্থাপিত উৎপাদনক্ষমতা ১ হাজার ২৫০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ১৫০ মেগাওয়াট ছাড়িয়েছে।
তিনি আরও জানান, চলতি বছর ইরান ৪৫০ কোটি কিলোওয়াট-ঘণ্টার বেশি পরিচ্ছন্ন বিদ্যুৎ উৎপাদন করেছে। এর ফলে ২৫ লাখ টন কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ ঠেকানো সম্ভব হয়েছে।
পেজেশকিয়ান বলেন, শান্তি ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। পৃথিবীকে সুরক্ষিত রাখতে দীর্ঘস্থায়ী শান্তি অপরিহার্য।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। সংঘাত বন্ধে এরপর থেকে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের মাধ্যমে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। - তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি।