Image description

যুক্তরাষ্ট্রের আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে অজ্ঞাতনামা সেনার সমাধির সামনে ছবি তোলার সময় হাসি-আড্ডায় মেতে ওঠেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, তার স্ত্রী ও কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা। এ সময় স্মৃতিসৌধের পবিত্রতা ও শিষ্টাচার বজায় না রাখার অভিযোগে তাদের সতর্ক করেন দায়িত্বে থাকা এক সেনাসদস্য। ঘটনাটি ভেটেরান্স ডে উপলক্ষে আয়োজিত স্মরণ অনুষ্ঠানের ভিডিওতে ধরা পড়েছে।

ভিডিওতে দেখা যায়, অজ্ঞাতনামা সেনার সমাধির সামনে ছবি তোলার সময় হেগসেথ, তার স্ত্রী এবং দলের সদস্যরা হাসাহাসি ও কথাবার্তায় ব্যস্ত ছিলেন। একপর্যায়ে দায়িত্বে থাকা সেনাবাহিনীর প্রহরী তাদের দিকে এগিয়ে এসে চিৎকার করে বলেন, ‘সব দর্শনার্থীকে সব সময় নীরবতা ও সম্মানের পরিবেশ বজায় রাখতে হবে।’

আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রের শিষ্টাচারবিধি অনুযায়ী, দর্শনার্থীদের নিচু স্বরে কথা বলতে হয়। অসম্মানজনক বা বিশৃঙ্খল আচরণ থেকেও বিরত থাকতে হয়।

অজ্ঞাতনামা সেনার সমাধিটি যুক্তরাষ্ট্রের অন্যতম পবিত্র যুদ্ধস্মৃতিসৌধ। প্রথম বিশ্বযুদ্ধে নিহত এক অজ্ঞাতপরিচয় সেনার শেষ শয়নস্থল হিসেবে এটি চিহ্নিত। ১৯৪৮ সাল থেকে দেশটির থার্ড ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একজন সেনাসদস্য ২৪ ঘণ্টা এই সমাধির পাহারায় নিয়োজিত থাকেন।

ঘটনা প্রসঙ্গে পেন্টাগনের প্রধান মুখপাত্র শন পারনেল বিবৃতির মাধ্যমে বলেন, এই গম্ভীর দিনটি স্মরণ করার সময় একজন সেনাসদস্য যথাযথভাবে ও সম্মানের সঙ্গে সবাইকে শিষ্টাচার বজায় রাখার কথা স্মরণ করিয়ে দিয়েছেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে সামরিক বাহিনীর নারী-পুরুষ সদস্যরা যে আত্মত্যাগ করেছেন, প্রতিরক্ষামন্ত্রী এবং পুরো প্রতিরক্ষা দপ্তর সব সময়ই তার প্রতি সম্মান জানিয়েছে এবং ভবিষ্যতেও জানাবে।

এর আগে ভেটেরান্স ডে উপলক্ষে আর্লিংটন জাতীয় সমাধিক্ষেত্রে বার্ষিক পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ দেশটির শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে দেশের জন্য লড়াই করা ইউনিফর্মধারী সামরিক সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধে তার প্রশাসনের সাফল্যের দাবিও তুলে ধরেন তিনি।

ট্রাম্প বলেন, ‘এই প্রশাসনের অধীনে- আর এটা অনেক আগেই হওয়া উচিত ছিল- কেউ একজন পাল্টা লড়াই করেছে। আমরা সবাই পাল্টা লড়াই করেছি।’

ইরানের যুদ্ধ প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘আমরা জিতেছি। এখন শুধু প্রশ্ন, কখন আমরা এটি শেষ করতে চাই। আমরা নিশ্চিত করতে চাই, যেন পূর্ণাঙ্গ বিজয় আসে; ৯৩ শতাংশ বিজয় নয়।’

অনুষ্ঠানে হেগসেথের কাজেরও প্রশংসা করেন ট্রাম্প। প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তিনি ‘দারুণ কাজ’ করছেন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

ডেমোক্র্যাট আইনপ্রণেতারা হেগসেথকে অভিশংসনের উদ্যোগ নেওয়ার পরও তাকে বারবার সমর্থন দিয়ে আসছেন ট্রাম্প। মঙ্গলবার কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অভিযোগে প্রতিরক্ষামন্ত্রীকে অভিশংসনের একটি উদ্যোগ ক্যাপিটল হিলে ব্যর্থ হয়।

অন্যদিকে, অভিশংসনের প্রচেষ্টাকে ‘প্রহসন’ ও ‘লোকদেখানো কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছেন হেগসেথ।

সূত্র: বিবিসি