প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি প্রকাশ্যে রিয়াদকে সমর্থনের প্রতিশ্রুতি দেয়ার অনেক আগেই সৌদি আরবে সেনা ও সামরিক বিমান মোতায়েন করেছিল মিশর। একই সঙ্গে দেশটির গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনাগুলোতে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা স্থানান্তর করেছিল কায়রো। মিশরের সামরিক সূত্রগুলো মিডল ইস্ট আইকে এ তথ্য জানিয়েছে।
মিশরের একটি সামরিক সূত্র জানিয়েছে, এই মোতায়েনের মধ্যে ছিল রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন, আটটি হেলিকপ্টার এবং চারটি বড় পরিবহন বিমান। গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে তিনি এ তথ্য দেন।
ওই সূত্র আরও জানান, মিশরের নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি দক্ষিণ লোহিত সাগরের দিকে অগ্রসর হয়েছিল। এই প্রণালিটি লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে সংযুক্ত করেছে।
লোহিত সাগরের নৌপরিবহন পথের নিরাপত্তা এবং ইয়েমেনে হুথিদের হামলার কারণে সৃষ্ট হুমকি নিয়ে মিশরের উদ্বেগ বাড়তে থাকার প্রেক্ষাপটে এসব নৌ-তৎপরতার খবর সামনে এসেছে।
বাংলা সংবাদ
গত আগস্টে মিশর বাব আল-মান্দেব প্রণালির কাছে তাদের নৌবাহিনীর উপস্থিতি বাড়িয়েছিল বলে জানা যায়। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, আধুনিক ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ লোহিত সাগরের দক্ষিণ প্রবেশমুখের দিকে মোতায়েন করা হয়েছিল।
এছাড়া আল জাজিরা আরবির ওপেন সোর্স অনুসন্ধান বিভাগ গত মাসে জানিয়েছে, ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য বিশ্লেষণ করে সৌদি আরবের আকাশসীমায় মিশরের সামরিক বাহিনীর দুটি সি-১৩০ হারকিউলিস পরিবহন বিমানের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এসইউ-বিএআই এবং এসইউ-বিইডব্লিউ নিবন্ধন নম্বরযুক্ত বিমান দুটিকে পশ্চিম সৌদি আরবের আকাশে শনাক্ত করা হয়েছিল। পরে সেগুলোর সংকেত হারিয়ে যায়।
এর মধ্যে একটি বিমানকে পরবর্তী সময়ে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলে শনাক্ত করা হয়। এরপর আল ওয়াজহের কাছাকাছি লোহিত সাগরের উপকূলের দিকে উড়ে যাওয়ার সময় সেটির সংকেত আবারও হারিয়ে যায়।
মিশরের একজন সামরিক সূত্র মিডল ইস্ট আইকে জানিয়েছেন, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলের কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্কাইগার্ড-আমুন ব্যাটারিসহ বেশ কয়েকটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থাও নতুন করে মোতায়েন করা হয়েছে।
ওই সূত্র বলেন, লড়াই শুরু হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে নিরাপত্তাবিষয়ক আলোচনা ও তথ্য বিনিময় চলছিল। এর উদ্দেশ্য ছিল সামরিক হস্তক্ষেপ ও সহায়তা কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানো।
তিনি আরও বলেন, মিশর ও সৌদি আরবের মধ্যে সামরিক সহযোগিতার বিষয়ে সম্মতি থাকলেও মিশরের জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য হস্তক্ষেপের কৌশল, পদ্ধতি এবং সামরিক কার্যক্রমের পরিকল্পনা নিয়ে তখনো আলোচনা ও সমন্বয় চলছিল।
মিডল ইস্ট আই সোমবার মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে মন্তব্য চাওয়ার কয়েক ঘণ্টা পর পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি নিশ্চিত করেন যে, সিসি সংসদের অনুমোদন পাওয়ার আগেই মিসরের সামরিক বাহিনী সৌদি আরবে মোতায়েন করা হয়েছিল।
ফ্রান্স ২৪-কে আবদেলাত্তি বলেন, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির সময় সৌদি আরবের ওপর হামলা ও আগ্রাসনের ঘটনার পর কয়েক মাস আগেই সেখানে আমাদের উপস্থিতি শুরু হয়েছিল। তিনি আরও জানান, কায়রো এখন ওই মোতায়েনকে আরও শক্তিশালী করার প্রক্রিয়ায় রয়েছে।
গত ১৭ অক্টোবর সিসি সৌদি আরবের প্রতিরক্ষার প্রয়োজন হলে সেখানে মিসরের সেনা মোতায়েনের অনুমোদন দিতে সংসদের প্রতি আহ্বান জানান।
পরদিন প্রেসিডেন্টের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় প্রতিরক্ষা পরিষদ ঘোষণা করে, সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় মিশর সব ধরনের সম্ভাব্য সহায়তা দেবে।
মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, দেশের বাইরে কোনো সামরিক অভিযানে সশস্ত্র বাহিনী পাঠানোর আগে প্রেসিডেন্টকে জাতীয় প্রতিরক্ষা পরিষদের সঙ্গে পরামর্শ করতে হবে এবং সংসদের নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন নিতে হবে।
এ নিয়ে গত ১৮ ও ১৯ অক্টোবর সংসদে রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। এরপর ২৬ অক্টোবর সংসদ পুনরায় অধিবেশনে বসে এবং আইনপ্রণেতারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় সিসির প্রস্তাব অনুমোদন করেন।
এই অনুমোদনের ফলে সৌদি আরবের সঙ্গে সমন্বয় করে দেশটির ভূখণ্ডকে বহিরাগত আগ্রাসন থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রেসিডেন্ট ক্ষমতা পান।
তবে সংসদের এই অনুমোদনে মিশরের সামরিক প্রতিশ্রুতির সুনির্দিষ্ট ধরন বা পরিধি সম্পর্কে প্রকাশ্যে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি।
এমন সময়ে এসব তথ্য সামনে এসেছে, যখন ইয়েমেনের হুথি আন্দোলনের পক্ষ থেকে সৌদি আরবের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হচ্ছে। এই উত্তেজনা ক্রমেই আঞ্চলিক শক্তিগুলোকে সৌদি আরবের প্রতিরক্ষা নিয়ে আলোচনায় জড়িয়ে ফেলছে।