Image description

সম্পদের পাহাড় গড়েছেন এনভিডির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। এ কারণে বিশে^র দ্বিতীয় শ্রেষ্ঠ ধনী হয়ে উঠেছিলেন। কিন্তু দুই পরকীয়া তাকে শেষ করে দিচ্ছে। তিনি শীর্ষ ধনীর দ্বিতীয় অবস্থান থেকে এরই মধ্যে নেমে গেছেন। এনভিডিয়ার লোকসান লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিষয়টি নিয়ে সারা বিশে^ তোলপাড়। এরই মধ্যে তাকে পদ থেকে সরিয়ে দেয়ার প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। তার বিরুদ্ধে বিবাহবহির্ভূত দুটি সম্পর্কের অভিযোগ উঠেছে। এর মধ্যে একটি সম্পর্কে জড়িত নারীকে সন্দেহভাজন চীনা গুপ্তচর হিসেবে মনে করা হচ্ছে। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে। হুয়াংয়ের ভবিষ্যৎ নির্ধারণে বুধবারই পরিচালনা পর্ষদের বৈঠক বসার প্রস্তুতি চলছিল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

হুয়াংয়ের সম্ভাব্য বিদায়ে প্রায় ৪ ট্রিলিয়ন ডলারের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ায় নেতৃত্বের শূন্যতা তৈরি হতে পারে। তিন দশকেরও বেশি সময় আগে সহপ্রতিষ্ঠিত এই কোম্পানিকে তিনি গড়ে তুলেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) বৈশ্বিক উত্থান এবং যুক্তরাষ্ট্র-চীন প্রযুক্তি প্রতিদ্বন্দ্বিতার কেন্দ্রবিন্দুতে থাকা এআই চিপের প্রধান সরবরাহকারী হিসেবে। বুধবার বাজার-পরবর্তী লেনদেনে এনভিডিয়ার শেয়ারের দাম প্রায় ৮ শতাংশ কমেছে। পরিচালনা পর্ষদ তদন্তের ঘোষণা দেয়ার পর চলতি সপ্তাহে বাজার-পরবর্তী দরপতনসহ কোম্পানিটির শেয়ারবাজারে মূল্য প্রায় ৬০০ বিলিয়ন ডলার কমেছে।

ডি এ ডেভিডসনের প্রযুক্তি গবেষণা বিভাগের প্রধান গিল লুরিয়া বলেন, হুয়াংকে তাৎক্ষণিকভাবে সরিয়ে দেয়া এনভিডিয়ার জন্য কঠিন হতে পারে। কারণ, কোম্পানিটির কোনো উত্তরসূরি পরিকল্পনা নেই। তবে মি. হুয়াং আইন ভঙ্গ করেছেন বা কোম্পানির নীতিমালা লঙ্ঘন করেছেন- এমন প্রমাণ পাওয়া গেলে পরিচালনা পর্ষদ সম্ভবত দ্রুত ব্যবস্থা নেবে। এর আগে বুধবার নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, এনভিডিয়ার এক নির্বাহীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন হুয়াং। ওই নির্বাহী সরাসরি তার অধীনে কাজ করতেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে কোম্পানিতে কাজ করা পাঁচজনের উদ্ধৃতি ব্যবহার করা হয়েছে। এতে বলা হয়, ওই নারী হলেন এনভিডিয়ার স্বাস্থ্যসেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েল।

বুধবার ফোনে হুয়াংয়ের সঙ্গে পাওয়েলের সম্পর্ক নিয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার সঙ্গে সরাসরি কথা বলা উচিত বলে আমি মনে করি না। এরপর তিনি ফোন কেটে দেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এনভিডিয়া ও পাওয়েল তাৎক্ষণিকভাবে এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। রয়টার্সও তাৎক্ষণিকভাবে প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করতে পারেনি। এই প্রতিবেদনগুলো হুয়াংকে ঘিরে চলমান বিতর্ককে আরও তীব্র করেছে। এর সূত্রপাত হয় অ্যালিস হুয়াংয়ের সঙ্গে তার সম্পর্কের তথ্য প্রকাশের মধ্য দিয়ে। অ্যালিস হুয়াং এমন এক নারী, যিনি এনভিডিয়ার চিপ চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠানোর ব্যবস্থা করতে জড়িত ছিলেন বলে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন।

রোববার কর্মীদের উদ্দেশে পাঠানো এক স্মারকলিপিতে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার বিষয়টি স্বীকার করেন হুয়াং। এ জন্য পূর্ণ দায়ভার নেয়ার কথাও জানান তিনি। তবে সম্পর্কটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি। একই দিন এনভিডিয়ার পরিচালনা পর্ষদ তদন্ত শুরু করে। হুয়াং কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার অভিযানের লক্ষ্যবস্তু হয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বাইরের আইনজীবীদের সহায়তায় নিরপেক্ষ পরিচালকরা তদন্তটি তদারক করছেন। সে সময় পরিচালনা পর্ষদ হুয়াংয়ের প্রতি আস্থা প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, অভিযোগগুলো নিয়ে হুয়াংয়ের সঙ্গে তার আলোচনা হয়নি। তবে এনভিডিয়া প্রধানের প্রতি সমর্থন জানিয়ে তাকে সম্মানিত ব্যক্তি বলে অভিহিত করেছেন। ট্রাম্প বলেন, হুয়াং ‘আমাদের দেশের জন্য অসাধারণ কাজ করেছেন’।

চীনা ওই ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্কের অভিযোগ নিয়ে কংগ্রেসের কাছে রুদ্ধদ্বার ব্রিফিং দেয়ার অনুরোধে সাড়া না দিলে তাকে কংগ্রেসের সমন জারির মুখেও পড়তে হতে পারে। ওই নারী বেইজিংয়ের কাছে তথ্য সরবরাহ করতেন বলে অভিযোগ রয়েছে। ১৯৯৩ সালে কার্টিস প্রিম ও ক্রিস মালাচোস্কির সঙ্গে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন হুয়াং। শুরুতে কম্পিউটার গেমের জন্য গ্রাফিকস চিপ তৈরি করে সাফল্য পায় প্রতিষ্ঠানটি। পরে তাদের কুডা সফটওয়্যার প্রসেসরগুলোকে সাধারণ কম্পিউটিংয়ের জন্য উন্মুক্ত করে। পরবর্তী সময়ে এসব প্রসেসর কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।