Image description

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্ট কেন্দ্র করে সৌদি আরবে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কার নাগরিক শিভারাসা অনোজনের বিরুদ্ধে সব আইনি কার্যক্রম বন্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। ফলে মৃত্যুদণ্ডের রায় বাতিলের পর বাকি আইনি জটিলতা থেকেও মুক্তি পেয়েছেন তিনি। এখন তাকে দেশে ফিরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা সরকার। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তার দেশে ফেরার কথা রয়েছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সৌদি আরবের পাবলিক প্রসিকিউশন গত ৯ নভেম্বর অনোজনের বিরুদ্ধে আর কোনো আইনি কার্যক্রম না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্য দিয়ে তার বিরুদ্ধে চলমান সব আইনি প্রক্রিয়ার অবসান হয়েছে।

এর আগে, ফেসবুকে একটি পোস্ট দেওয়ার অভিযোগে গত ১৭ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশের একটি আপিল আদালত অনোজনকে মৃত্যুদণ্ড দেন। সৌদি কর্তৃপক্ষ ওই পোস্টকে আপত্তিকর বলে বিবেচনা করেছিল।

তবে শ্রীলঙ্কার কূটনৈতিক তৎপরতাসহ বিভিন্ন পর্যায়ের হস্তক্ষেপের পর গত ১৪ অক্টোবর সৌদি আদালত তার মৃত্যুদণ্ডের রায় বাতিল করেন। কিন্তু মৃত্যুদণ্ড বাতিল হলেও তার বিরুদ্ধে অন্য কিছু শাস্তি বহাল ছিল। ফলে সম্পূর্ণ মুক্তি নিশ্চিত করতে শ্রীলঙ্কা সরকার সৌদি কর্তৃপক্ষের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ ও তৎপরতা অব্যাহত রাখে।

সৌদি আরবের পাবলিক প্রসিকিউশনের সর্বশেষ সিদ্ধান্তে অনোজনের বিরুদ্ধে বাকি আইনি কার্যক্রমও বন্ধ হলো। এর ফলে তার দেশে ফেরার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকছে না বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী ভিজিথা হেরাথ জানান, অনোজনকে দেশে ফিরিয়ে আনতে শ্রীলঙ্কা সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে তাকে দেশে ফিরিয়ে আনার প্রত্যাশা করছে সরকার।

এদিকে, অনোজনের পরিবারের সদস্যরা আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে তার মুক্তি নিশ্চিত করতে সহযোগিতা করায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সব সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী হেরাথ এ ঘটনার পেছনে প্রেসিডেন্ট দিসানায়েকের দিকনির্দেশনা, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

এ ছাড়া অনোজনের মুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার জন্য সৌদি আরব সরকার ও দেশটির বিচার বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে সৌদি আরব ও শ্রীলঙ্কার কূটনৈতিক কর্মকর্তা এবং মামলায় আইনি সহায়তা দিতে সৌদি আরবে যাওয়া আইনজীবীদের দলকেও ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী।