গোপনে একাধিক চাকরি করে পূর্ণাঙ্গ বেতন তোলার অভিযোগে যুক্তরাজ্যে এক ব্রিটিশ-বাংলাদেশি সরকারি কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। কাশিম চৌধুরী (৫৬) নামের ওই ব্যক্তিকে প্রতারণার ৯টি অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, পূর্ব লন্ডনের বাসিন্দা কাশিম ২০২৩ সালে একসঙ্গে অন্তত পাঁচটি সরকারি চাকরি করেছেন। এর মাধ্যমে তিনি প্রতারণামূলকভাবে সরকারি রাজস্বের দুই লাখ ৮৪ হাজার পাউন্ডেরও বেশি আত্মসাৎ করেছেন।
কাশিমের বিরুদ্ধে ঠাণ্ডা মাথায়, উদ্দেশ্যপ্রণোদিত অসততা এবং প্রচলিত ধারার অপব্যবহারের অভিযোগ আনে প্রসিকিউশন। সাত ঘণ্টা আলোচনার পর জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে কাশিমকে মিথ্যার জন্য আটটি এবং তথ্য গোপন করার একটি—মোট ৯টি প্রতারণার দায়ে দোষী সাব্যস্ত করে।
বিচারক বলেন, কাশিমকে খুবই কঠোর সাজা ভোগ করতে হবে। তিনি আরও জানান, অপরাধের গুরুত্ব এবং অপরাধীর নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর জামিন আবেদন নাকচ করা হয়েছে।
যুক্তরাজ্যের ক্রাউন প্রসিকিউশন সার্ভিসের (সিপিএস) গুরুতর অর্থনৈতিক ও সংগঠিত অপরাধ বিষয়ক বিশেষ প্রসিকিউটর সারাহ মেলো বলেন, কাশিম জানতেন তিনি আইনগতভাবে একই সময়ে একাধিক পূর্ণকালীন পদে থাকতে পারেন না, তবুও গোপনে সেটাই করে যাচ্ছিলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে কাশিম একসঙ্গে আটটি পূর্ণকালীন সরকারি চাকরি করেছেন। এর মাধ্যমে তিনি মোট ৩ লাখ ৫০ হাজার পাউন্ড আয় করেছিলেন।
প্রসিকিউশন আদালতকে জানায়, চাকরির আবেদন ফরম পূরণের সময় তিনি তাঁর কর্মসংস্থান বা চাকরির অবস্থা সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন। তথ্য গোপন করে অন্য সরকারি নিয়োগদাতাদের জানাননি যে তিনি ইতিমধ্যেই সরকারি চাকরি করছেন।
এই প্রতারণা তিনি করতে পেরেছেন বাড়ি থেকে অনলাইনে (রিমোট ওয়ার্ক) কাজ করার সুযোগ নিয়ে। পূর্ব লন্ডনে তাঁর সঙ্গে থাকা ডিমেনশিয়া আক্রান্ত মায়ের দেখাশোনা করার কথা বলে তিনি নিয়োগকর্তাদের কাছ থেকে সম্পূর্ণ বাড়িতে বসে কাজ করার অনুমতি নিয়েছিলেন।
তবে মায়ের দেখাশোনার জন্য কাজের চাপ কমানোর পরিবর্তে তিনি একের পর এক নতুন চাকরি নিতে থাকেন। ২০২৩ সালের বসন্তে তাঁর চাকরি ছিল পরিবেশ, খাদ্য ও গ্রামীণ বিষয়ক বিভাগ (ডেফরা), স্বাস্থ্য ও সামাজিক সেবা বিভাগ, ইউকে হেলথ সিকিউরিটি এজেন্সি, ব্যবসা ও বাণিজ্য বিভাগ, ফুড স্ট্যান্ডার্ডস এজেন্সি এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে।
এই সময়ে তাঁর সাপ্তাহিক কাজের মোট কর্মঘণ্টা দাঁড়ায় ১৮৩ ঘণ্টায়—যা সাত দিনে মোট যত ঘণ্টা থাকে তার চেয়েও বেশি!
২০২৩ সালের সেপ্টেম্বরে সরকারি চাকরি ছেড়ে দেওয়ার পর ২০২৪ সালে সরকারের ন্যাশনাল ফ্রড ইনিশিয়েটিভের তথ্য যাচাইয়ে কাশিমের প্রতারণা শনাক্ত হয়। বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের বেতনসংক্রান্ত তথ্য মিলিয়ে তাঁর একাধিক চাকরির বিষয়টি সামনে আসে।
আদালতে আত্মপক্ষ সমর্থন করে কাশিম বলেন, অতীতে চাকরি হারানোর অভিজ্ঞতা এবং জীবিকা নিয়ে অনিশ্চয়তার কারণে তিনি একাধিক চাকরি নিয়েছিলেন। তবে প্রসিকিউশনের দাবি, তাঁর কর্মকাণ্ড ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত প্রতারণা। সরকারি অর্থ উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।