গাজায় ইসরাইলের সামরিক অভিযান ও বেসামরিক মানুষের ওপর হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকার কঠোর সমালোচনা করেছেন টেক্সাস থেকে নবনির্বাচিত মার্কিন সিনেটর জেমস টলারিকো। তিনি বলেছেন, গাজায় যা ঘটছে, তা একজন শিক্ষক, খ্রিষ্টান ও মানুষ হিসেবে তাকে অসুস্থ করে তোলে। আর এই হত্যাযজ্ঞে যুক্তরাষ্ট্রের ভূমিকার কারণে নিজেকেও এর সঙ্গে সম্পৃক্ত মনে হয় তার। তার মতে, সব মার্কিন নাগরিকেরই এমন অনুভব করা উচিত।
সম্প্রতি অভিনেত্রী ও কৌতুকশিল্পী ইলানা গ্লেজারের উপস্থাপনায় ‘ইটস ওপেন উইথ ইলানা গ্লেজার’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন টলারিকো। ইসরাইল ও যুক্তরাষ্ট্রভিত্তিক ইহুদিবাদী লবিগোষ্ঠী এআইপ্যাকের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কখনো এআইপ্যাকের কাছ থেকে অর্থ নেননি এবং নির্বাচনি প্রচারেও তাদের কাছ থেকে অর্থ নেননি।
সাক্ষাৎকারে গাজা পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তালারিকো বলেন, গাজায় যা ঘটছে, তা দেখে তার পেট অসুস্থ হয়ে যায়। একজন শিক্ষক, খ্রিষ্টান ও মানুষ হিসেবে বিষয়টি তাকে গভীরভাবে নাড়া দেয়।
এই হত্যাযজ্ঞে তার দেশের ভূমিকার কারণে নিজেকে এর সঙ্গে জড়িত মনে হচ্ছে। তিনি বলেন, গাজায় ক্ষুধার্ত শিশুদের দুর্দশার মধ্য দিয়ে যেন সৃষ্টিকর্তা পুরো বিশ্বকে বিবেকের প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছেন।
টলারিকো আরো বলেন, মার্কিন সিনেটর নির্বাচিত হলে গাজায় নৃশংসতা বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ও আর্থিক প্রভাবের সর্বোচ্চ ব্যবহার করবেন। ইসরাইলে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধেরও পক্ষে তিনি।
তার ভাষায়, মৃত্যু ও ধ্বংসযজ্ঞ বন্ধে যুক্তরাষ্ট্রের নৈতিক দায়িত্ব রয়েছে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিশেষ ভূমিকা রাখার সক্ষমতাও রয়েছে। তাই মার্কিন নেতাদের এখন নৈতিক অবস্থান স্পষ্ট করা উচিত।
নেতানিয়াহুর নীতির সমালোচনা, ইসরাইলের নিরাপত্তার পক্ষেও অবস্থান
গাজা নিয়ে টলারিকোর বক্তব্য শুধু পডকাস্টেই সীমাবদ্ধ নয়। সিএনএন ও জুবিলির যৌথ আয়োজনে এক টাউন হল আলোচনায়ও তিনি ইসরাইলের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নীতির সমালোচনা করেন।
ওই আলোচনায় এক রাব্বির প্রশ্নের জবাবে তালারিকো বলেন, ইসরাইলের জনগণের বিরুদ্ধে নয়, তার সমালোচনা নেতানিয়াহুর নীতির বিরুদ্ধে। ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ চালানো, তাদের ওপর সামষ্টিক শাস্তি প্রয়োগ কিংবা মানবিক সহায়তা আটকে রাখার অধিকার নেতানিয়াহুর নেই।
তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরাইলি ও অন্যান্য মানুষের প্রাণহানির বিষয়টিও স্বীকার করেন। একই সঙ্গে ইসরাইলের নিরাপত্তা এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের পক্ষে মত দেন। তার আশা, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত ও রক্তপাতের অবসান ঘটিয়ে অঞ্চলটিতে টেকসই শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
শিক্ষকতা থেকে রাজনীতিতে
৩৭ বছর বয়সি জেমস টলারিকো যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একজন ডেমোক্র্যাট রাজনীতিক। রাজনীতিতে আসার আগে তিনি মধ্যবিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। পরে শিক্ষা নিয়ে কাজ করা একটি অলাভজনক প্রতিষ্ঠানের নেতৃত্ব দেন। ২০১৮ সালে টেক্সাসের অঙ্গরাজ্য আইনসভার প্রতিনিধি নির্বাচিত হন। তিনি টানা চার মেয়াদে দায়িত্ব পালন করেছেন।
টলারিকো অস্টিন প্রেসবিটেরিয়ান থিওলজিক্যাল সেমিনারিতে ধর্মতত্ত্ব বিষয়ে পড়াশোনা করেছেন। খ্রিষ্টীয় মূল্যবোধ, মানবাধিকার, সামাজিক ন্যায়বিচার ও শিক্ষার অধিকার নিয়ে তার বক্তব্যের কারণে তিনি পরিচিতি পেয়েছেন। ধর্মীয় জাতীয়তাবাদেরও সমালোচক তিনি।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনে টেক্সাসের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে পরাজিত করেন টলারিকো। এর মধ্য দিয়ে ১৯৮৮ সালের পর প্রথমবারের মতো টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট মার্কিন সিনেটর নির্বাচিত হলেন। ৩৭ বছর বয়সি এই রাজনীতিকের বিজয়কে অঙ্গরাজ্যটির রাজনীতিতে বড় পরিবর্তন হিসেবে দেখছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। তিনি আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করবেন। সূত্র: সিএনএন, দ্য টেক্সাস ট্রিবিউন ও দ্য গার্ডিয়ান
শীর্ষনিউজ