Image description

ইসরায়েলে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক উত্তেজনার মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট। নেতানিয়াহুর বক্তব্যকে ‘লজ্জাজনক, বিভেদ সৃষ্টিকারী ও বিদ্বেষপূর্ণ’ আখ্যা দিয়ে তিনি বলেছেন, আর এক মিনিটও প্রধানমন্ত্রীর পদে থাকার যোগ্য নন নেতানিয়াহু।

মঙ্গলবার (১০ নভেম্বর) আইজেনকোট বলেন, ‘আমি বসে বিদায়ী প্রধানমন্ত্রীর বিভ্রান্তিকর, বিভেদ সৃষ্টিকারী, ঘৃণায় ভরা ও লজ্জাজনক বক্তব্য শুনেছি। তিনি রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছেন।’

এর কিছুক্ষণ আগেই ইরানের ক্রমবর্ধমান হুমকির মুখে ইসরায়েলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের প্রস্তাব দেন নেতানিয়াহু।

 

ইসরায়েলের নবনির্বাচিত পার্লামেন্টের প্রথম অধিবেশন শেষে দেওয়া বক্তব্যে তিনি সতর্ক করে বলেন, শিগগিরই পারমাণবিক অস্ত্রধারী ইরানকে মেনে নেওয়ার জন্য আন্তর্জাতিক চাপের মুখে পড়তে পারে ইসরায়েল।

নেতানিয়াহু বলেন, ‘খুব শিগগিরই আমরা পারমাণবিক অস্ত্রধারী ইরান এবং আমাদের ধ্বংস করতে চাওয়া এই সন্ত্রাসী শাসনব্যবস্থাকে টিকিয়ে রাখার বিষয়ে আন্তর্জাতিক চাপের মুখোমুখি হব।’

তবে নেতানিয়াহুর বক্তব্যকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা হিসেবে দেখছেন আইজেনকোট। দুই নেতাই এখন ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের লড়াইয়ের কেন্দ্রে রয়েছেন। তবে কারও কাছেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সমর্থন নেই।

ইরানের ধর্মীয় নেতৃত্বের হুমকির কথা তুলে ধরে জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান পুনর্ব্যক্ত করেন নেতানিয়াহু।

গত বছর থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে দুটি বড় ধরনের বোমা হামলা অভিযান চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু ও ট্রাম্প উভয়েই দাবি করেছেন, এসব হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে তেহরান।

এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতিতেও পরিবর্তন এসেছে। গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে হারিয়েছে ডেমোক্র্যাটরা। নির্বাচনে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর একটি ছিল ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে জনঅসন্তোষ।

প্রায় দুই দশক ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা নেতানিয়াহু নিজেও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চাপে রয়েছেন। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা চলছে। দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের মুখোমুখি হতে পারেন তিনি।

পরবর্তী সরকার কে গঠন করবেন, তা এখনো অনিশ্চিত। তবে এর মধ্যেই পার্লামেন্টে বিভিন্ন পরিবর্তনের প্রস্তাব সামনে আনতে শুরু করেছে আইজেনকোট জোট।

সূত্র : এনডিটিভি